রাজধানী ঢাকায় নারীদের যাতায়াত নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় করতে বিশেষ বাস সার্ভিস চালু করতে যাচ্ছে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন (বিআরটিসি)। সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের অংশ হিসেবে নেওয়া এই উদ্যোগের আওতায় গোলাপি রঙের বাসগুলোতে চালক ও কন্ডাক্টর হিসেবে দায়িত্ব পালন করবেন নারীরাই।
এর মাধ্যমে পরিবহন খাতে নারীদের কর্মসংস্থানের সুযোগও বৃদ্ধি পাবে। আগামী মঙ্গলবার সকাল ১০টায় রাজধানীর তেজগাঁওয়ে বিআরটিসির ঢাকা ট্রাক ডিপো প্রাঙ্গণে এই বিশেষ সার্ভিসের আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে।
রোববার (১৬ আগস্ট) বিআরটিসির পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। উদ্বোধনের পর থেকেই নির্ধারিত রুটে বাসগুলো চলাচল শুরু করবে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম। বিশেষ অতিথি হিসেবে থাকবেন রেলপথ মন্ত্রণালয় এবং সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ।
এছাড়া অনুষ্ঠানে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব মোহাম্মদ জিয়াউল হক উপস্থিত থাকবেন এবং বিআরটিসির চেয়ারম্যান আবদুল লতিফ মোল্লা সভাপতিত্ব করবেন।