কাঠ পুড়িয়ে ইট তৈরি করলে কঠোর ব্যবস্থা: হুঁশিয়ারি পরিবেশ প্রতিমন্ত্রীর

কাঠ পুড়িয়ে ইট তৈরি করা হলে সংশ্লিষ্ট জেলা প্রশাসক (ডিসি), উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পরিবেশ অধিদপ্তরের দায়িত্বশীল কর্মকর্তাদের কঠোর জবাবদিহিতার আওতায় আনা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম।

শনিবার (১৫ আগস্ট) বিকেলে চট্টগ্রামের ফটিকছড়ি উত্তর উপজেলার হাজারিখিল অভয়ারণ্য পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন। তিনি স্পষ্ট করে জানান, এ ধরনের কোনো ইটভাটা পাওয়া গেলে সরকার অত্যন্ত কঠোর অবস্থানে থাকবে।

প্রতিমন্ত্রী বলেন, চট্টগ্রামে ইতোমধ্যে ২৩ লাখ ৫৫ হাজার গাছ লাগানো হয়েছে। ফটিকছড়ি ও হাটহাজারীতেও বৃক্ষরোপণ এবং গাছ সংরক্ষণের বিষয়ে স্থানীয় প্রশাসনকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। সরকারের লক্ষ্য হলো আগামী পাঁচ বছরে সারাদেশে ২৫ কোটি গাছ রেখে যাওয়া।

সেই লক্ষ্য সামনে রেখেই সরকার বর্তমানে কাজ করছে। সবাইকে সচেতন করার পাশাপাশি সরকারি প্রকল্পগুলো সঠিকভাবে বাস্তবায়িত হচ্ছে কি না, তা সরেজমিনে যাচাই করতেই তিনি মাঠপর্যায়ে পরিদর্শন করছেন বলে জানান।

হালদা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের বিষয়ে শেখ ফরিদুল ইসলাম বলেন, বিষয়টি নিয়ে বিভাগীয় কমিশনারের সঙ্গে আলোচনা চলছে। প্রাণ-প্রকৃতি রক্ষায় বিভিন্ন মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করে কাজ করা হবে। এছাড়া শিপইয়ার্ডে বারবার দুর্ঘটনা ও প্রাণহানির ঘটনাকে তিনি অত্যন্ত দুঃখজনক বলে অভিহিত করেন। তিনি বলেন, এটি একটি ঝুঁকিপূর্ণ শিল্প, তাই যারা এটি পরিচালনা করছেন তাদের আরও বেশি দায়িত্বশীল হতে হবে।

শিপইয়ার্ডের পুরোনো পদ্ধতি পরিবর্তন করে পরিবেশবান্ধব ব্যবস্থা চালুর বিষয়ে শিল্প মালিকদের সঙ্গে আলোচনা চলছে বলেও প্রতিমন্ত্রী উল্লেখ করেন। তিনি জানান, এ পরিবর্তনের জন্য শিল্প মালিকদের প্রয়োজনীয় সময় দেওয়া হচ্ছে। পরিবেশ রক্ষায় সরকার কোনো ছাড় দেবে না এবং টেকসই উন্নয়নের জন্য পরিবেশবান্ধব প্রযুক্তি ব্যবহারের কোনো বিকল্প নেই বলে তিনি মন্তব্য করেন।

পরিদর্শনকালে চট্টগ্রাম-২ আসনের সংসদ সদস্য সরওয়ার আলমগীর, ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাঈদ মুহাম্মদ ইব্রাহীম, বিভাগীয় বন কর্মকর্তা এবং বন বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে যে, দেশের প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় এ ধরনের তদারকি কার্যক্রম অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *