রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আয়োজিত জাতীয় উলামা মাশায়েখ সম্মেলন থেকে কাদিয়ানি সম্প্রদায়কে ‘অমুসলিম সংখ্যালঘু’ হিসেবে রাষ্ট্রীয় স্বীকৃতির দাবি জানানো হয়েছে। আন্তর্জাতিক মজলিসে তাহাফফুজে খতমে নবুয়ত বাংলাদেশের উদ্যোগে আয়োজিত এই সম্মেলনে ৯ দফা দাবি সংবলিত একটি ঘোষণাপত্র পাঠ করা হয়। দাবি আদায়ে জেলা পর্যায়ে সমাবেশের পাশাপাশি মহানগর ও রাজধানীতে মহাসমাবেশ করার কর্মসূচি ঘোষণা করা হয়েছে। দাবি পূরণ না হলে ঢাকা অবরোধসহ কঠোর আন্দোলনের হুঁশিয়ারিও দেওয়া হয়।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ্ মুহিব্বুল্লাহ্ বাবুনগরী। তাঁর পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সহসভাপতি মাওলানা জুনায়েদ আল হাবিব। এছাড়া ধর্মমন্ত্রী মোফাজ্জল হোসাইন কায়কোবাদের প্রতিনিধি মুহিউদ্দীন রাব্বানী মন্ত্রীর পক্ষ থেকে লিখিত বক্তব্য উপস্থাপন করেন, যেখানে সরকারের কাছে উত্থাপিত দাবিগুলো বাস্তবায়নের সর্বাত্মক চেষ্টার প্রতিশ্রুতি দেওয়া হয়।
ঘোষণাপত্রে উত্থাপিত প্রধান দাবিগুলোর মধ্যে রয়েছে আইন প্রণয়নের মাধ্যমে কাদিয়ানিদের অমুসলিম সংখ্যালঘু ঘোষণা করা, মহান আল্লাহ ও রাসুল (সা.) এবং কোরআন-সুন্নাহর অবমাননার সর্বোচ্চ শাস্তির বিধান করা, মাওলানা সা’দ কান্ধলভীর বাংলাদেশে প্রবেশে নিষেধাজ্ঞা এবং সা’দপন্থীদের ইজতেমার অনুমতি বাতিল করা, পাশাপাশি হিজবুত তওহীদকে নিষিদ্ধ করা।
বাংলাদেশ কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ডের (বেফাক) মহাসচিব মাওলানা মাহফুজুল হক কাদিয়ানিদের অমুসলিম ঘোষণার বিল সংসদে উত্থাপনের জন্য সরকার ও বিরোধী দলের প্রতি আহ্বান জানান। জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সভাপতি মাওলানা উবায়দুল্লাহ ফারুক হুঁশিয়ারি দিয়ে বলেন, দাবি মানা না হলে আগামী নভেম্বরে সংসদ ঘেরাও কর্মসূচি দেওয়া হবে। ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বিশ্বের অন্যান্য দেশের উদাহরণ টেনে বাংলাদেশেও একই ঘোষণার দাবি জানান।
সম্মেলনে আরও বক্তব্য রাখেন খেলাফত মজলিসের মহাসচিব আহমদ আবদুল কাদের, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক, বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মুফতি আব্দুল মালেক, হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মাওলানা মীর ইদ্রিস এবং হাটহাজারী মাদ্রাসার মহাপরিচালক মাওলানা খলিল আহমদ কাসেমী। আন্তর্জাতিক মজলিসে তাহাফ্ফুজে খতমে নবুওয়তের সভাপতি আল্লামা সাজিদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সম্মেলনে দেশের শীর্ষস্থানীয় আলেম-ওলামারা অংশ নেন।
সম্মেলনে ৯টি দাবিসংবলিত ঘোষণাপত্র পড়ে শোনানো হয়।
দেশের আলেম সমাজের অনেকে সম্মেলনে যোগ দেন।
বাংলাদেশে সেই ঘোষণা দিতে অসুবিধা কোথায়?