বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩
বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩

প্রতিবন্ধীদের কর্মসংস্থানে বেসরকারি খাতের সক্রিয় ভূমিকা নিশ্চিত করতে চায় কাতার চেম্বার

অনলাইন ডেস্ক প্রকাশিত: সোমবার, ১৭ আগস্ট, ২০২৬
প্রতিবন্ধীদের কর্মসংস্থানে বেসরকারি খাতের সক্রিয় ভূমিকা নিশ্চিত করতে চায় কাতার চেম্বার

কাতারের শ্রমবাজারে প্রতিবন্ধী ব্যক্তিদের অর্থনৈতিক ও সামাজিক ক্ষমতায়ন এবং কর্মসংস্থান নিশ্চিত করতে বেসরকারি খাতের সক্রিয় ভূমিকার অঙ্গীকার করেছে কাতার চেম্বার।

কাতারের শ্রমবাজারে প্রতিবন্ধী ব্যক্তিদের অর্থনৈতিক ও সামাজিক ক্ষমতায়ন বৃদ্ধি এবং দেশের টেকসই উন্নয়নে বেসরকারি খাতের সক্রিয় ভূমিকা নিশ্চিত করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে ‘কাতার চেম্বার’। কাতার চেম্বারের চেয়ারম্যান মহামান্য শেখ খলিফা বিন জসিম আল-থানি জানিয়েছেন, দোহায় অনুষ্ঠিতব্য ‘চতুর্থ গ্লোবাল ডিসএবিলিটি সামিট ২০২৮’ আয়োজনের প্রস্তুতির প্রাক্কালে এই দৃষ্টিভঙ্গিটি বিশেষ গুরুত্ব পাচ্ছে। তিনি উল্লেখ করেন, ২০২৮ সালের এই বৈশ্বিক সম্মেলন আয়োজন সবার জন্য সমান সুযোগ তৈরির ক্ষেত্রে আন্তর্জাতিক অঙ্গনে কাতারের নেতৃত্বশীল অবস্থানকে নতুনভাবে তুলে ধরবে। প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার প্রতিষ্ঠা ও তাদের সমাজে অন্তর্ভুক্ত করার ক্ষেত্রে কাতার সরকারের উদ্যোগগুলোর ভূয়সী প্রশংসা করেন তিনি।

কাতার সরকার বর্তমানে প্রচলিত সহানুভূতি বা আর্থিক সহায়তার গণ্ডি পেরিয়ে প্রতিবন্ধী ব্যক্তিদের প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ, পুনর্বাসন এবং দক্ষতা উন্নয়নের মাধ্যমে সরাসরি কর্মসংস্থানে সম্পৃক্ত করছে। আন্তর্জাতিক দৃষ্টিভঙ্গির সুষম সমন্বয় ঘটিয়ে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের সকল বাধা দূর করে তাদের অর্থপূর্ণ মানবসম্পদে রূপান্তরিত করার লক্ষ্যে এই কার্যক্রম পরিচালিত হচ্ছে। প্রতিবন্ধী ব্যক্তিদের ক্ষমতায়নে কাতারের বেসরকারি খাতকে অন্যতম প্রধান অংশীদার হিসেবে আখ্যা দিয়েছে কাতার চেম্বার। কেবল সাধারণ নিয়োগ প্রদানের মধ্যেই সীমাবদ্ধ না থেকে একটি পূর্ণাঙ্গ সুগম ও মানসম্মত কর্মপরিবেশ গড়ে তোলার ওপর জোর দিচ্ছে সংস্থাটি।

এই লক্ষ্য বাস্তবায়নে চেম্বার তিনটি বিশেষ পদক্ষেপে গুরুত্ব আরোপ করেছে: প্রশিক্ষণ ও দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে শারীরিক বা মানসিক চ্যালেঞ্জ থাকা ব্যক্তিদের জন্য ধারাবাহিক ভোকেশনাল প্রশিক্ষণ, উপযুক্ত মানবসম্পদ উন্নয়ন ও পুনর্বাসন কর্মসূচি গ্রহণ করা। এছাড়া, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের কর্মসংস্থানের জন্য স্বেচ্ছাসেবী উদ্যোগ’-এর মাধ্যমে সংশ্লিষ্ট সামাজিক সংস্থা ও বেসরকারি কর্পোরেট প্রতিষ্ঠানগুলোর মধ্যে শক্তিশালী সংযোগ তৈরি করা। পাশাপাশি, ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলোকে অন্তর্ভুক্তিমূলক কর্মপরিবেশ তৈরিতে উদ্বুদ্ধ করা এবং কোনো বৈষম্য ছাড়া যোগ্যতার ভিত্তিতে উপযুক্ত পদে নিয়োগ বিধানে উৎসাহিত করার ওপর জোর দেওয়া হয়েছে।

কাতার চেম্বারের এই জোরালো অবস্থান ও বাস্তবমুখী পরিকল্পনা প্রতিবন্ধী নাগরিকদের স্বাবলম্বী করে তোলার পাশাপাশি ‘কাতার ন্যাশনাল ভিশন ২০৩০’-এর সামাজিক ও মানব উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে বড় ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে। এই উদ্যোগের মাধ্যমে প্রতিবন্ধী ব্যক্তিদের কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধির পাশাপাশি তাদের সামাজিক মর্যাদা ও অর্থনৈতিক স্বাধীনতা নিশ্চিত করার পথ প্রশস্ত হবে। কাতার চেম্বার মনে করে, বেসরকারি খাতের এই অংশগ্রহণ দেশের সামগ্রিক অর্থনৈতিক প্রবৃদ্ধিতে নতুন মাত্রা যোগ করবে এবং একটি অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনে সহায়ক হবে।

দুর্গাপূজায় স্বপন মল্লিকের শুভেচ্ছা ও মণ্ডপ পরিদর্শন

বিশেষ প্রতিবেদক, সিলেট থেকে প্রকাশিত: রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬, ৩:১২ এম
দুর্গাপূজায় স্বপন মল্লিকের শুভেচ্ছা ও মণ্ডপ পরিদর্শন

শারদীয় দুর্গাপূজা ২০২৬ উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীসহ দেশ-বিদেশে অবস্থানরত সর্বস্তরের মানুষের প্রতি আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন ফুলতলা ইউনিয়নের ইউপি সদস্য ও সমাজসেবক স্বপন মল্লিক। মহাসপ্তমীর দিন তিনি ফুলতলা ইউনিয়নের বিভিন্ন পূজামণ্ডপ সরেজমিনে পরিদর্শন করেন।

পরিদর্শনকালে তিনি পূজার সার্বিক পরিবেশ পর্যবেক্ষণ করেন এবং নিরাপত্তার দায়িত্বে থাকা বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), আনসার ও গ্রাম পুলিশের সদস্যদের সঙ্গে কথা বলেন।

এ সময় পূজামণ্ডপে উপস্থিত পূজারি ও ভক্তদের সঙ্গে শারদীয় শুভেচ্ছা বিনিময় করেন।

পূজামণ্ডপের নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণ

মণ্ডপ পরিদর্শনের সময় স্বপন মল্লিক নিরাপত্তার দায়িত্বে থাকা সদস্যদের সঙ্গে কথা বলে সার্বিক পরিস্থিতির খোঁজ নেন।

দুর্গোৎসব নির্বিঘ্নে উদযাপনে নিরাপত্তা ও শান্তিপূর্ণ পরিবেশের গুরুত্ব তুলে ধরেন তিনি।

পূজারি ও ভক্তদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়

পরিদর্শনকালে তিনি পূজামণ্ডপে উপস্থিত পূজারি, ভক্ত ও স্থানীয় মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন।

এ সময় উৎসবের আনন্দ সবার মধ্যে ছড়িয়ে পড়ুক—এমন প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।

দুর্গাপূজা সম্প্রীতির প্রতীক: স্বপন মল্লিক

স্বপন মল্লিক বলেন, “দুর্গাপূজা আমাদের আনন্দ ও সম্প্রীতির প্রতীক।

সনাতন ধর্মাবলম্বী ভাই-বোনেরা যাতে অত্যন্ত সুন্দর ও শান্তিপূর্ণ পরিবেশে পূজা উদযাপন করতে পারেন, সে জন্য আমরা সব সময় পাশে আছি।”

তিনি শারদীয় দুর্গোৎসব উপলক্ষে সবার সুখ, শান্তি ও মঙ্গল কামনা করেন।

স্থানীয় ব্যক্তিবর্গের উপস্থিতি

পূজামণ্ডপ পরিদর্শনের সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, পূজা উদযাপন ফ্রন্টের নেতৃবৃন্দ এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

স্বপন মল্লিক ফুলতলা ইউনিয়ন পরিষদের ১ নম্বর ওয়ার্ডের সদস্য। তিনি ফুলতলা ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এবং বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের ৭ নম্বর ফুলতলা ইউনিয়ন শাখার সভাপতি হিসেবেও দায়িত্বহিসেবেও দায়িত্ব পালন করছেন।

অবৈধ অভিবাসনে কঠোর সরকার, ৪৯ এজেন্সির লাইসেন্স বাতিল

বাংলাভিউ প্রতিবেদক প্রকাশিত: বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬, ৩:০২ এম
অবৈধ অভিবাসনে কঠোর সরকার, ৪৯ এজেন্সির লাইসেন্স বাতিল

বৈধ পথে কর্মী পাঠাতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ এবং অবৈধ অভিবাসনের বিষয়ে কঠোর অবস্থানে রয়েছে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী। তিনি বলেন, অবৈধ অভিবাসনসহ বিভিন্ন অপরাধ ও অনিয়মে জড়িত ৪৯টি রিক্রুটিং এজেন্সির লাইসেন্স ইতোমধ্যে বাতিল করা হয়েছে।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত ও হেড অব ডেলিগেশন মাইকেল মিলারের সঙ্গে সৌজন্য সাক্ষাতে এসব কথা বলেন মন্ত্রী। কয়েকটি এজেন্সির অফিস সিলগালা করা হয়েছে এবং আইনভঙ্গকারীদের বিরুদ্ধে নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনার নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান তিনি।

৪৯ এজেন্সির লাইসেন্স বাতিল

মন্ত্রী জানান, বৈধ অভিবাসন বিষয়ে জনসচেতনতা বাড়াতে অভিবাসনসংশ্লিষ্ট ব্যক্তি, সংস্থা ও সাংবাদিকদের নিয়ে শিগগিরই গোলটেবিল বৈঠকের আয়োজন করা হবে। মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. সাইফুল হক চৌধুরী বলেন, রিক্রুটিং এজেন্সি বাছাই ও নিয়ন্ত্রণে সুনির্দিষ্ট মানদণ্ড রয়েছে। এজেন্সিগুলোর কার্যক্রম সরেজমিনে পরিদর্শনের জন্য একাধিক কমিটিও গঠন করা হয়েছে।

বৈঠকে ইইউ রাষ্ট্রদূত বাংলাদেশের জনশক্তি রপ্তানি ও রেমিট্যান্সে ইউরোপীয় ইউনিয়নের ভূমিকার কথা তুলে ধরেন। আগামী পাঁচ বছরে এক কোটি কর্মী বিদেশে পাঠানোর সরকারের লক্ষ্য নিয়েও তিনি আলোচনা করেন। একই সঙ্গে বেশি কর্মী পাঠানো এজেন্সিগুলোর লাইসেন্স প্রদান ও নিয়ন্ত্রণ প্রক্রিয়া সম্পর্কে জানতে চান।

বৈধ অভিবাসনে ইইউর সহযোগিতা

মাইকেল মিলার নৈতিক অভিবাসন উৎসাহিত করা এবং উচ্চ ব্যয়ে বিদেশ যাওয়ার প্রবণতা কমাতে বাংলাদেশের সঙ্গে যৌথভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করেন। বাংলাদেশি কর্মীরা যাতে বৈধ উপায়ে ইউরোপে প্রবেশ করতে পারেন, সে লক্ষ্যে ‘ট্যালেন্ট পার্টনারশিপ’সহ বিভিন্ন উদ্যোগে কাজ করার কথা জানান তিনি।

ইইউ বাংলাদেশে ইউরোপিয়ান ট্রেনিং ফাউন্ডেশনের কার্যক্রম এবং বিদেশফেরত কর্মীদের সামাজিক ও অর্থনৈতিক পুনর্বাসনে সহযোগিতা অব্যাহত রাখার কথাও জানিয়েছে। ইতালির সঙ্গে চলমান বৈধ অভিবাসন কার্যক্রমে সচেতনতা বাড়াতে ইইউকে প্রকল্প নেওয়ার আহ্বান জানানো হয়।

শ্রম আইন নিয়েও আলোচনা

বৈঠকে শ্রম আইন সংস্কারের বিভিন্ন বিষয় উঠে আসে। ট্রেড ইউনিয়ন বা সংগঠন গঠনের স্বাধীনতা, ইপিজেড আইনের সঙ্গে সাধারণ শ্রম আইনের সামঞ্জস্য, শিশুশ্রম নির্মূল এবং নিয়মিত কারখানা পরিদর্শনের ওপর গুরুত্ব দেন ইইউ রাষ্ট্রদূত।

বিদেশফেরত কর্মীদের পুনর্বাসনে বিশ্বব্যাংকের অর্থায়নে পরিচালিত রেইজ প্রকল্পের কার্যক্রমও সচল রয়েছে বলে মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে।

আরও পড়ুন

বাংলাদেশ থেকে ১০ হাজার কৃষক ও মৎস্যজীবী নেবে ওমান

সর্বশেষ প্রবাস ও জাতীয় খবর পেতে দৈনিক বাংলাভিউয়ের X পেজে যুক্ত থাকুন।

দুই দফা বরখাস্ত হয়েছিলেন মালা খান, এবার অডিটে নতুন আপত্তি

বাংলাভিউ প্রতিবেদক প্রকাশিত: বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬, ২:৫৭ এম
দুই দফা বরখাস্ত হয়েছিলেন মালা খান, এবার অডিটে নতুন আপত্তি

বাংলাদেশ রেফারেন্স ইনস্টিটিউট ফর কেমিক্যাল মেজারমেন্টসের (বিআরআইসিএম) প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা মালা খানের নিয়োগ নিয়ে দীর্ঘদিনের আইনি বিরোধের মধ্যেই নতুন করে অডিট আপত্তি উঠেছে। অডিট প্রতিবেদনে বলা হয়েছে, প্রয়োজনীয় যোগ্যতা ও অভিজ্ঞতা ছাড়া নিয়োগের কারণে সরকারের বেতন-ভাতা বাবদ ১ কোটি ৫ লাখ টাকার বেশি আর্থিক ক্ষতি হয়েছে। প্রতিষ্ঠানটির আরও কয়েকটি খাতে অনিয়মসহ মোট ৪ কোটি ৬১ লাখ টাকার আপত্তি তোলা হয়েছে।

ডাক, টেলিযোগাযোগ, বিজ্ঞান, তথ্য ও প্রযুক্তি অডিট অধিদপ্তরের ২০২৪-২৫ অর্থবছরের কমপ্লায়েন্স অডিটে এসব আপত্তি উঠে আসে। ২৮ মার্চ থেকে ২ এপ্রিল পর্যন্ত বিআরআইসিএমের কার্যক্রম পর্যালোচনায় মোট ১৩টি আপত্তি দেওয়া হয়। এর মধ্যে ছয়টি গুরুতর আর্থিক অনিয়ম এবং সাতটি সাধারণ আর্থিক অনিয়ম হিসেবে উল্লেখ করা হয়েছে।

মালা খানের নিয়োগ নিয়ে যে প্রশ্ন

অডিট প্রতিবেদনের তথ্য অনুযায়ী, প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা পদে বিজ্ঞানে ডক্টরেটের পাশাপাশি ডিগ্রি অর্জনের পর ১৪ বছরের গবেষণা অভিজ্ঞতা ও বিশেষ অবদানের শর্ত ছিল। ২০১৫ সালের বাছাই কমিটি প্রয়োজনীয় গবেষণা অভিজ্ঞতার প্রমাণ না পাওয়ায় মালা খানের আবেদন বাতিলের সুপারিশ করেছিল।

পরে তাঁর পিএইচডি ডিগ্রি প্রদানকারী প্রতিষ্ঠানটির অনুমোদন নিয়েও প্রশ্ন ওঠে। ২০১৬ সালে বিসিএসআইআরের ডিপিসি-১ তাঁকে নিয়োগের সুপারিশ করলেও বোর্ড তা নাকচ করে। এরপর ২০১৭ সালে তিনি হাইকোর্টে রিট করেন। হাইকোর্ট তাঁর পক্ষে রায় দিলেও পরে আপিল বিভাগ ওই রায়ের কার্যকারিতা স্থগিত করেন। মামলাটি এখনো চূড়ান্ত নিষ্পত্তি হয়নি বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

দুই দফা বরখাস্তের তথ্য

নিয়োগসংক্রান্ত তদন্তে অনিয়মের অভিযোগের পর ২০২৫ সালের ২৫ মে মালা খানকে সাময়িক বরখাস্ত করা হয়েছিল বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। পরে আদালতের স্থগিতাদেশের কারণে সেই সিদ্ধান্ত কার্যকর থাকা নিয়ে জটিলতা তৈরি হয়।

এর আগে ২০২২ সালে একটি প্রকল্পের অর্থ ব্যবস্থাপনা নিয়ে তদন্তের পরও তাঁকে বরখাস্ত করা হয়েছিল বলে বিআরআইসিএম সূত্রের বরাতে প্রতিবেদনে বলা হয়েছে। ওই আদেশের বিরুদ্ধেও রিট করে স্থগিতাদেশ নেওয়ার তথ্য রয়েছে।

অডিট আপত্তির বিষয়ে বিআরআইসিএমের মহাপরিচালক মো. ইফতেখার আহমেদ চৌধুরী বলেছেন,

আপত্তিগুলোর জবাব তথ্যপ্রমাণ সংগ্রহ করে দিতে হবে এবং পরে অডিট অধিদপ্তর তা যাচাই করবে। মালা খানও তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ সত্য নয় বলে জানিয়েছেন।

অডিট আপত্তির জবাব চাওয়া হয়েছে

অডিট অধিদপ্তর বিআরআইসিএমের কাছে আপত্তিগুলোর জবাব চেয়েছে। ফলে নিয়োগের যোগ্যতা, বেতন-ভাতা প্রদান এবং অন্যান্য আর্থিক অনিয়মের বিষয়ে প্রতিষ্ঠানের নথিপত্র ও ব্যাখ্যা পর্যালোচনার পর পরবর্তী সিদ্ধান্ত আসতে পারে।

আরও পড়ুন

সর্বশেষ অনুসন্ধানী ও জাতীয় খবর পেতে দৈনিক বাংলাভিউয়ের X পেজে যুক্ত থাকুন।