ইবিতে ছাত্রদলের বিক্ষোভ মিছিল, নিষিদ্ধ সংগঠনের বিরুদ্ধে স্লোগান

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগ ও ছাত্রলীগের বিভিন্ন অপতৎপরতার বিরুদ্ধে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্রদল একটি বিক্ষোভ মিছিল আয়োজন করেছে। সোমবার দুপুর ২টার দিকে বিশ্ববিদ্যালয়ের অনুষদ ভবনের সামনে থেকে মিছিলটি শুরু হয়ে ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে। মিছিল শেষে নেতাকর্মীরা প্রশাসন ভবনের সামনে অবস্থান নিয়ে ফ্যাসিবাদবিরোধী বিভিন্ন স্লোগান দেন এবং সেখানে মহড়া প্রদর্শন করেন।

বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত ছিলেন ইবি শাখা ছাত্রদলের আহ্বায়ক মাসুদ রুমি মিথুন, সদস্য সচিব রাফিজ আহমেদ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আনোয়ার পারভেজ এবং সাবেক সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম। এছাড়া আহ্বায়ক কমিটির অন্যান্য যুগ্ম আহ্বায়ক ও সদস্যরাও এতে অংশ নেন। এ সময় নেতাকর্মীরা ক্যাম্পাসের নিরাপত্তা নিশ্চিত করা এবং ফ্যাসিবাদী শক্তির বিরুদ্ধে কঠোর অবস্থানের দাবি জানান।

মিছিল চলাকালে ছাত্রদলের পক্ষ থেকে ‘জিয়ার সৈনিক, এক হও দেশ গড়’, ‘নিরাপদ ক্যাম্পাস, ছাত্রদলের অঙ্গীকার’, ‘খুনি হাসিনার বিচার চাই’ এবং নিষিদ্ধ সংগঠনগুলোর বিরুদ্ধে ‘ডাইরেক্ট অ্যাকশন’সহ বিভিন্ন স্লোগান দেওয়া হয়। এছাড়া ভারত ও শেখ হাসিনাকে নিয়ে বিভিন্ন রাজনৈতিক দাবি সংবলিত স্লোগানও শোনা যায়।

সমাবেশ শেষে ছাত্রদল আহ্বায়ক মাসুদ রুমি মিথুন তার বক্তব্যে বলেন, যেসব ফ্যাসিস্ট শিক্ষক বর্তমানে দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করছেন, তাদের অবিলম্বে চিহ্নিত করে গ্রেফতার ও চাকরিচ্যুত করতে হবে। তিনি আরও হুঁশিয়ারি দিয়ে বলেন, ইসলামী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কোনোভাবেই ফ্যাসিস্ট শিক্ষক ও নিষিদ্ধ ছাত্রলীগের জায়গা হবে না এবং এই দেশেও তাদের কোনো ঠাঁই নেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *