সৌদি আরবের রিয়াদের উত্তরে মালহামে অবস্থিত সৌদি ফ্যালকনস ক্লাবের সদর দপ্তরে সম্প্রতি ষষ্ঠ আন্তর্জাতিক ফ্যালকন ব্রিডার্স নিলাম অনুষ্ঠিত হয়েছে। এই নিলামে কানাডার একটি খামার থেকে আনা দুটি বাজপাখি মোট ১৪ লাখ ৫০ হাজার সৌদি রিয়ালে বিক্রি হয়েছে। এর মধ্যে একটি ‘সুপার হোয়াইট’ মটলড জিরফ্যালকন ছানা ১৩ লাখ রিয়ালে বিক্রি হয়, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪ কোটি ৩৫ লাখ টাকার সমান। এটি ২০২৬ সালের নিলামে সর্বোচ্চ দামে বিক্রি হওয়া পাখি এবং সামগ্রিকভাবে নিলামের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ দামের রেকর্ড।
নিলামে তোলা প্রথম বাজপাখিটি ছিল একটি খাঁটি জিরফ্যালকন ছানা। ৪০ হাজার রিয়াল থেকে এর দর হাঁকা শুরু হলেও শেষ পর্যন্ত তা ১ লাখ ৫০ হাজার রিয়ালে গিয়ে ঠেকে। অন্যদিকে, দ্বিতীয় পাখি অর্থাৎ ‘সুপার হোয়াইট’ মটলড জিরফ্যালকন ছানাটির নিলাম শুরু হয়েছিল ২ লাখ রিয়াল থেকে। ক্রেতাদের মধ্যে তীব্র প্রতিযোগিতার পর এটি ১৩ লাখ রিয়ালে বিক্রি হয়।
উল্লেখ্য, নিলামের ইতিহাসে সর্বোচ্চ দামের রেকর্ডটি এখনো ২০২১ সালের দখলে রয়েছে। সে বছর প্রথমবারের মতো আয়োজিত এই নিলামে একটি ‘আল্ট্রা হোয়াইট’ জিরফ্যালকন ছানা ১৭ লাখ ৫০ হাজার রিয়ালে বিক্রি হয়েছিল।
সৌদি ফ্যালকনস ক্লাব আয়োজিত এই নিলামের মূল উদ্দেশ্য হলো সৌদি আরবের ঐতিহ্যবাহী বাজপাখি শিকার ও পালনের সংস্কৃতিকে বিশ্বব্যাপী তুলে ধরা এবং সংরক্ষণ করা। এই আয়োজনে সৌদি আরবসহ বিশ্বের বিভিন্ন প্রান্তের প্রজননকারী, শিকারি, ক্রেতা এবং বাজপাখি-প্রেমীরা অংশ নিয়ে থাকেন।