ঢাকা মেডিকেলে হবে নতুন ৫ ভবন: একনেকে ১০ হাজার কোটি টাকার ১১ প্রকল্প
ঢাকা মেডিকেল কলেজের একাডেমিক কার্যক্রম এবং শিক্ষার্থী ও কর্মচারীদের আবাসন সংকট নিরসনে নতুন পাঁচটি ভবন নির্মাণের উদ্যোগ নিয়েছে সরকার। এ জন্য প্রায় ১ হাজার ১৫৪ কোটি টাকার একটি প্রকল্প নেওয়া হয়েছে। প্রকল্পটির আওতায় ঢাকা মেডিকেল কলেজ প্রাঙ্গণে তিনটি ১৫ তলা ও দুটি ৪ তলা ভবন নির্মাণ করা হবে।
প্রকল্পটি অনুমোদনের জন্য বুধবার (১৯ আগস্ট) জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় উপস্থাপনের জন্য তালিকাভুক্ত করা হয়েছে। প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠেয় সভায় ঢাকা মেডিকেলের প্রকল্পসহ মোট ১১টি প্রকল্প উপস্থাপনের কথা রয়েছে। এসব প্রকল্পের মোট প্রাক্কলিত ব্যয় প্রায় ১০ হাজার ৪৬ কোটি টাকা।
ঢাকা মেডিকেলের পাঁচ ভবনে যা থাকবে
পরিকল্পনা কমিশন সূত্রে জানা গেছে, ২০২৫ সালের মে মাসে অন্তর্বর্তী সরকারের সময়ে ঢাকা মেডিকেলের নতুন ভবন নির্মাণের প্রকল্পটি পরিকল্পনা কমিশনে পাঠানো হয়। সে সময় প্রকল্পটি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। চলতি বছরের ফেব্রুয়ারিতে নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর প্রকল্পটি একনেকে অনুমোদনের জন্য তালিকাভুক্ত হলো।
স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের বাস্তবায়নাধীন প্রকল্পটির আওতায় একটি ১৫ তলা ভবন একাডেমিক কার্যক্রমের জন্য ব্যবহার করা হবে। আরেকটি ১৫ তলা ভবন হবে ছাত্র হোস্টেল এবং অন্য ১৫ তলা ভবনটি আবাসিক কোয়ার্টার হিসেবে ব্যবহৃত হবে। পাশাপাশি দুটি ৪ তলা ভবনও নির্মাণ করা হবে। প্রকল্প প্রস্তাব অনুযায়ী, ২০৩০ সালের মধ্যে নির্মাণকাজ শেষ করার পরিকল্পনা রয়েছে।
স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) অধ্যাপক মাজহারুল ইসলাম জানিয়েছেন, হাসপাতালের রাস্তার পাশে ও মর্গের কাছাকাছি থাকা কয়েকটি টিনশেড ভবন অপসারণ করে সেখানে নতুন ভবন নির্মাণ করা হবে। বর্তমানে যেখানে শিক্ষকদের কোয়ার্টার রয়েছে, সেই এলাকাও প্রকল্পের আওতায় আসবে।
আবাসন সংকট নিরসনে গুরুত্ব
১৯৪৬ সালে প্রতিষ্ঠিত ঢাকা মেডিকেল কলেজের অনেক ভবন দীর্ঘদিনের পুরোনো। বর্তমানে প্রায় দেড় হাজার শিক্ষার্থী এখানে পড়াশোনা করছেন। তবে বিশেষ করে প্রথম বর্ষের শিক্ষার্থীদের আবাসন সংকট রয়েছে। ইন্টার্ন চিকিৎসকদের জন্যও পর্যাপ্ত আবাসন সুবিধার প্রয়োজন রয়েছে। এসব বিষয় বিবেচনায় নিয়ে একটি মাস্টারপ্ল্যানের আলোকে নতুন প্রকল্পটি তৈরি করা হয়েছে।
প্রকল্প প্রস্তাব অনুযায়ী, একটি ১৫ তলা আবাসিক ভবন ও একটি হোস্টেল নির্মাণে ব্যয় ধরা হয়েছে ২৯৯ কোটি টাকা। আরেকটি ১৫ তলা ভবন ও দুটি ৪ তলা ভবন নির্মাণে ব্যয় হবে ৫৭৭ কোটি টাকা। বৈদ্যুতিক সরঞ্জাম ও সংশ্লিষ্ট কাজে আরও ১১৮ কোটি টাকা ব্যয়ের প্রস্তাব রয়েছে।
এদিকে দেশের ১০টি মেডিকেল কলেজে ১৯টি হোস্টেল নির্মাণের পৃথক একটি প্রকল্পও একনেক সভায় উপস্থাপনের জন্য তালিকাভুক্ত করা হয়েছে। ওই প্রকল্পের আওতায় ঢাকা মেডিকেল কলেজে আরও দুটি ছাত্রী হোস্টেল নির্মাণের পরিকল্পনা রয়েছে।
একনেকে আরও যেসব বড় প্রকল্প
ঢাকা মেডিকেলের প্রকল্প ছাড়াও বাংলাদেশ শিপিং করপোরেশনের জন্য দুটি প্রোডাক্ট অয়েল ট্যাংকার জাহাজ কেনার প্রায় ১ হাজার ৪৫৮ কোটি টাকার প্রকল্প সভার তালিকায় রয়েছে। সড়ক ও জনপথ অধিদপ্তরের সেতুর স্মার্ট রক্ষণাবেক্ষণ প্রযুক্তির সক্ষমতা বাড়াতে প্রায় ১১৬ কোটি টাকার একটি প্রকল্পও উপস্থাপনের কথা রয়েছে।
গ্রামীণ যোগাযোগব্যবস্থা উন্নয়নে গ্রামের সড়ক পুনর্বাসন ও শক্তিশালীকরণের জন্য প্রায় ৪ হাজার ৯৬৪ কোটি টাকার একটি বড় প্রকল্প তালিকাভুক্ত হয়েছে। পানিসম্পদ খাতে লালমনিরহাট সদর উপজেলায় ধরলা নদীর ডান তীরের ভাঙন রোধে প্রায় ২৯৯ কোটি টাকা এবং চট্টগ্রামের সীতাকুণ্ডে বাঁশবাড়িয়া ফেরিঘাট থেকে কুমিরা ঘাট পর্যন্ত উপকূলীয় বাঁধ নির্মাণে প্রায় ৫৫৯ কোটি টাকার প্রকল্প রয়েছে।
ঢাকার জলাবদ্ধতা নিরসন ও নদী সুরক্ষায় তুরাগ নদ সংরক্ষণ প্রকল্পের প্রথম পর্যায়ের জন্য প্রায় ৫৬৭ কোটি টাকার প্রস্তাবও সভার তালিকায় রয়েছে। এছাড়া প্রাণিসম্পদ অধিদপ্তরের সক্ষমতা জোরদারকরণ প্রকল্পের তৃতীয় সংশোধনী, জামালপুরের মাদারগঞ্জে ১০০ মেগাওয়াট সৌরবিদ্যুৎ কেন্দ্র নির্মাণ প্রকল্পের দ্বিতীয় সংশোধনী এবং ডেসকো এলাকায় বৈদ্যুতিক অবকাঠামো সম্প্রসারণ ও শক্তিশালীকরণ প্রকল্পের প্রথম সংশোধনীও অনুমোদনের জন্য উপস্থাপনের কথা রয়েছে।