উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
জানুয়ারি-মার্চে পদ্মা ব্যারাজের নির্মাণ শুরু


পদ্মা ব্যারাজের মূল নির্মাণকাজ ২০২৭ সালের জানুয়ারি থেকে মার্চের মধ্যে শুরু করার পরিকল্পনা নিয়েছে সরকার। প্রধানমন্ত্রী তারেক রহমান আনুষ্ঠানিকভাবে কাজের উদ্বোধন করবেন বলে জানিয়েছেন পানিসম্পদমন্ত্রী শহীদউদ্দিন চৌধুরী এ্যানি।
শুক্রবার রাজবাড়ীর পাংশায় প্রস্তাবিত স্থান পরিদর্শনের পর তিনি বলেন, মাঠপর্যায়ের প্রস্তুতি ইতোমধ্যে শুরু হয়েছে। প্রকল্পের প্রথম ধাপে ব্যয় হবে ৩৪ হাজার ৪৯৭ কোটি টাকা। পুরো অর্থ দেবে সরকার।
পদ্মা ব্যারাজ নির্মাণে কী থাকছে
পাংশায় পদ্মা নদীর ওপর ২ দশমিক ১ কিলোমিটার দীর্ঘ মূল ব্যারাজ নির্মাণ হবে। এতে ৭৮টি স্পিলওয়ে, ১৮টি আন্ডারস্লুইস এবং দুটি ফিশ পাস থাকবে। জাতীয় থেকে আরও পড়ুন।
এ ছাড়া নেভিগেশন লক, গাইড বাঁধ ও অ্যাপ্রোচ বাঁধ নির্মাণের পরিকল্পনা রয়েছে। গড়াই, চন্দনা ও হিসনা নদীর জন্য তিনটি অফটেক কাঠামোও প্রকল্পে অন্তর্ভুক্ত।
প্রথম ধাপ ২০৩৩ সালের জুনের মধ্যে শেষ করার লক্ষ্য নির্ধারণ করেছে সরকার। নির্মাণ শুরুর লক্ষ্য আগামী জানুয়ারি-মার্চ।
জলবিদ্যুৎ ও পানিপ্রবাহে লক্ষ্য
অনুমোদিত প্রকল্প নথিতে জলবিদ্যুৎ উৎপাদনের সম্মিলিত সক্ষমতা ১১৩ মেগাওয়াট। এর মধ্যে মূল ব্যারাজ ও গড়াই অফটেক এলাকায় উৎপাদন অবকাঠামোর পরিকল্পনা রয়েছে।
প্রকল্পটির অন্যতম লক্ষ্য শুষ্ক মৌসুমে গড়াই-মধুমতীসহ দক্ষিণ-পশ্চিমাঞ্চলের নদীগুলোতে পানিপ্রবাহ বাড়ানো। পাশাপাশি লবণাক্ততা কমানো, সেচ সম্প্রসারণ এবং জলাবদ্ধতা হ্রাসের লক্ষ্য রয়েছে।
২৪ জেলা নাকি ১৯ জেলা
মন্ত্রী বলেছেন, প্রকল্পটি ২৪ জেলার কৃষি, মৎস্য ও অর্থনীতিতে সুফল দেবে। তবে অনুমোদিত প্রথম ধাপের প্রকল্প এলাকায় সরাসরি ১৯ জেলা অন্তর্ভুক্ত রয়েছে।
এ পার্থক্যটি মূলত সরাসরি প্রকল্প এলাকা এবং সম্ভাব্য বিস্তৃত সুফলভোগী অঞ্চলের হিসাব থেকে এসেছে।
সুন্দরবনে মিঠাপানির প্রবাহ বাড়ানো এবং ভূগর্ভস্থ পানির পুনর্ভরণও প্রত্যাশিত সুবিধার অংশ। এখন নজর থাকবে দরপত্র, ভূমি অধিগ্রহণ এবং মাঠপর্যায়ের প্রস্তুতি নির্ধারিত সময়ের মধ্যে শেষ হয় কি না।
আরও পড়ুন
বিপৎসীমার নিচে সব নদীর পানি, তিন দিন ভারী বৃষ্টির আভাস
ঢাকা মেডিকেলে নতুন ৫ ভবন: একনেকে ১০ হাজার কোটি টাকার ১১ প্রকল্প
অপ্রয়োজনীয় খাতে ব্যয় কমানোর চেষ্টা করছে সরকার: প্রধানমন্ত্রী
সর্বশেষ জাতীয় আপডেট পেতে এক্সে দৈনিক বাংলাভিউয়ের সঙ্গে যুক্ত হোন।









