প্রধানমন্ত্রীর ভারত সফরের অনুকূল পরিবেশ এখনো তৈরি হয়নি: পররাষ্ট্র মন্ত্রণালয়

প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর নিয়ে গত কয়েক সপ্তাহ ধরে দুই দেশের কর্মকর্তাদের মধ্যে যোগাযোগ চললেও সফরের জন্য এখনো অনুকূল পরিবেশ তৈরি হয়নি বলে জানিয়েছে বাংলাদেশ। রবিবার (১৬ আগস্ট) দুপুরে এক ব্রিফিংয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এ কে এম শহীদুল করিম এ তথ্য জানান। তিনি বলেন, প্রধানমন্ত্রীর সম্ভাব্য দ্বিপক্ষীয় সফরের আগে দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে একটি অনুকূল পরিবেশ তৈরি করা অত্যন্ত জরুরি।

মুখপাত্র আরও জানান, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতাবিরোধী অপরাধে দণ্ডপ্রাপ্ত শেখ হাসিনা গত ৫ আগস্ট নয়াদিল্লিতে প্রকাশ্যে সংবাদ সম্মেলন করে বক্তব্য দেওয়ায় সফরকে ঘিরে চলমান প্রক্রিয়ার পরিবেশ ক্ষতিগ্রস্ত হয়েছে। এ বিষয়ে বাংলাদেশের অবস্থান ভারতকে স্পষ্টভাবে জানানো হয়েছে।

শহীদুল করিম বলেন, দ্বিপক্ষীয় প্রত্যর্পণ চুক্তির আওতায় শেখ হাসিনাসহ অন্যান্য পলাতক অপরাধীকে দ্রুত বাংলাদেশে ফেরত পাঠানোর অনুরোধ জানানো হয়েছে। পাশাপাশি শরীফ ওসমান হাদি হত্যায় অভিযুক্তদেরও বাংলাদেশের কাছে হস্তান্তরের জন্য ভারতীয় কর্তৃপক্ষকে অনুরোধ করা হয়েছে। এসব বিষয়ে এখন ভারতের জবাবের অপেক্ষায় রয়েছে বাংলাদেশ।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আরও বলেন, সার্বভৌম সমতা, জাতীয় মর্যাদা, একে অপরের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করা এবং পারস্পরিক স্বার্থকে ভিত্তি করে প্রতিবেশীসহ বিশ্বের অন্যান্য দেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ দ্বিপক্ষীয় সম্পর্ক এগিয়ে নিতে বাংলাদেশ তার ‘বাংলাদেশ ফার্স্ট’ নীতি অব্যাহত রাখবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *