র্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের বিল জাতীয় সংসদে উত্থাপিত

র্যাব বিলুপ্ত করে পুলিশের অধীনে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) গঠনের বিল জাতীয় সংসদে উত্থাপন করা হয়েছে। বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) বিল, ২০২৬’ উত্থাপন করেন। বিলটি এখনো পাস হয়নি; পরীক্ষা করে চার কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো হয়েছে।
এসআরবি গঠনের বিলে যা প্রস্তাব
বিলটি পাস হলে ২০০৩ সালের আইনে র্যাব গঠনের জন্য আর্মড পুলিশ ব্যাটালিয়ন অধ্যাদেশে যুক্ত বিধানগুলো বাতিল হবে। র্যাবের জনবল, আদেশ, ক্ষমতা, সুযোগ-সুবিধা, তহবিল, ব্যাংক আমানত, দায়, চুক্তি, স্থাবর-অস্থাবর সম্পত্তি, রেজিস্টার ও নথিপত্র নতুন এসআরবির কাছে হস্তান্তরের প্রস্তাব রয়েছে।
বাসসের সংসদ অধিবেশনবিষয়ক প্রতিবেদন অনুযায়ী, এসআরবি পুলিশের একটি বিশেষায়িত ইউনিট হিসেবে কাজ করবে। পুলিশ, অন্যান্য শৃঙ্খলা বাহিনী এবং নির্ধারিত কর্মকর্তা-কর্মচারীদের পদায়ন বা প্রেষণে ইউনিটটি গঠন করা যাবে।
এর মহাপরিচালক হবেন অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক বা তার চেয়ে উচ্চ পদমর্যাদার কর্মরত পুলিশ কর্মকর্তা। আরও গুরুত্বপূর্ণ খবর ও আপডেট পেতে দৈনিক বাংলাভিউয়ের WhatsApp চ্যানেল অনুসরণ করুন।
তদন্ত, তল্লাশি ও গ্রেপ্তারের ক্ষমতা
প্রস্তাবিত এসআরবি ফৌজদারি অপরাধ তদন্ত, তল্লাশি, গ্রেপ্তার এবং মালামাল বা আলামত জব্দ করতে পারবে। ইউনিটটির নিজস্ব পতাকা, প্রতীক, ইউনিফর্ম ও মালখানা থাকবে। নাগরিকদের অভিযোগ এবং সদস্যদের অভ্যন্তরীণ অভিযোগ নিষ্পত্তিতে একধিক সদস্যের একটি কমিটি গঠনের প্রস্তাবও বিলে রাখা হয়েছে।
বিলের উদ্দেশ্য ও কারণের বিবৃতিতে জননিরাপত্তা রক্ষা, সন্ত্রাসবাদ ও সংঘবদ্ধ অপরাধ দমন এবং বিশেষ পরিস্থিতিতে দ্রুত সাড়া দেওয়ার কথা বলা হয়েছে। সরকার বলছে, ক্ষমতা প্রয়োগে আইনের শাসন, মানবাধিকার, স্বচ্ছতা, তদারকি ও জবাবদিহির বিধান থাকবে।
পুলিশে পেশাদারত্ব নিয়ে বাংলাভিউয়ের সাম্প্রতিক প্রতিবেদনে আইজিপির নির্দেশনাও পড়তে পারেন। দ্রুত আপডেট পেতে দৈনিক বাংলাভিউয়ের X অ্যাকাউন্ট অনুসরণ করুন।
বিরোধীদের আপত্তি, মন্ত্রীর জবাব
বিরোধীদলীয় নেতা ডা. মো. শফিকুর রহমান ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বিল উত্থাপনে আপত্তি জানান। তাঁদের বক্তব্য, র্যাবের জনবল ও ক্ষমতা স্থানান্তর করে নতুন নামের বাহিনী গঠন নিয়ে বিস্তৃত আলোচনা প্রয়োজন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, র্যাব বিলুপ্ত করা সরকারের নির্বাচনী প্রতিশ্রুতি; একই সঙ্গে একটি বিশেষায়িত পুলিশ ইউনিটের প্রয়োজন রয়েছে। তাঁর দাবি, এসআরবিতে র্যাবের তুলনায় জবাবদিহি ও স্বচ্ছতার শক্তিশালী ব্যবস্থা থাকবে। সংসদীয় কমিটির যাচাই এবং সম্ভাব্য সংশোধনের পরই বিলটির পরবর্তী আইনি ধাপ নির্ধারিত হবে।








