দুই দিন ধরে গ্যাস সংকটে কুমিল্লা নগরী, রান্না নিয়ে চরম ভোগান্তি

টানা দুই দিন ধরে গ্যাস সংকটে দুর্ভোগ পোহাচ্ছেন কুমিল্লা নগরীর অধিকাংশ এলাকার বাসিন্দারা। কোথাও গ্যাসের চাপ খুব কম, আবার কোনো কোনো এলাকায় একেবারেই সরবরাহ নেই। এতে রান্নাবান্না ব্যাহত হওয়ার পাশাপাশি বিকল্প জ্বালানি ব্যবহার করতে গিয়ে অতিরিক্ত খরচ করতে হচ্ছে নগরবাসীকে।

গ্যাসের সংকটের প্রভাব পড়েছে নগরীর খাবার হোটেলগুলোতেও। গ্যাস না থাকায় ঘরে রান্না করতে না পারা অনেক মানুষ খাবারের জন্য হোটেল ও রেস্তোরাঁমুখী হচ্ছেন। ফলে এসব প্রতিষ্ঠানে ক্রেতার চাপও বেড়েছে।

একটি খাবার হোটেলের ব্যবস্থাপক সোহেল রহমান জানান, স্বাভাবিক সময়ের তুলনায় ক্রেতা বেড়ে যাওয়ায় পরিস্থিতি সামাল দিতে তাদের হিমশিম খেতে হচ্ছে। ভাত ও রুটির পাশাপাশি বেকারি পণ্যের চাহিদাও বেড়েছে বলে জানান তিনি।

  • এলএনজি সরবরাহ কমায় জাতীয় পর্যায়ে সংকট

গ্যাস সংকটের বিষয়ে বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (বিজিডিসিএল) একটি জরুরি বিজ্ঞপ্তি দিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রতিকূল আবহাওয়ার কারণে এলএনজি টার্মিনাল (FSRU) থেকে এলএনজি সরবরাহ কমে গেছে। এর ফলে জাতীয় পর্যায়ে প্রাকৃতিক গ্যাসের সরবরাহ অস্বাভাবিকভাবে কমেছে। এই পরিস্থিতির প্রভাব বিজিডিসিএলের আওতাধীন বিতরণ এলাকাতেও পড়েছে।

কুমিল্লার পাশাপাশি নোয়াখালী, চাঁদপুর, ফেনী, লক্ষ্মীপুর ও ব্রাহ্মণবাড়িয়া জেলার গ্রাহকরাও গ্যাসের স্বল্পচাপের সমস্যায় পড়েছেন বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

সাময়িক এই সংকটের জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করে পরিস্থিতি মোকাবিলায় সহযোগিতা চেয়েছে বিজিডিসিএল। গ্যাস সরবরাহসংক্রান্ত তথ্য বা অভিযোগ জানাতে ১৬৫১৩ নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে।

  • দ্রুত সমাধানের দাবি গ্রাহকদের

স্থানীয় বাসিন্দারা জানান, হঠাৎ গ্যাস সরবরাহ বন্ধ হয়ে যাওয়ায় সবচেয়ে বেশি সমস্যায় পড়েছেন যাদের নিয়মিত রান্নার দায়িত্ব রয়েছে। অনেকে বাধ্য হয়ে বিকল্প জ্বালানি ব্যবহার করছেন। এতে একদিকে যেমন বাড়তি টাকা খরচ হচ্ছে, অন্যদিকে বাড়ছে ভোগান্তিও।

গতকাল বৃহস্পতিবার বিকেল পর্যন্ত কুমিল্লা নগরীর বিভিন্ন এলাকায় গ্যাস সরবরাহ স্বাভাবিক হয়নি।

বিজিডিসিএলের ডিজিএম (সেলস) জাহাঙ্গীর বাদশা জানান, গ্যাস সরবরাহ কখন স্বাভাবিক হবে সে বিষয়ে তার কাছে নির্দিষ্ট তথ্য নেই। এ বিষয়ে প্রতিষ্ঠানের মহাব্যবস্থাপক প্রকৌশলী মো. সোলায়মান বিস্তারিত বলতে পারবেন।

মহাব্যবস্থাপক প্রকৌশলী মো. সোলায়মানও জানান, এই মুহূর্তে গ্যাস সরবরাহ স্বাভাবিক হওয়ার নির্দিষ্ট সময় বলা সম্ভব হচ্ছে না।

তথ্যসূত্র: বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড ও স্থানীয় সূত্র

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *