সরকারি কাজে কোনো ধরনের বাধা বা অনিয়ম সহ্য করা হবে না বলে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী। শনিবার (১৫ আগস্ট) দুপুরে মাগুরা জেলা অডিটোরিয়ামে অস্বচ্ছল ও মেধাবী শিক্ষার্থী এবং বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের মাঝে চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।
মন্ত্রী স্পষ্টভাবে বলেন, সরকারি কর্মকাণ্ডে দলীয় পরিচয় ব্যবহার করে কর্মকর্তাদের সঙ্গে দুর্ব্যবহার বা মাস্তানি করার সুযোগ নেই। তিনি নির্দেশ দিয়ে বলেন, সরকারি কাজে বাধা প্রদানকারী ব্যক্তি যদি নিজ দলেরও হন, তবুও তাকে তাৎক্ষণিকভাবে গ্রেফতার করে সুনির্দিষ্ট মামলায় কারাগারে পাঠাতে হবে। এ ক্ষেত্রে কোনো ধরনের ছাড় দেওয়ার সুযোগ নেই বলে তিনি উল্লেখ করেন।
আইন প্রয়োগকারী সংস্থা ও প্রশাসনের কর্মকর্তাদের প্রজাতন্ত্রের কর্মচারী হিসেবে উল্লেখ করে নিতাই রায় চৌধুরী বলেন, জনগণের সেবা নিশ্চিত করাই তাদের মূল দায়িত্ব। তাই সরকারি কর্মকর্তাদের দায়িত্ব পালনে কেউ বাধা সৃষ্টি করলে, রাজনৈতিক পরিচয় নির্বিশেষে তাদের কঠোরভাবে আইনের আওতায় আনতে হবে।
মাগুরা জেলা পরিষদ প্রশাসক আলি আহমেদের সভাপতিত্বে আয়োজিত এই চেক বিতরণ অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য মো. মনোয়ার হোসেন খান। এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোতাকাব্বীর আহমেদ, পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন এবং সিভিল সার্জন ডা. মো. শামীম কবিরসহ স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।