তিন দিনের সরকারি সফরে নেপালে অবস্থান করছেন ভারতের সেনাপ্রধান জেনারেল ধীরাজ শেঠ। নেপালি সেনাপ্রধান জেনারেল অশোক রাজ সিগদেলের আমন্ত্রণে ১৭ আগস্ট শুরু হওয়া এই সফর চলবে ১৯ আগস্ট পর্যন্ত। সফরের দ্বিতীয় দিনে সোমবার নেপালের প্রেসিডেন্ট রামচন্দ্র পৌডেল ভারতীয় সেনাপ্রধানকে নেপালি সেনাবাহিনীর সম্মানসূচক ‘জেনারেল’ পদমর্যাদায় ভূষিত করেন। নেপালে নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূত নবীন শ্রীবাস্তব সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এই তথ্য নিশ্চিত করে জানান, দুই দেশের সেনাবাহিনীর দীর্ঘদিনের অনন্য ঐতিহ্যের অংশ হিসেবেই এই সম্মাননা প্রদান করা হয়েছে।
ভারত ও নেপালের সেনাপ্রধানদের একে অপরকে সম্মানসূচক জেনারেল পদমর্যাদা দেওয়ার এই রীতি ১৯৫০ সাল থেকে চলে আসছে। দুই দেশের সশস্ত্র বাহিনীর মধ্যকার ঘনিষ্ঠ ও ঐতিহাসিক সম্পর্কের প্রতীক হিসেবে এই সামরিক প্রথাকে দেখা হয়। এই সফর দুই দেশের প্রতিরক্ষা ও সামরিক সম্পর্ককে আরও সুদৃঢ় করার লক্ষ্যেই পরিচালিত হচ্ছে। ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ভাষ্য অনুযায়ী, দুই দেশের সম্পর্ক গভীর ঐতিহাসিক ও সাংস্কৃতিক বন্ধনের ওপর প্রতিষ্ঠিত, যা প্রায়ই ‘রোটি-বেটি কা রিশতা’ হিসেবে বর্ণনা করা হয়।
এর আগে রোববার পাঁচ সদস্যের প্রতিনিধিদল নিয়ে কাঠমান্ডু পৌঁছালে জেনারেল ধীরাজ শেঠকে ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে স্বাগত জানান নেপালি সেনাবাহিনীর ভাইস চিফ অব আর্মি স্টাফ লেফটেন্যান্ট জেনারেল প্রদীপ জং কে.সি.। কাঠমান্ডুতে পৌঁছানোর পর তিনি ভারতীয় রাষ্ট্রদূত নবীন শ্রীবাস্তবের সঙ্গে সাক্ষাৎ করেন। সোমবার নেপালি সেনাবাহিনীর সদর দপ্তরে পৌঁছালে তাকে আনুষ্ঠানিক গার্ড অব অনার প্রদান করা হয়। একই দিন তিনি টুন্ডিখেলের আর্মি প্যাভিলিয়নে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন।
সফরের বাকি সময়গুলোতে জেনারেল শেঠ নেপালি সেনাপ্রধান জেনারেল অশোক রাজ সিগদেলের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে মিলিত হবেন। এছাড়া নেপালি সেনাবাহিনীর ডিরেক্টর জেনারেল অব মিলিটারি অপারেশনসের কাছ থেকে পারস্পরিক কৌশলগত স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে বিস্তারিত ব্রিফিং নেওয়ার কথা রয়েছে তার। প্রশিক্ষণ, সামরিক বিনিময় এবং প্রতিরক্ষা সহযোগিতাসহ বিভিন্ন ক্ষেত্রে দুই দেশের সেনাবাহিনীর মধ্যে দীর্ঘদিনের ঘনিষ্ঠ সম্পর্ক বিদ্যমান, যা এই সফরের মাধ্যমে আরও বেগবান হবে বলে আশা করা হচ্ছে।