মাদকসহ গ্রেপ্তার রাবি ছাত্রদল নেতা হাসিবুর রহমান

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক হাসিবুর রহমান হাসিবকে মাদকসহ গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার বিকেলে নগরীর চোদ্দপাইয়ের মিজানের মোড় এলাকা থেকে তাকে আটক করা হয়।

মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ গোলাম কবির বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গোপন তথ্যের ভিত্তিতে এসআই রিপন কুমারের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে হাসিবকে গ্রেপ্তার করে এবং তার কাছ থেকে ট্যাপেন্টাডল নামক ওপিওয়েড জাতীয় মাদক উদ্ধার করা হয়।

হাসিবের বিরুদ্ধে এর আগেও নানা অভিযোগ রয়েছে। চাঁদাবাজির অডিও রেকর্ড ফাঁস হওয়ার পর ২০২৪ সালের অক্টোবরে তাকে দলীয় পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছিল, যদিও পরবর্তীতে সেই সিদ্ধান্ত স্থগিত করা হয়।

এরপর গত বছরের জুন মাসে তার বিরুদ্ধে চাঁদাবাজি এবং চলতি বছরের এপ্রিল মাসে এক শিক্ষার্থীকে ছুরিকাঘাতের অভিযোগ ওঠে। এসব ঘটনার প্রেক্ষিতে গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হলে গত ১১ জুলাই তিনি বিডিনিউজটোয়েন্টিফোর ডটকম, দ্য ডেইলি ক্যাম্পাস, সকালের বুলেটিন ও এনটিভি অনলাইনের সম্পাদকসহ ভুক্তভোগী শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা দায়ের করেন।

হাসিবের গ্রেপ্তার প্রসঙ্গে রাবি শাখা ছাত্রদলের সভাপতি সুলতান আহমেদ রাহী জানিয়েছেন, পুলিশ যদি মাদক সেবন বা কারবারে তার সম্পৃক্ততার বিষয়টি নিশ্চিত করে, তবে সংগঠনের পক্ষ থেকে তার বিরুদ্ধে যথাযথ সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

অন্যদিকে, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মাহবুবুর রহমান জানিয়েছেন, পুরো বিষয়টি বিশ্ববিদ্যালয় প্রশাসন তদন্ত করে দেখবে। অভিযোগের সত্যতা পাওয়া গেলে বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *