জাতিসংঘের আল-কায়েদা বিষয়ক প্রতিবেদন অনুমাননির্ভর: স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশে আল-কায়েদার তৎপরতা নিয়ে জাতিসংঘের প্রকাশিত প্রতিবেদনটি সম্পূর্ণ অনুমাননির্ভর বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। সোমবার সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমি শুনেছি, সেটা (জাতিসংঘের প্রতিবেদন) পড়িনি। ওখানে হয়তো কিছু পর্যবেক্ষণ থাকতে পারে, তবে আমি না দেখে এ বিষয়ে বিস্তারিত কিছু বলতে পারবো না।’ সরকার এই প্রতিবেদনটি আমলে নিচ্ছে কি না এমন প্রশ্নের জবাবে তিনি স্পষ্ট করে বলেন, ‘আমরা আমলে নিচ্ছি না। রিপোর্টও এখনো পড়িনি। তাছাড়া পত্রিকা থেকে যতটুকু জেনেছি, সেখানে বলা হয়েছে তারা অনুমান করেছে যে এ রকম হতে পারে। অনুমাননির্ভর কোনো রিপোর্টের ওপর ভিত্তি করে আমরা কোনো সিদ্ধান্ত নিতে পারি না।’

এর আগে বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নেয়ার পর বিভিন্ন খাতে সরকারের অর্জন তুলে ধরেন তিনি। গত ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তিনি বলেন, আইনশৃঙ্খলা নিয়ে সন্তুষ্টির বিষয়টি জনগণই বলবে। আমরা সবসময়ই দাবি করব যে আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নত করতে পেরেছি, তবে জনগণের প্রত্যাশা অনুযায়ী তা পুরোপুরি উন্নীত করতে আরও সময়ের প্রয়োজন। তিনি আরও বলেন, ১৮০ দিনের মধ্যে সরকারের বাস্তবায়িত এবং যেগুলো শুরু করেছে, ইনিশিয়েটেড অনেক কর্মসূচি প্রশংসিত হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমরা একটি সংকটময় মুহূর্ত খুব সফলতার সাথে মোকাবেলা করেছি। আমাদের এখন মাত্র ছয় মাস পার হলো এবং এর মধ্যে আমরা অনেক সংস্কার কাজ সম্পন্ন করেছি। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রশংসনীয় বিভিন্ন উদ্যোগ আপনারা দেখতে পেয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *