প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন দেশটির ক্রাউন প্রিন্স ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমান বিন আবদুল আজিজ আল সৌদ।
সোমবার (১৭ আগস্ট) সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ড. আবদুল্লাহ জাফের এইচ. বিন আবিয়াহ।
সাক্ষাৎকালে সৌদি আরবের ক্রাউন প্রিন্সের পক্ষ থেকে তারেক রহমানকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়ে আনুষ্ঠানিক আমন্ত্রণপত্র হস্তান্তর করেন সৌদি রাষ্ট্রদূত।
বিষয়টি নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সচিব শাহাদাত হোসেন স্বাধীন।
বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে দীর্ঘদিনের দ্বিপাক্ষিক সম্পর্ক রয়েছে। দুই দেশের পারস্পরিক সহযোগিতা ও সম্পর্ক আরও জোরদারের প্রেক্ষাপটে তারেক রহমানকে সৌদি আরব সফরের আমন্ত্রণকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।
সৌদি আরবের ক্রাউন প্রিন্স ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমানের এই আমন্ত্রণের মাধ্যমে বাংলাদেশ-সৌদি সম্পর্কের নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হতে পারে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।