মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩
মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩

ঢাকার চাপে অবস্থান বদলাচ্ছে ভারত, দুই দেশের সম্পর্ক এখন সন্ধিক্ষণে

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
ঢাকার চাপে অবস্থান বদলাচ্ছে ভারত, দুই দেশের সম্পর্ক এখন সন্ধিক্ষণে

ভারত-বাংলাদেশ সম্পর্ক নতুন এক সন্ধিক্ষণে পৌঁছেছে। শেখ হাসিনার প্রত্যর্পণসহ ঢাকার বিভিন্ন দাবি ও তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর ঘিরে টানাপোড়েনের মধ্যে সম্পর্কে ‘রেসিপ্রোসিটি’ বা পারস্পরিকতার ওপর গুরুত্ব দিচ্ছে নয়াদিল্লি।

ভারত-বাংলাদেশ সম্পর্কে ‘রেসিপ্রোসিটি’র ওপর জোর নয়াদিল্লির

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কেন্দ্র করে ঢাকা যখন চাপ বাড়াচ্ছে, তখন বাংলাদেশের বিষয়ে নিজেদের অবস্থান পুনর্বিবেচনা করছে ভারত। এক্ষেত্রে নয়াদিল্লি পারস্পরিক স্বার্থ ও আদান-প্রদানের প্রয়োজনীয়তার ওপর বিশেষ গুরুত্ব দিচ্ছে। এই নতুন দৃষ্টিভঙ্গি বোঝাতে প্রথমবারের মতো ভারত আনুষ্ঠানিকভাবে ‘রেসিপ্রোসিটি’ বা পারস্পরিকতা শব্দটি ব্যবহার করেছে।

তারেক রহমানের ভারত সফর ঘিরে নতুন টানাপোড়েন

ভারতের অনলাইন পোর্টাল দ্য প্রিন্টের এক প্রতিবেদনে কেশব পদ্মনাভন উল্লেখ করেছেন, মঙ্গলবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল নিয়মিত ব্রিফিংয়ে বলেছেন, বাংলাদেশের সঙ্গে পারস্পরিক স্বার্থ ও রেসিপ্রোসিটির ভিত্তিতে একটি ইতিবাচক, গঠনমূলক এবং ভবিষ্যৎমুখী সম্পর্ক বজায় রাখতে চায় ভারত। সাবেক প্রধানমন্ত্রীর সাম্প্রতিক সংবাদ সম্মেলন নিয়ে ভারতের অবস্থান নতুন করে ব্যাখ্যা করার প্রয়োজন নেই বলেও তিনি মন্তব্য করেন। প্রত্যর্পণের বিষয়ে ভারতের ধারাবাহিক অবস্থান হলো, এ ধরনের অনুরোধ তাদের প্রচলিত ও নির্ধারিত আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে পর্যালোচনা করা হচ্ছে।

তার ব্যবহৃত এই ভাষা ঢাকার সঙ্গে ভারতের কূটনৈতিক অবস্থানে একটি পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। বাংলাদেশ-ভারত সম্পর্কের ক্ষেত্রে ভারত এই প্রথমবার ‘রেসিপ্রোসিটি’ বা ‘পারস্পরিকতা’ শব্দটি ব্যবহার করল। এমন সময়ে ভারত এই শব্দ ব্যবহার করছে, যখন বাংলাদেশ নিজেই জোর দিয়ে বলছে যে, দুই দেশের সম্পর্ক হতে হবে সার্বভৌম সমতা, পারস্পরিক সম্মান, একে অপরের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করা এবং জাতীয় মর্যাদার ভিত্তিতে। দুই প্রতিবেশী দেশের সম্পর্ক এখন একটি উত্তেজনাপূর্ণ ও সংকটপূর্ণ সন্ধিক্ষণে রয়েছে। এসব দাবির ফলে দুই দেশের মধ্যে উত্তেজনা আরও বেড়েছে।

দ্য প্রিন্ট মঙ্গলবার জানিয়েছে, বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের অদূর ভবিষ্যতে ভারত সফরের কোনো পরিকল্পনা নেই। আগামী মাসে অনুষ্ঠেয় ব্রিকস নেতাদের সম্মেলনেও তিনি এড়িয়ে যেতে পারেন, যদিও ভারত তাকে বিশেষ অতিথি হিসেবে সেখানে আমন্ত্রণ জানিয়েছিল। দ্য প্রিন্ট জানতে পেরেছে, বাংলাদেশ সরকার মনে করছে, দুই দেশের সম্পর্ক এগিয়ে নিতে হলে ভারতের পক্ষ থেকে একটি গুরুত্বপূর্ণ ও অর্থবহ রাজনৈতিক পদক্ষেপ প্রয়োজন।

রোববার বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এ কে এম শহীদুল করিম যে বিবৃতি দিয়েছেন, তাতে বলা হয়েছে- তারেক রহমান ভারত সফরে যাওয়ার আগে শেখ হাসিনা ও অন্যান্য অভিযুক্ত ব্যক্তিকে প্রত্যর্পণসহ কয়েকটি শর্ত পূরণ করতে হবে। কিন্তু মঙ্গলবার ভারতের বক্তব্যে যে অতিরিক্ত ও কঠোর ভাষা ব্যবহার করা হয়েছে, তাতে বোঝা যাচ্ছে- বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওই বক্তব্যের পর ঢাকার বর্তমান পরিস্থিতি সম্পর্কে নয়াদিল্লির দৃষ্টিভঙ্গিতে কিছুটা পরিবর্তন এসেছে। বাংলাদেশ শুধু শেখ হাসিনার প্রত্যর্পণই নয়, রাজনৈতিক কর্মী ওসমান হাদির হত্যাকাণ্ডে অভিযুক্ত খুনিদেরও প্রত্যর্পণের দাবি জানিয়েছে।

এই পরিস্থিতিতে কূটনৈতিক সমঝোতার সুযোগ খুব বেশি থাকছে না। কারণ বাংলাদেশ ভারতের সঙ্গে তার পররাষ্ট্রনীতির ক্ষেত্রেও দেশের অভ্যন্তরীণ রাজনৈতিক পরিস্থিতির বিষয়গুলোকে সরাসরি যুক্ত করছে। কূটনৈতিক সূত্রগুলো বলছে, রোববার ঢাকার পররাষ্ট্র মন্ত্রণালয় যে নতুন অবস্থান প্রকাশ করেছে, তার পর দুই দেশের সম্পর্কের অগ্রগতি এখন মূলত রাজনৈতিক পর্যায়ের আলোচনার মাধ্যমেই সম্ভব। শেখ হাসিনার দিল্লি থেকে সংবাদ সম্মেলনের পর গত কয়েক সপ্তাহে বাংলাদেশ-ভারত সম্পর্কে উল্লেখযোগ্য চাপ তৈরি হয়েছে। হাসিনা আগস্ট ২০২৪ সালে ঢাকা ছেড়ে নয়াদিল্লিতে যান এবং তখন থেকে ভারতেই অবস্থান করছেন। ভারত অবশ্য হাসিনার সংবাদ সম্মেলন থেকে দ্রুত নিজেদের দূরে সরিয়ে নেয়। চলতি মাসের শুরুতে এ বিষয়ে প্রশ্ন করা হলে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস. জয়শঙ্কর বলেন, এটি হাসিনার ব্যক্তিগত অনুষ্ঠান। কিন্তু এতে ঢাকার ক্ষোভ কমেনি; বরং পরিস্থিতি আরও উত্তপ্ত হয়েছে।

গত নয় মাসে ভারত একাধিক উচ্চপর্যায়ের সফর ও বৈঠকের মাধ্যমে তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের সঙ্গে সম্পর্ক উন্নত করার আগ্রহ দেখানোর চেষ্টা করেছে। গত বছরের শেষ দিকে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস. জয়শঙ্কর সাবেক প্রধানমন্ত্রী ও তারেক রহমানের মা খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে ঢাকায় আসেন। ফেব্রুয়ারিতে ভারতের লোকসভার স্পিকার ওম বিড়লা এবং পররাষ্ট্রসচিব বিক্রম মিশ্রি তারেক রহমানের শপথ অনুষ্ঠানে যোগ দেন। এপ্রিল মাসে নয়াদিল্লিতে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে জয়শঙ্করের বৈঠক হয়। বৈঠকের পর ভারতের বিবৃতিতে বলা হয়, ভারত নতুন সরকারের সঙ্গে গঠনমূলকভাবে কাজ করতে এবং দ্বিপক্ষীয় সম্পর্ক আরও শক্তিশালী করতে আগ্রহী। গত মাসে বাংলাদেশের প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম শামসুল ইসলাম (অব.) নয়াদিল্লিতে বিমসটেক-এর জাতীয় নিরাপত্তা প্রধানদের বৈঠকে অংশ নেন। গত সপ্তাহে ভারতের গোয়েন্দা সংস্থা ‘র’-এর প্রধান পরাগ জৈন ঢাকায় এসে কয়েকজন জ্যেষ্ঠ কর্মকর্তার সঙ্গে বৈঠক করেন। এসব উচ্চপর্যায়ের যোগাযোগের একটি বড় উদ্দেশ্য ছিল ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের মধ্যে সম্ভাব্য বৈঠকের জন্য একটি অনুকূল পরিবেশ তৈরি করা। পাশাপাশি আগামী মাসে অনুষ্ঠেয় ব্রিকস সম্মেলনেও তাকে আমন্ত্রণ জানানো হয়েছে- বিমসটেকের চেয়ারম্যান হিসেবে তার ভূমিকাকে বিবেচনা করে।

দুর্গাপূজায় স্বপন মল্লিকের শুভেচ্ছা ও মণ্ডপ পরিদর্শন

বিশেষ প্রতিবেদক, সিলেট থেকে প্রকাশিত: রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬, ৩:১২ এম
দুর্গাপূজায় স্বপন মল্লিকের শুভেচ্ছা ও মণ্ডপ পরিদর্শন

শারদীয় দুর্গাপূজা ২০২৬ উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীসহ দেশ-বিদেশে অবস্থানরত সর্বস্তরের মানুষের প্রতি আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন ফুলতলা ইউনিয়নের ইউপি সদস্য ও সমাজসেবক স্বপন মল্লিক। মহাসপ্তমীর দিন তিনি ফুলতলা ইউনিয়নের বিভিন্ন পূজামণ্ডপ সরেজমিনে পরিদর্শন করেন।

পরিদর্শনকালে তিনি পূজার সার্বিক পরিবেশ পর্যবেক্ষণ করেন এবং নিরাপত্তার দায়িত্বে থাকা বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), আনসার ও গ্রাম পুলিশের সদস্যদের সঙ্গে কথা বলেন।

এ সময় পূজামণ্ডপে উপস্থিত পূজারি ও ভক্তদের সঙ্গে শারদীয় শুভেচ্ছা বিনিময় করেন।

পূজামণ্ডপের নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণ

মণ্ডপ পরিদর্শনের সময় স্বপন মল্লিক নিরাপত্তার দায়িত্বে থাকা সদস্যদের সঙ্গে কথা বলে সার্বিক পরিস্থিতির খোঁজ নেন।

দুর্গোৎসব নির্বিঘ্নে উদযাপনে নিরাপত্তা ও শান্তিপূর্ণ পরিবেশের গুরুত্ব তুলে ধরেন তিনি।

পূজারি ও ভক্তদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়

পরিদর্শনকালে তিনি পূজামণ্ডপে উপস্থিত পূজারি, ভক্ত ও স্থানীয় মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন।

এ সময় উৎসবের আনন্দ সবার মধ্যে ছড়িয়ে পড়ুক—এমন প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।

দুর্গাপূজা সম্প্রীতির প্রতীক: স্বপন মল্লিক

স্বপন মল্লিক বলেন, “দুর্গাপূজা আমাদের আনন্দ ও সম্প্রীতির প্রতীক।

সনাতন ধর্মাবলম্বী ভাই-বোনেরা যাতে অত্যন্ত সুন্দর ও শান্তিপূর্ণ পরিবেশে পূজা উদযাপন করতে পারেন, সে জন্য আমরা সব সময় পাশে আছি।”

তিনি শারদীয় দুর্গোৎসব উপলক্ষে সবার সুখ, শান্তি ও মঙ্গল কামনা করেন।

স্থানীয় ব্যক্তিবর্গের উপস্থিতি

পূজামণ্ডপ পরিদর্শনের সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, পূজা উদযাপন ফ্রন্টের নেতৃবৃন্দ এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

স্বপন মল্লিক ফুলতলা ইউনিয়ন পরিষদের ১ নম্বর ওয়ার্ডের সদস্য। তিনি ফুলতলা ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এবং বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের ৭ নম্বর ফুলতলা ইউনিয়ন শাখার সভাপতি হিসেবেও দায়িত্বহিসেবেও দায়িত্ব পালন করছেন।

অবৈধ অভিবাসনে কঠোর সরকার, ৪৯ এজেন্সির লাইসেন্স বাতিল

বাংলাভিউ প্রতিবেদক প্রকাশিত: বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬, ৩:০২ এম
অবৈধ অভিবাসনে কঠোর সরকার, ৪৯ এজেন্সির লাইসেন্স বাতিল

বৈধ পথে কর্মী পাঠাতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ এবং অবৈধ অভিবাসনের বিষয়ে কঠোর অবস্থানে রয়েছে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী। তিনি বলেন, অবৈধ অভিবাসনসহ বিভিন্ন অপরাধ ও অনিয়মে জড়িত ৪৯টি রিক্রুটিং এজেন্সির লাইসেন্স ইতোমধ্যে বাতিল করা হয়েছে।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত ও হেড অব ডেলিগেশন মাইকেল মিলারের সঙ্গে সৌজন্য সাক্ষাতে এসব কথা বলেন মন্ত্রী। কয়েকটি এজেন্সির অফিস সিলগালা করা হয়েছে এবং আইনভঙ্গকারীদের বিরুদ্ধে নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনার নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান তিনি।

৪৯ এজেন্সির লাইসেন্স বাতিল

মন্ত্রী জানান, বৈধ অভিবাসন বিষয়ে জনসচেতনতা বাড়াতে অভিবাসনসংশ্লিষ্ট ব্যক্তি, সংস্থা ও সাংবাদিকদের নিয়ে শিগগিরই গোলটেবিল বৈঠকের আয়োজন করা হবে। মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. সাইফুল হক চৌধুরী বলেন, রিক্রুটিং এজেন্সি বাছাই ও নিয়ন্ত্রণে সুনির্দিষ্ট মানদণ্ড রয়েছে। এজেন্সিগুলোর কার্যক্রম সরেজমিনে পরিদর্শনের জন্য একাধিক কমিটিও গঠন করা হয়েছে।

বৈঠকে ইইউ রাষ্ট্রদূত বাংলাদেশের জনশক্তি রপ্তানি ও রেমিট্যান্সে ইউরোপীয় ইউনিয়নের ভূমিকার কথা তুলে ধরেন। আগামী পাঁচ বছরে এক কোটি কর্মী বিদেশে পাঠানোর সরকারের লক্ষ্য নিয়েও তিনি আলোচনা করেন। একই সঙ্গে বেশি কর্মী পাঠানো এজেন্সিগুলোর লাইসেন্স প্রদান ও নিয়ন্ত্রণ প্রক্রিয়া সম্পর্কে জানতে চান।

বৈধ অভিবাসনে ইইউর সহযোগিতা

মাইকেল মিলার নৈতিক অভিবাসন উৎসাহিত করা এবং উচ্চ ব্যয়ে বিদেশ যাওয়ার প্রবণতা কমাতে বাংলাদেশের সঙ্গে যৌথভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করেন। বাংলাদেশি কর্মীরা যাতে বৈধ উপায়ে ইউরোপে প্রবেশ করতে পারেন, সে লক্ষ্যে ‘ট্যালেন্ট পার্টনারশিপ’সহ বিভিন্ন উদ্যোগে কাজ করার কথা জানান তিনি।

ইইউ বাংলাদেশে ইউরোপিয়ান ট্রেনিং ফাউন্ডেশনের কার্যক্রম এবং বিদেশফেরত কর্মীদের সামাজিক ও অর্থনৈতিক পুনর্বাসনে সহযোগিতা অব্যাহত রাখার কথাও জানিয়েছে। ইতালির সঙ্গে চলমান বৈধ অভিবাসন কার্যক্রমে সচেতনতা বাড়াতে ইইউকে প্রকল্প নেওয়ার আহ্বান জানানো হয়।

শ্রম আইন নিয়েও আলোচনা

বৈঠকে শ্রম আইন সংস্কারের বিভিন্ন বিষয় উঠে আসে। ট্রেড ইউনিয়ন বা সংগঠন গঠনের স্বাধীনতা, ইপিজেড আইনের সঙ্গে সাধারণ শ্রম আইনের সামঞ্জস্য, শিশুশ্রম নির্মূল এবং নিয়মিত কারখানা পরিদর্শনের ওপর গুরুত্ব দেন ইইউ রাষ্ট্রদূত।

বিদেশফেরত কর্মীদের পুনর্বাসনে বিশ্বব্যাংকের অর্থায়নে পরিচালিত রেইজ প্রকল্পের কার্যক্রমও সচল রয়েছে বলে মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে।

আরও পড়ুন

বাংলাদেশ থেকে ১০ হাজার কৃষক ও মৎস্যজীবী নেবে ওমান

সর্বশেষ প্রবাস ও জাতীয় খবর পেতে দৈনিক বাংলাভিউয়ের X পেজে যুক্ত থাকুন।

দুই দফা বরখাস্ত হয়েছিলেন মালা খান, এবার অডিটে নতুন আপত্তি

বাংলাভিউ প্রতিবেদক প্রকাশিত: বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬, ২:৫৭ এম
দুই দফা বরখাস্ত হয়েছিলেন মালা খান, এবার অডিটে নতুন আপত্তি

বাংলাদেশ রেফারেন্স ইনস্টিটিউট ফর কেমিক্যাল মেজারমেন্টসের (বিআরআইসিএম) প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা মালা খানের নিয়োগ নিয়ে দীর্ঘদিনের আইনি বিরোধের মধ্যেই নতুন করে অডিট আপত্তি উঠেছে। অডিট প্রতিবেদনে বলা হয়েছে, প্রয়োজনীয় যোগ্যতা ও অভিজ্ঞতা ছাড়া নিয়োগের কারণে সরকারের বেতন-ভাতা বাবদ ১ কোটি ৫ লাখ টাকার বেশি আর্থিক ক্ষতি হয়েছে। প্রতিষ্ঠানটির আরও কয়েকটি খাতে অনিয়মসহ মোট ৪ কোটি ৬১ লাখ টাকার আপত্তি তোলা হয়েছে।

ডাক, টেলিযোগাযোগ, বিজ্ঞান, তথ্য ও প্রযুক্তি অডিট অধিদপ্তরের ২০২৪-২৫ অর্থবছরের কমপ্লায়েন্স অডিটে এসব আপত্তি উঠে আসে। ২৮ মার্চ থেকে ২ এপ্রিল পর্যন্ত বিআরআইসিএমের কার্যক্রম পর্যালোচনায় মোট ১৩টি আপত্তি দেওয়া হয়। এর মধ্যে ছয়টি গুরুতর আর্থিক অনিয়ম এবং সাতটি সাধারণ আর্থিক অনিয়ম হিসেবে উল্লেখ করা হয়েছে।

মালা খানের নিয়োগ নিয়ে যে প্রশ্ন

অডিট প্রতিবেদনের তথ্য অনুযায়ী, প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা পদে বিজ্ঞানে ডক্টরেটের পাশাপাশি ডিগ্রি অর্জনের পর ১৪ বছরের গবেষণা অভিজ্ঞতা ও বিশেষ অবদানের শর্ত ছিল। ২০১৫ সালের বাছাই কমিটি প্রয়োজনীয় গবেষণা অভিজ্ঞতার প্রমাণ না পাওয়ায় মালা খানের আবেদন বাতিলের সুপারিশ করেছিল।

পরে তাঁর পিএইচডি ডিগ্রি প্রদানকারী প্রতিষ্ঠানটির অনুমোদন নিয়েও প্রশ্ন ওঠে। ২০১৬ সালে বিসিএসআইআরের ডিপিসি-১ তাঁকে নিয়োগের সুপারিশ করলেও বোর্ড তা নাকচ করে। এরপর ২০১৭ সালে তিনি হাইকোর্টে রিট করেন। হাইকোর্ট তাঁর পক্ষে রায় দিলেও পরে আপিল বিভাগ ওই রায়ের কার্যকারিতা স্থগিত করেন। মামলাটি এখনো চূড়ান্ত নিষ্পত্তি হয়নি বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

দুই দফা বরখাস্তের তথ্য

নিয়োগসংক্রান্ত তদন্তে অনিয়মের অভিযোগের পর ২০২৫ সালের ২৫ মে মালা খানকে সাময়িক বরখাস্ত করা হয়েছিল বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। পরে আদালতের স্থগিতাদেশের কারণে সেই সিদ্ধান্ত কার্যকর থাকা নিয়ে জটিলতা তৈরি হয়।

এর আগে ২০২২ সালে একটি প্রকল্পের অর্থ ব্যবস্থাপনা নিয়ে তদন্তের পরও তাঁকে বরখাস্ত করা হয়েছিল বলে বিআরআইসিএম সূত্রের বরাতে প্রতিবেদনে বলা হয়েছে। ওই আদেশের বিরুদ্ধেও রিট করে স্থগিতাদেশ নেওয়ার তথ্য রয়েছে।

অডিট আপত্তির বিষয়ে বিআরআইসিএমের মহাপরিচালক মো. ইফতেখার আহমেদ চৌধুরী বলেছেন,

আপত্তিগুলোর জবাব তথ্যপ্রমাণ সংগ্রহ করে দিতে হবে এবং পরে অডিট অধিদপ্তর তা যাচাই করবে। মালা খানও তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ সত্য নয় বলে জানিয়েছেন।

অডিট আপত্তির জবাব চাওয়া হয়েছে

অডিট অধিদপ্তর বিআরআইসিএমের কাছে আপত্তিগুলোর জবাব চেয়েছে। ফলে নিয়োগের যোগ্যতা, বেতন-ভাতা প্রদান এবং অন্যান্য আর্থিক অনিয়মের বিষয়ে প্রতিষ্ঠানের নথিপত্র ও ব্যাখ্যা পর্যালোচনার পর পরবর্তী সিদ্ধান্ত আসতে পারে।

আরও পড়ুন

সর্বশেষ অনুসন্ধানী ও জাতীয় খবর পেতে দৈনিক বাংলাভিউয়ের X পেজে যুক্ত থাকুন।