মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যমে একটি নতুন মানচিত্র প্রকাশ করেছেন, যেখানে হরমুজ প্রণালিকে যুক্তরাষ্ট্রের ভূখণ্ড হিসেবে চিহ্নিত করা হয়েছে। মঙ্গলবার (১৮ আগস্ট) প্রকাশ করা এই পোস্টে ট্রাম্প কোনো অতিরিক্ত মন্তব্য করেননি। এবিসি নিউজের প্রতিবেদন অনুযায়ী, এর আগে গত সপ্তাহে তিনি জানিয়েছিলেন যে খুব শিগগিরই হরমুজ প্রণালিকে যুক্তরাষ্ট্রের ভূখণ্ড হিসেবে ঘোষণা করতে পারেন। তার সেই মন্তব্যের পর আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক আলোচনার সৃষ্টি হয় এবং এর পরপরই তিনি এই মানচিত্রটি প্রকাশ করলেন।
ট্রাম্পের এই পোস্টের পর তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে ইরান। দেশটির উপ-পররাষ্ট্রমন্ত্রী কাজেম ঘারিবাবাদি ট্রাম্পের এই মানচিত্রকে সরাসরি ‘বিভ্রম’ বলে অভিহিত করেছেন। তিনি বলেন, ট্রাম্প মানচিত্রে পারস্য উপসাগরের নাম সঠিকভাবে লিখলেও হরমুজ প্রণালি নিয়ে তার এই ধারণা শিগগিরই হয় সংশোধন করা হবে, নয়তো আমরাই এই বিভ্রমগ্রস্ত ব্যক্তির বিভ্রম সংশোধন করব। হরমুজ প্রণালি বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনপথ হিসেবে পরিচিত। পারস্য উপসাগর ও ওমান উপসাগরের মধ্যবর্তী এই জলপথ দিয়ে বিশ্বের বিপুল পরিমাণ তেল ও গ্যাস আন্তর্জাতিক বাজারে সরবরাহ করা হয়। কৌশলগত এই এলাকা নিয়ে ট্রাম্পের এমন দাবি বিশ্ব রাজনীতিতে নতুন উত্তেজনার জন্ম দিয়েছে।