ইয়েমেনের তাইজ প্রদেশে গত তিন দিন ধরে সরকারি বাহিনীর সঙ্গে তীব্র লড়াইয়ে অন্তত ২৭ জন হুথি বিদ্রোহী নিহত হয়েছে। শুক্রবার (১৫ আগস্ট) ইয়েমেনের সরকারি বাহিনী এই তথ্য নিশ্চিত করেছে। সংঘর্ষের এই ঘটনায় আরও ১৯ জন বিদ্রোহী আহত হয়েছে বলে জানানো হয়েছে।
ইয়েমেনের সেনারা জানিয়েছে, হুথিরা ভারী অস্ত্র ও ড্রোন ব্যবহার করে তাদের ওপর একটি বড় হামলার পরিকল্পনা করেছিল। কিন্তু সরকারি বাহিনী আগে থেকেই বিষয়টি টের পেয়ে পাল্টা হামলা চালায় এবং হুথিদের পিছু হটতে বাধ্য করে। লড়াইয়ের সময় হুথিদের বেশ কিছু সামরিক গাড়িও ধ্বংস করা হয়েছে।
এছাড়া সরকারি বাহিনী অভিযোগ করেছে যে, হুথিরা ইয়েমেনের পশ্চিম উপকূলে এবং মোকা বন্দরে ৩৬টি মিসাইল ও ৪২টি ড্রোন নিক্ষেপ করেছে। তবে এর মধ্যে ১১টি লক্ষ্যবস্তুতে আঘাত হানার আগেই মাঝপথে ধ্বংস করে দেওয়া হয়েছে। হুথিরা একটি স্কুল ও মসজিদেও হামলা চালিয়েছে বলে জানা গেছে, তবে সেখানে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। এসব বিষয়ে হুথি বিদ্রোহীদের পক্ষ থেকে সরাসরি কোনো মন্তব্য পাওয়া যায়নি। তবে ইয়েমেনের সরকারি টিভি চ্যানেল জানিয়েছে, গত ১০ দিনে হুথিরা তাদের ৫৭ জন নিহত যোদ্ধার দাফন সম্পন্ন করেছে।
উল্লেখ্য, ইয়েমেনে প্রায় ১২ বছর ধরে সরকারি বাহিনী ও হুথিদের মধ্যে এই যুদ্ধ চলছে। ২০১৪ সালে হুথিরা রাজধানী সানাসহ বড় একটি অংশের নিয়ন্ত্রণ নেওয়ার পর এই সংঘাত চরমে পৌঁছায়। ২০২২ সালের পর থেকে পরিস্থিতি কিছুটা শান্ত থাকলেও সম্প্রতি দেশের বিভিন্ন জায়গায় আবারও নতুন করে লড়াই শুরু হয়েছে। সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।