ঝিনাইদহের মহেশপুর সীমান্তে চারজনকে পুশইনের চেষ্টা প্রতিহত করল বিজিবি

ঝিনাইদহের মহেশপুর সীমান্তে অবৈধভাবে চার ব্যক্তিকে বাংলাদেশে পুশইনের চেষ্টা ব্যর্থ করে দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শনিবার দুপুরে ৫৮ বিজিবি ব্যাটালিয়নের টহল দল এই অনুপ্রবেশের চেষ্টা প্রতিহত করে।

বিজিবি জানায়, দুপুর ২টার দিকে কুসুমপুর বিওপির আওতাধীন চাপাতলা মাজার এলাকার ৬১/১২-আর সীমান্ত গেট দিয়ে ভারতের ১৯৪ বিএসএফ ব্যাটালিয়নের মাহেন্দ্র ক্যাম্পের সদস্যরা ওই চারজনকে বাংলাদেশে পাঠানোর চেষ্টা চালায়। তাদের মধ্যে দুজন পুরুষ, একজন নারী ও একটি শিশু রয়েছে। বিএসএফ সদস্যরা তাদের জোরপূর্বক ঠেলে দেওয়ার চেষ্টা করলে বিজিবির টহল দল বাধা দেয়।

বিজিবির তৎপরতার মুখে বিএসএফের এই প্রচেষ্টা ব্যর্থ হয়। বর্তমানে ওই চারজন সীমান্তের শূন্য রেখা থেকে প্রায় ১৫০ গজ ভারতের অভ্যন্তরে একটি কলাবাগানে অবস্থান করছেন। বিজিবির পক্ষ থেকে এই ঘটনার বিষয়ে ভারতের ১৯৪ বিএসএফ ব্যাটালিয়নকে আনুষ্ঠানিকভাবে অবহিত করা হয়েছে বলে এক প্রেস বিজ্ঞপ্তিতে নিশ্চিত করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *