মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩
মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩

দুদকের সহকারী পরিচালক পদে

১০ চাকরি প্রার্থীকে নিয়োগের নির্দেশ কেন নয়: হাইকোর্টের রুল

অনলাইন ডেস্ক প্রকাশিত: বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
১০ চাকরি প্রার্থীকে নিয়োগের নির্দেশ কেন নয়: হাইকোর্টের রুল

দুর্নীতি দমন কমিশনের (দুদক) সহকারী পরিচালক পদের বিপরীতে রিট আবেদনকারী ১০ জন চাকরিপ্রার্থীকে কেন নিয়োগ দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।

আরোও পড়ুন: বগুড়ায় নারীদের জন্য বিশেষ বিআরটিসি বাস সার্ভিসের যাত্রা শুরু

একইসঙ্গে, এই শূন্য পদগুলোতে আবেদনকারীদের নিয়োগ দিতে বিবাদীদের নিষ্ক্রিয়তা কেন আইনগত কর্তৃত্ববহির্ভূত ঘোষণা করা হবে না, তা-ও জানতে চেয়েছেন আদালত।

মঙ্গলবার বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মো. হামিদুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই রুল জারি করেন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আগামী চার সপ্তাহের মধ্যে এই রুলের জবাব দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন রিট আবেদনকারীদের আইনজীবী ব্যারিস্টার মোহাম্মদ হুমায়ন কবির পল্লব।

আরোও পড়ুন:  নেতানিয়াহুর নির্বাচনী বিলবোর্ডে জোহরান মামদানি: উত্তপ্ত রাজনৈতিক মাঠ

সহকারী পরিচালক পদে নিয়োগ চেয়ে রিট

দিলরুবা বেগমসহ ১০ জন চাকরিপ্রার্থীর পক্ষে গত ৯ই আগস্ট হাইকোর্টে এই রিটটি দায়ের করা হয়। রিট আবেদনে দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান ও সচিব, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব এবং অর্থ মন্ত্রণালয়ের সচিবকে বিবাদী করা হয়েছে।

আদালতে রিট আবেদনকারীদের পক্ষে শুনানি করেন সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার মোহাম্মদ হুমায়ন কবির পল্লব, যাকে সহযোগিতা করেন আইনজীবী মাকসুদুর রহমান ও মারুফ হাসান তমাল। অন্যদিকে, দুদকের পক্ষে শুনানিতে অংশ নেন আইনজীবী আশরাফুল ইসলাম।

দুদকের নিয়োগ বিজ্ঞপ্তি ও পরীক্ষার বিবরণ

রিট আবেদনে উল্লেখ করা হয়েছে, ২০১৯ সালের ১৮ই নভেম্বর দুর্নীতি দমন কমিশন সহকারী পরিচালক, উপসহকারী পরিচালক ও কোর্ট পরিদর্শক পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল।

ওই বিজ্ঞপ্তিতে সহকারী পরিচালকের ১৩২টি পদের বিপরীতে আবেদন করেন রিট আবেদনকারীরা। তারা লিখিত ও অন্যান্য পরীক্ষায় সফলভাবে উত্তীর্ণ হওয়ার পর ২০২২ সালের সেপ্টেম্বরে মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করেন।

আরোও পড়ুন: বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্তান ভারতের অংশ হবে: বিতর্কিত যোগগুরু রামদেব

তবে পূর্ণাঙ্গ ফলাফল প্রকাশের আগেই ২০২২ সালের ২১ জুন কমিশন ১৩০টি পদের বিপরীতে ১৩০ জনকে নিয়োগ প্রদান করে।

রিটকারীদের দাবি, নিয়োগপ্রাপ্তদের মধ্যে অনেকেই পরবর্তীতে অন্য চাকরিতে যোগ দেওয়ায় সহকারী পরিচালকের বেশ কিছু পদ বর্তমানে শূন্য রয়েছে, যা কমিশন পূরণ করেনি।

অপেক্ষমাণ তালিকা থেকে নিয়োগের বিধান

জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা বিদ্যমান পরিপত্র অনুযায়ী, নিয়োগের জন্য সুপারিশপ্রাপ্ত কোনো ব্যক্তি নির্ধারিত সময়ের মধ্যে চাকরিতে যোগদান না করলে সৃষ্ট শূন্য পদে একই নিয়োগ পরীক্ষায় অংশ নেওয়া প্রার্থীদের অপেক্ষমাণ তালিকা থেকে মেধার ভিত্তিতে প্রার্থী সুপারিশ করার বিধান রয়েছে।

রিট আবেদনকারীদের অভিযোগ, একই বিজ্ঞপ্তির অধীনে কোর্ট পরিদর্শক পদে এই নিয়ম অনুসরণ করা হলেও সহকারী পরিচালক পদে নিয়োগের ক্ষেত্রে দুদক সেই নিয়ম মানেনি। এই বৈষম্যমূলক আচরণের কারণেই তারা আদালতের দ্বারস্থ হয়েছেন।

নিয়োগ নিয়ে হাইকোর্টের রুল

নিয়োগ প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ তুলে এবং বিজ্ঞাপিত শূন্য পদগুলোতে যোগ্যতা থাকা সাপেক্ষে রিট আবেদনকারীদের নিয়োগ দেওয়ার নির্দেশনা চেয়ে এই রিটটি করা হয়। উভয় পক্ষের বক্তব্য শোনার পর আদালত রুল জারি করেন।

এ বিষয়ে ব্যারিস্টার মোহাম্মদ হুমায়ন কবির পল্লব বলেন, সুপ্রতিষ্ঠিত নিয়োগ প্রক্রিয়ার নিয়ম ভঙ্গ করায় আবেদনকারীদের সংবিধানস্বীকৃত মৌলিক অধিকার লঙ্ঘিত হয়েছে।

তিনি জানান, গত ২৯ জুলাই আবেদনকারীদের পক্ষে বিবাদীদের আইনি নোটিশ পাঠানো হয়েছিল। কিন্তু সেই নোটিশের কোনো জবাব না পাওয়ায় পরবর্তীতে বাধ্য হয়ে হাইকোর্টে রিট আবেদন করা হয়।

দুর্গাপূজায় স্বপন মল্লিকের শুভেচ্ছা ও মণ্ডপ পরিদর্শন

বিশেষ প্রতিবেদক, সিলেট থেকে প্রকাশিত: রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬, ৩:১২ এম
দুর্গাপূজায় স্বপন মল্লিকের শুভেচ্ছা ও মণ্ডপ পরিদর্শন

শারদীয় দুর্গাপূজা ২০২৬ উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীসহ দেশ-বিদেশে অবস্থানরত সর্বস্তরের মানুষের প্রতি আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন ফুলতলা ইউনিয়নের ইউপি সদস্য ও সমাজসেবক স্বপন মল্লিক। মহাসপ্তমীর দিন তিনি ফুলতলা ইউনিয়নের বিভিন্ন পূজামণ্ডপ সরেজমিনে পরিদর্শন করেন।

পরিদর্শনকালে তিনি পূজার সার্বিক পরিবেশ পর্যবেক্ষণ করেন এবং নিরাপত্তার দায়িত্বে থাকা বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), আনসার ও গ্রাম পুলিশের সদস্যদের সঙ্গে কথা বলেন।

এ সময় পূজামণ্ডপে উপস্থিত পূজারি ও ভক্তদের সঙ্গে শারদীয় শুভেচ্ছা বিনিময় করেন।

পূজামণ্ডপের নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণ

মণ্ডপ পরিদর্শনের সময় স্বপন মল্লিক নিরাপত্তার দায়িত্বে থাকা সদস্যদের সঙ্গে কথা বলে সার্বিক পরিস্থিতির খোঁজ নেন।

দুর্গোৎসব নির্বিঘ্নে উদযাপনে নিরাপত্তা ও শান্তিপূর্ণ পরিবেশের গুরুত্ব তুলে ধরেন তিনি।

পূজারি ও ভক্তদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়

পরিদর্শনকালে তিনি পূজামণ্ডপে উপস্থিত পূজারি, ভক্ত ও স্থানীয় মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন।

এ সময় উৎসবের আনন্দ সবার মধ্যে ছড়িয়ে পড়ুক—এমন প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।

দুর্গাপূজা সম্প্রীতির প্রতীক: স্বপন মল্লিক

স্বপন মল্লিক বলেন, “দুর্গাপূজা আমাদের আনন্দ ও সম্প্রীতির প্রতীক।

সনাতন ধর্মাবলম্বী ভাই-বোনেরা যাতে অত্যন্ত সুন্দর ও শান্তিপূর্ণ পরিবেশে পূজা উদযাপন করতে পারেন, সে জন্য আমরা সব সময় পাশে আছি।”

তিনি শারদীয় দুর্গোৎসব উপলক্ষে সবার সুখ, শান্তি ও মঙ্গল কামনা করেন।

স্থানীয় ব্যক্তিবর্গের উপস্থিতি

পূজামণ্ডপ পরিদর্শনের সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, পূজা উদযাপন ফ্রন্টের নেতৃবৃন্দ এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

স্বপন মল্লিক ফুলতলা ইউনিয়ন পরিষদের ১ নম্বর ওয়ার্ডের সদস্য। তিনি ফুলতলা ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এবং বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের ৭ নম্বর ফুলতলা ইউনিয়ন শাখার সভাপতি হিসেবেও দায়িত্বহিসেবেও দায়িত্ব পালন করছেন।

অবৈধ অভিবাসনে কঠোর সরকার, ৪৯ এজেন্সির লাইসেন্স বাতিল

বাংলাভিউ প্রতিবেদক প্রকাশিত: বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬, ৩:০২ এম
অবৈধ অভিবাসনে কঠোর সরকার, ৪৯ এজেন্সির লাইসেন্স বাতিল

বৈধ পথে কর্মী পাঠাতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ এবং অবৈধ অভিবাসনের বিষয়ে কঠোর অবস্থানে রয়েছে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী। তিনি বলেন, অবৈধ অভিবাসনসহ বিভিন্ন অপরাধ ও অনিয়মে জড়িত ৪৯টি রিক্রুটিং এজেন্সির লাইসেন্স ইতোমধ্যে বাতিল করা হয়েছে।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত ও হেড অব ডেলিগেশন মাইকেল মিলারের সঙ্গে সৌজন্য সাক্ষাতে এসব কথা বলেন মন্ত্রী। কয়েকটি এজেন্সির অফিস সিলগালা করা হয়েছে এবং আইনভঙ্গকারীদের বিরুদ্ধে নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনার নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান তিনি।

৪৯ এজেন্সির লাইসেন্স বাতিল

মন্ত্রী জানান, বৈধ অভিবাসন বিষয়ে জনসচেতনতা বাড়াতে অভিবাসনসংশ্লিষ্ট ব্যক্তি, সংস্থা ও সাংবাদিকদের নিয়ে শিগগিরই গোলটেবিল বৈঠকের আয়োজন করা হবে। মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. সাইফুল হক চৌধুরী বলেন, রিক্রুটিং এজেন্সি বাছাই ও নিয়ন্ত্রণে সুনির্দিষ্ট মানদণ্ড রয়েছে। এজেন্সিগুলোর কার্যক্রম সরেজমিনে পরিদর্শনের জন্য একাধিক কমিটিও গঠন করা হয়েছে।

বৈঠকে ইইউ রাষ্ট্রদূত বাংলাদেশের জনশক্তি রপ্তানি ও রেমিট্যান্সে ইউরোপীয় ইউনিয়নের ভূমিকার কথা তুলে ধরেন। আগামী পাঁচ বছরে এক কোটি কর্মী বিদেশে পাঠানোর সরকারের লক্ষ্য নিয়েও তিনি আলোচনা করেন। একই সঙ্গে বেশি কর্মী পাঠানো এজেন্সিগুলোর লাইসেন্স প্রদান ও নিয়ন্ত্রণ প্রক্রিয়া সম্পর্কে জানতে চান।

বৈধ অভিবাসনে ইইউর সহযোগিতা

মাইকেল মিলার নৈতিক অভিবাসন উৎসাহিত করা এবং উচ্চ ব্যয়ে বিদেশ যাওয়ার প্রবণতা কমাতে বাংলাদেশের সঙ্গে যৌথভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করেন। বাংলাদেশি কর্মীরা যাতে বৈধ উপায়ে ইউরোপে প্রবেশ করতে পারেন, সে লক্ষ্যে ‘ট্যালেন্ট পার্টনারশিপ’সহ বিভিন্ন উদ্যোগে কাজ করার কথা জানান তিনি।

ইইউ বাংলাদেশে ইউরোপিয়ান ট্রেনিং ফাউন্ডেশনের কার্যক্রম এবং বিদেশফেরত কর্মীদের সামাজিক ও অর্থনৈতিক পুনর্বাসনে সহযোগিতা অব্যাহত রাখার কথাও জানিয়েছে। ইতালির সঙ্গে চলমান বৈধ অভিবাসন কার্যক্রমে সচেতনতা বাড়াতে ইইউকে প্রকল্প নেওয়ার আহ্বান জানানো হয়।

শ্রম আইন নিয়েও আলোচনা

বৈঠকে শ্রম আইন সংস্কারের বিভিন্ন বিষয় উঠে আসে। ট্রেড ইউনিয়ন বা সংগঠন গঠনের স্বাধীনতা, ইপিজেড আইনের সঙ্গে সাধারণ শ্রম আইনের সামঞ্জস্য, শিশুশ্রম নির্মূল এবং নিয়মিত কারখানা পরিদর্শনের ওপর গুরুত্ব দেন ইইউ রাষ্ট্রদূত।

বিদেশফেরত কর্মীদের পুনর্বাসনে বিশ্বব্যাংকের অর্থায়নে পরিচালিত রেইজ প্রকল্পের কার্যক্রমও সচল রয়েছে বলে মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে।

আরও পড়ুন

বাংলাদেশ থেকে ১০ হাজার কৃষক ও মৎস্যজীবী নেবে ওমান

সর্বশেষ প্রবাস ও জাতীয় খবর পেতে দৈনিক বাংলাভিউয়ের X পেজে যুক্ত থাকুন।

দুই দফা বরখাস্ত হয়েছিলেন মালা খান, এবার অডিটে নতুন আপত্তি

বাংলাভিউ প্রতিবেদক প্রকাশিত: বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬, ২:৫৭ এম
দুই দফা বরখাস্ত হয়েছিলেন মালা খান, এবার অডিটে নতুন আপত্তি

বাংলাদেশ রেফারেন্স ইনস্টিটিউট ফর কেমিক্যাল মেজারমেন্টসের (বিআরআইসিএম) প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা মালা খানের নিয়োগ নিয়ে দীর্ঘদিনের আইনি বিরোধের মধ্যেই নতুন করে অডিট আপত্তি উঠেছে। অডিট প্রতিবেদনে বলা হয়েছে, প্রয়োজনীয় যোগ্যতা ও অভিজ্ঞতা ছাড়া নিয়োগের কারণে সরকারের বেতন-ভাতা বাবদ ১ কোটি ৫ লাখ টাকার বেশি আর্থিক ক্ষতি হয়েছে। প্রতিষ্ঠানটির আরও কয়েকটি খাতে অনিয়মসহ মোট ৪ কোটি ৬১ লাখ টাকার আপত্তি তোলা হয়েছে।

ডাক, টেলিযোগাযোগ, বিজ্ঞান, তথ্য ও প্রযুক্তি অডিট অধিদপ্তরের ২০২৪-২৫ অর্থবছরের কমপ্লায়েন্স অডিটে এসব আপত্তি উঠে আসে। ২৮ মার্চ থেকে ২ এপ্রিল পর্যন্ত বিআরআইসিএমের কার্যক্রম পর্যালোচনায় মোট ১৩টি আপত্তি দেওয়া হয়। এর মধ্যে ছয়টি গুরুতর আর্থিক অনিয়ম এবং সাতটি সাধারণ আর্থিক অনিয়ম হিসেবে উল্লেখ করা হয়েছে।

মালা খানের নিয়োগ নিয়ে যে প্রশ্ন

অডিট প্রতিবেদনের তথ্য অনুযায়ী, প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা পদে বিজ্ঞানে ডক্টরেটের পাশাপাশি ডিগ্রি অর্জনের পর ১৪ বছরের গবেষণা অভিজ্ঞতা ও বিশেষ অবদানের শর্ত ছিল। ২০১৫ সালের বাছাই কমিটি প্রয়োজনীয় গবেষণা অভিজ্ঞতার প্রমাণ না পাওয়ায় মালা খানের আবেদন বাতিলের সুপারিশ করেছিল।

পরে তাঁর পিএইচডি ডিগ্রি প্রদানকারী প্রতিষ্ঠানটির অনুমোদন নিয়েও প্রশ্ন ওঠে। ২০১৬ সালে বিসিএসআইআরের ডিপিসি-১ তাঁকে নিয়োগের সুপারিশ করলেও বোর্ড তা নাকচ করে। এরপর ২০১৭ সালে তিনি হাইকোর্টে রিট করেন। হাইকোর্ট তাঁর পক্ষে রায় দিলেও পরে আপিল বিভাগ ওই রায়ের কার্যকারিতা স্থগিত করেন। মামলাটি এখনো চূড়ান্ত নিষ্পত্তি হয়নি বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

দুই দফা বরখাস্তের তথ্য

নিয়োগসংক্রান্ত তদন্তে অনিয়মের অভিযোগের পর ২০২৫ সালের ২৫ মে মালা খানকে সাময়িক বরখাস্ত করা হয়েছিল বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। পরে আদালতের স্থগিতাদেশের কারণে সেই সিদ্ধান্ত কার্যকর থাকা নিয়ে জটিলতা তৈরি হয়।

এর আগে ২০২২ সালে একটি প্রকল্পের অর্থ ব্যবস্থাপনা নিয়ে তদন্তের পরও তাঁকে বরখাস্ত করা হয়েছিল বলে বিআরআইসিএম সূত্রের বরাতে প্রতিবেদনে বলা হয়েছে। ওই আদেশের বিরুদ্ধেও রিট করে স্থগিতাদেশ নেওয়ার তথ্য রয়েছে।

অডিট আপত্তির বিষয়ে বিআরআইসিএমের মহাপরিচালক মো. ইফতেখার আহমেদ চৌধুরী বলেছেন,

আপত্তিগুলোর জবাব তথ্যপ্রমাণ সংগ্রহ করে দিতে হবে এবং পরে অডিট অধিদপ্তর তা যাচাই করবে। মালা খানও তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ সত্য নয় বলে জানিয়েছেন।

অডিট আপত্তির জবাব চাওয়া হয়েছে

অডিট অধিদপ্তর বিআরআইসিএমের কাছে আপত্তিগুলোর জবাব চেয়েছে। ফলে নিয়োগের যোগ্যতা, বেতন-ভাতা প্রদান এবং অন্যান্য আর্থিক অনিয়মের বিষয়ে প্রতিষ্ঠানের নথিপত্র ও ব্যাখ্যা পর্যালোচনার পর পরবর্তী সিদ্ধান্ত আসতে পারে।

আরও পড়ুন

সর্বশেষ অনুসন্ধানী ও জাতীয় খবর পেতে দৈনিক বাংলাভিউয়ের X পেজে যুক্ত থাকুন।