ডেমরায় দুটি বোমা সদৃশ বস্তু উদ্ধার, আটক ২

রাজধানীর ডেমরার পশ্চিম বক্সনগর এলাকার নিঝুমবাগ থেকে দুটি বোমা সদৃশ বস্তু উদ্ধার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। রোববার বিকেল সাড়ে ৫টার দিকে গরীবের নেওয়াজ মসজিদ রোড মোড়ের একটি বাড়িতে যৌথ অভিযান পরিচালনা করে পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট ও এটিও।

সিটিটিসির নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা জানান, সম্প্রতি যাত্রাবাড়ীর জনপদ মোড়ে পুলিশের ওপর হামলার ঘটনার তদন্ত ও জড়িতদের গ্রেপ্তারের অংশ হিসেবে এই অভিযান চালানো হয়।

অভিযানকালে ২৬ বছর বয়সী মো. জুয়েল ভুঞার গতিবিধি সন্দেহজনক মনে হলে তাকে তল্লাশি করা হয়। নরসিংদীর শিবপুর থানার কাজীরচর গ্রামের আবুল ভুঞার ছেলে জুয়েলের কাছ থেকে কালো টেপ দিয়ে মোড়ানো প্রায় ৬ ইঞ্চি লম্বা দুটি বোমা সদৃশ বস্তু জব্দ করা হয়।

একই সময় ঘটনাস্থল থেকে আরিফ চৌধুরী (২৪) নামের আরেক যুবককে আটক করা হয়, যিনি স্থানীয় নিঝুমবাগ এলাকার আব্দুল হাইয়ের ছেলে। উদ্ধারকৃত আলামতসহ গ্রেপ্তার ও আটককৃতদের পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য ডেমরা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *