সোমবার, ৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩
সোমবার, ৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩

২০৩০ সালের মধ্যে বৈশ্বিক এআই হাব হওয়ার লক্ষ্য তুরস্কের, নতুন রোডম্যাপ ঘোষণা

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
২০৩০ সালের মধ্যে বৈশ্বিক এআই হাব হওয়ার লক্ষ্য তুরস্কের, নতুন রোডম্যাপ ঘোষণা

বিশ্বের অন্যতম কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই হাব হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করতে ২০২৬ থেকে ২০৩০ সাল পর্যন্ত মেয়াদি একটি উচ্চাভিলাষী কর্মপরিকল্পনা ঘোষণা করেছে তুরস্ক। প্রযুক্তিগত স্বনির্ভরতা অর্জন এবং কৌশলগত বিভিন্ন গুরুত্বপূর্ণ খাতে এআইভিত্তিক উদ্ভাবনী সমাধানের প্রয়োগ বাড়ানোর লক্ষ্যেই এই নতুন রোডম্যাপ তৈরি করা হয়েছে। মঙ্গলবার প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোয়ান এই সংক্রান্ত একটি বিশেষ সার্কুলারে স্বাক্ষর করেছেন, যা পরবর্তীতে দেশটির সরকারি গেজেটে প্রকাশিত হয়েছে। শিল্প ও প্রযুক্তি মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে প্রণীত এই পরিকল্পনায় দেশের ডিজিটাল রূপান্তর ও প্রযুক্তিগত সার্বভৌমত্ব নিশ্চিত করার ওপর জোর দেওয়া হয়েছে।

এই কর্মপরিকল্পনাটি মূলত সচেতনতা তৈরি, এআই প্রযুক্তির ব্যবহার, উৎপাদন এবং এর সামগ্রিক ব্যবস্থাপনা—এই চারটি মূল স্তম্ভের ওপর ভিত্তি করে সাজানো হয়েছে। এর মাধ্যমে একটি শক্তিশালী ও নির্ভরযোগ্য এআই ইকোসিস্টেম গড়ে তোলার লক্ষ্য নিয়েছে আঙ্কারা। পরিকল্পনার অংশ হিসেবে আগামী দুই বছরের মধ্যে তুরস্কের ৮১টি প্রদেশের ৫০ লাখ নাগরিককে এআই বিষয়ক প্রশিক্ষণ দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এছাড়া জাতীয় প্রতিভা উন্নয়ন কর্মসূচির আওতায় ১০ হাজার উচ্চপর্যায়ের এআই বিশেষজ্ঞ এবং ১ লাখ এআই প্রয়োগকারী পেশাজীবী তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে।

সরকারি পর্যায়ে ডেটাসেট তৈরির ক্ষেত্রেও বড় ধরনের পদক্ষেপ নিয়েছে তুরস্ক। সরকার অন্তত ২ হাজার সরকারি ডেটাসেট প্রস্তুত করার পরিকল্পনা হাতে নিয়েছে। একই সঙ্গে এআই ব্যবহারের ক্ষেত্রে ব্যবহারকারীদের অধিকার সুরক্ষা নিশ্চিত করতে আইনগত ও নৈতিক কাঠামো তৈরির কাজ শুরু হয়েছে। ২০৩০ সালের মধ্যে দেশটির ডেটা সেন্টারগুলোর মোট কম্পিউটিং সক্ষমতা ১ গিগাওয়াটে উন্নীত করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এছাড়া গবেষক, স্টার্টআপ এবং ক্ষুদ্র উদ্যোক্তাদের এআই গবেষণায় সহায়তা দিতে ২ কোটি জিপিইউ-আওয়ার বরাদ্দের পরিকল্পনা রয়েছে।

সরকারি প্রতিষ্ঠানগুলোর জন্য বিনিয়োগের ক্ষেত্রে নতুন নির্দেশনা দেওয়া হয়েছে, যার আওতায় প্রতিটি প্রতিষ্ঠানকে তাদের বার্ষিক বিনিয়োগ বাজেটের অন্তত ২ শতাংশ এআই প্রকল্পে ব্যয় করতে হবে। স্বাস্থ্য, জ্বালানি এবং স্মার্ট ম্যানুফ্যাকচারিংয়ের মতো অগ্রাধিকারপ্রাপ্ত খাতে ইতোমধ্যে পরীক্ষামূলক এআই প্রকল্প চালু করা হয়েছে। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলোতে সহজলভ্য জ্বালানি ও অবকাঠামো ব্যবহার করে এআই গ্রোথ জোন প্রতিষ্ঠার পরিকল্পনাও রয়েছে। পাশাপাশি দেশীয় উদ্যোগে অর্থায়নের জন্য একটি বিশেষ এআই গবেষণা তহবিল ও গ্রোথ ফান্ড গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যা ডেভেলপারদের নিজস্ব ভাষা মডেল ও রোবটিক প্রযুক্তি তৈরিতে সহায়তা করবে।

বেসরকারি খাতের মাধ্যমে অন্তত ১০ বিলিয়ন ডলারের এআই ও ডেটা সেন্টার বিনিয়োগ আকর্ষণের লক্ষ্য নির্ধারণ করেছে তুরস্ক। আন্তর্জাতিক অঙ্গনে নিজেদের অবস্থান জানান দিতে ওসিইডি, জি২০ ও জাতিসংঘের মতো প্ল্যাটফর্মে এআই-সংক্রান্ত আলোচনায় সক্রিয় ভূমিকা রাখার পরিকল্পনা রয়েছে দেশটির। আঞ্চলিক পর্যায়ে সহযোগিতা বাড়াতে তুর্কি ভাষাগোষ্ঠীর দেশগুলোর জন্য একটি অভিন্ন বৃহৎ ভাষা মডেল বা এলএলএম তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে। এছাড়া উদ্ভাবনী প্রযুক্তির পরীক্ষার জন্য অন্তত পাঁচটি অগ্রাধিকার খাতে নিয়ন্ত্রক ‘স্যান্ডবক্স’ চালুর পরিকল্পনাও রয়েছে।

তুরস্কের শিল্প ও প্রযুক্তিমন্ত্রী মেহমেত ফাতিহ কাচির জানিয়েছেন, বর্তমান বিশ্বে অর্থনৈতিক সমৃদ্ধি ও রাষ্ট্রীয় সার্বভৌমত্বের নতুন নির্ধারক হয়ে উঠছে কৃত্রিম বুদ্ধিমত্তা। তিনি বলেন, এই বৈশ্বিক রূপান্তরের ক্ষেত্রে তুরস্ক কেবল দর্শক হয়ে থাকতে চায় না, বরং অগ্রণী ভূমিকা পালন করতে চায়। নিজস্ব মূল্যবোধের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ বিশ্বাসযোগ্য এআই পণ্য ও সেবা তৈরি এবং কৌশলগত খাতে সেগুলো ব্যাপকভাবে ব্যবহারের সক্ষমতা গড়ে তোলাই তুরস্কের মূল লক্ষ্য।

মন্ত্রী আরও উল্লেখ করেন, দেশের অভ্যন্তরীণ উন্নয়নের পাশাপাশি মানবজাতির সামগ্রিক কল্যাণে এআইয়ের সম্ভাবনাকে সর্বোচ্চ পর্যায়ে কাজে লাগাতে চায় তুরস্ক। আন্তর্জাতিক বাজারে নিজস্ব প্রযুক্তির উদ্ভাবন ও রপ্তানি বাড়ানোর মাধ্যমে তুরস্ক বিশ্ববাজারে নিজেদের অবস্থান আরও সুসংহত করার প্রস্তুতি নিচ্ছে।

দুর্গাপূজায় স্বপন মল্লিকের শুভেচ্ছা ও মণ্ডপ পরিদর্শন

বিশেষ প্রতিবেদক, সিলেট থেকে প্রকাশিত: রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬, ৩:১২ এম
দুর্গাপূজায় স্বপন মল্লিকের শুভেচ্ছা ও মণ্ডপ পরিদর্শন

শারদীয় দুর্গাপূজা ২০২৬ উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীসহ দেশ-বিদেশে অবস্থানরত সর্বস্তরের মানুষের প্রতি আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন ফুলতলা ইউনিয়নের ইউপি সদস্য ও সমাজসেবক স্বপন মল্লিক। মহাসপ্তমীর দিন তিনি ফুলতলা ইউনিয়নের বিভিন্ন পূজামণ্ডপ সরেজমিনে পরিদর্শন করেন।

পরিদর্শনকালে তিনি পূজার সার্বিক পরিবেশ পর্যবেক্ষণ করেন এবং নিরাপত্তার দায়িত্বে থাকা বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), আনসার ও গ্রাম পুলিশের সদস্যদের সঙ্গে কথা বলেন।

এ সময় পূজামণ্ডপে উপস্থিত পূজারি ও ভক্তদের সঙ্গে শারদীয় শুভেচ্ছা বিনিময় করেন।

পূজামণ্ডপের নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণ

মণ্ডপ পরিদর্শনের সময় স্বপন মল্লিক নিরাপত্তার দায়িত্বে থাকা সদস্যদের সঙ্গে কথা বলে সার্বিক পরিস্থিতির খোঁজ নেন।

দুর্গোৎসব নির্বিঘ্নে উদযাপনে নিরাপত্তা ও শান্তিপূর্ণ পরিবেশের গুরুত্ব তুলে ধরেন তিনি।

পূজারি ও ভক্তদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়

পরিদর্শনকালে তিনি পূজামণ্ডপে উপস্থিত পূজারি, ভক্ত ও স্থানীয় মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন।

এ সময় উৎসবের আনন্দ সবার মধ্যে ছড়িয়ে পড়ুক—এমন প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।

দুর্গাপূজা সম্প্রীতির প্রতীক: স্বপন মল্লিক

স্বপন মল্লিক বলেন, “দুর্গাপূজা আমাদের আনন্দ ও সম্প্রীতির প্রতীক।

সনাতন ধর্মাবলম্বী ভাই-বোনেরা যাতে অত্যন্ত সুন্দর ও শান্তিপূর্ণ পরিবেশে পূজা উদযাপন করতে পারেন, সে জন্য আমরা সব সময় পাশে আছি।”

তিনি শারদীয় দুর্গোৎসব উপলক্ষে সবার সুখ, শান্তি ও মঙ্গল কামনা করেন।

স্থানীয় ব্যক্তিবর্গের উপস্থিতি

পূজামণ্ডপ পরিদর্শনের সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, পূজা উদযাপন ফ্রন্টের নেতৃবৃন্দ এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

স্বপন মল্লিক ফুলতলা ইউনিয়ন পরিষদের ১ নম্বর ওয়ার্ডের সদস্য। তিনি ফুলতলা ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এবং বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের ৭ নম্বর ফুলতলা ইউনিয়ন শাখার সভাপতি হিসেবেও দায়িত্বহিসেবেও দায়িত্ব পালন করছেন।

অবৈধ অভিবাসনে কঠোর সরকার, ৪৯ এজেন্সির লাইসেন্স বাতিল

বাংলাভিউ প্রতিবেদক প্রকাশিত: বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬, ৩:০২ এম
অবৈধ অভিবাসনে কঠোর সরকার, ৪৯ এজেন্সির লাইসেন্স বাতিল

বৈধ পথে কর্মী পাঠাতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ এবং অবৈধ অভিবাসনের বিষয়ে কঠোর অবস্থানে রয়েছে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী। তিনি বলেন, অবৈধ অভিবাসনসহ বিভিন্ন অপরাধ ও অনিয়মে জড়িত ৪৯টি রিক্রুটিং এজেন্সির লাইসেন্স ইতোমধ্যে বাতিল করা হয়েছে।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত ও হেড অব ডেলিগেশন মাইকেল মিলারের সঙ্গে সৌজন্য সাক্ষাতে এসব কথা বলেন মন্ত্রী। কয়েকটি এজেন্সির অফিস সিলগালা করা হয়েছে এবং আইনভঙ্গকারীদের বিরুদ্ধে নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনার নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান তিনি।

৪৯ এজেন্সির লাইসেন্স বাতিল

মন্ত্রী জানান, বৈধ অভিবাসন বিষয়ে জনসচেতনতা বাড়াতে অভিবাসনসংশ্লিষ্ট ব্যক্তি, সংস্থা ও সাংবাদিকদের নিয়ে শিগগিরই গোলটেবিল বৈঠকের আয়োজন করা হবে। মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. সাইফুল হক চৌধুরী বলেন, রিক্রুটিং এজেন্সি বাছাই ও নিয়ন্ত্রণে সুনির্দিষ্ট মানদণ্ড রয়েছে। এজেন্সিগুলোর কার্যক্রম সরেজমিনে পরিদর্শনের জন্য একাধিক কমিটিও গঠন করা হয়েছে।

বৈঠকে ইইউ রাষ্ট্রদূত বাংলাদেশের জনশক্তি রপ্তানি ও রেমিট্যান্সে ইউরোপীয় ইউনিয়নের ভূমিকার কথা তুলে ধরেন। আগামী পাঁচ বছরে এক কোটি কর্মী বিদেশে পাঠানোর সরকারের লক্ষ্য নিয়েও তিনি আলোচনা করেন। একই সঙ্গে বেশি কর্মী পাঠানো এজেন্সিগুলোর লাইসেন্স প্রদান ও নিয়ন্ত্রণ প্রক্রিয়া সম্পর্কে জানতে চান।

বৈধ অভিবাসনে ইইউর সহযোগিতা

মাইকেল মিলার নৈতিক অভিবাসন উৎসাহিত করা এবং উচ্চ ব্যয়ে বিদেশ যাওয়ার প্রবণতা কমাতে বাংলাদেশের সঙ্গে যৌথভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করেন। বাংলাদেশি কর্মীরা যাতে বৈধ উপায়ে ইউরোপে প্রবেশ করতে পারেন, সে লক্ষ্যে ‘ট্যালেন্ট পার্টনারশিপ’সহ বিভিন্ন উদ্যোগে কাজ করার কথা জানান তিনি।

ইইউ বাংলাদেশে ইউরোপিয়ান ট্রেনিং ফাউন্ডেশনের কার্যক্রম এবং বিদেশফেরত কর্মীদের সামাজিক ও অর্থনৈতিক পুনর্বাসনে সহযোগিতা অব্যাহত রাখার কথাও জানিয়েছে। ইতালির সঙ্গে চলমান বৈধ অভিবাসন কার্যক্রমে সচেতনতা বাড়াতে ইইউকে প্রকল্প নেওয়ার আহ্বান জানানো হয়।

শ্রম আইন নিয়েও আলোচনা

বৈঠকে শ্রম আইন সংস্কারের বিভিন্ন বিষয় উঠে আসে। ট্রেড ইউনিয়ন বা সংগঠন গঠনের স্বাধীনতা, ইপিজেড আইনের সঙ্গে সাধারণ শ্রম আইনের সামঞ্জস্য, শিশুশ্রম নির্মূল এবং নিয়মিত কারখানা পরিদর্শনের ওপর গুরুত্ব দেন ইইউ রাষ্ট্রদূত।

বিদেশফেরত কর্মীদের পুনর্বাসনে বিশ্বব্যাংকের অর্থায়নে পরিচালিত রেইজ প্রকল্পের কার্যক্রমও সচল রয়েছে বলে মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে।

আরও পড়ুন

বাংলাদেশ থেকে ১০ হাজার কৃষক ও মৎস্যজীবী নেবে ওমান

সর্বশেষ প্রবাস ও জাতীয় খবর পেতে দৈনিক বাংলাভিউয়ের X পেজে যুক্ত থাকুন।

দুই দফা বরখাস্ত হয়েছিলেন মালা খান, এবার অডিটে নতুন আপত্তি

বাংলাভিউ প্রতিবেদক প্রকাশিত: বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬, ২:৫৭ এম
দুই দফা বরখাস্ত হয়েছিলেন মালা খান, এবার অডিটে নতুন আপত্তি

বাংলাদেশ রেফারেন্স ইনস্টিটিউট ফর কেমিক্যাল মেজারমেন্টসের (বিআরআইসিএম) প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা মালা খানের নিয়োগ নিয়ে দীর্ঘদিনের আইনি বিরোধের মধ্যেই নতুন করে অডিট আপত্তি উঠেছে। অডিট প্রতিবেদনে বলা হয়েছে, প্রয়োজনীয় যোগ্যতা ও অভিজ্ঞতা ছাড়া নিয়োগের কারণে সরকারের বেতন-ভাতা বাবদ ১ কোটি ৫ লাখ টাকার বেশি আর্থিক ক্ষতি হয়েছে। প্রতিষ্ঠানটির আরও কয়েকটি খাতে অনিয়মসহ মোট ৪ কোটি ৬১ লাখ টাকার আপত্তি তোলা হয়েছে।

ডাক, টেলিযোগাযোগ, বিজ্ঞান, তথ্য ও প্রযুক্তি অডিট অধিদপ্তরের ২০২৪-২৫ অর্থবছরের কমপ্লায়েন্স অডিটে এসব আপত্তি উঠে আসে। ২৮ মার্চ থেকে ২ এপ্রিল পর্যন্ত বিআরআইসিএমের কার্যক্রম পর্যালোচনায় মোট ১৩টি আপত্তি দেওয়া হয়। এর মধ্যে ছয়টি গুরুতর আর্থিক অনিয়ম এবং সাতটি সাধারণ আর্থিক অনিয়ম হিসেবে উল্লেখ করা হয়েছে।

মালা খানের নিয়োগ নিয়ে যে প্রশ্ন

অডিট প্রতিবেদনের তথ্য অনুযায়ী, প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা পদে বিজ্ঞানে ডক্টরেটের পাশাপাশি ডিগ্রি অর্জনের পর ১৪ বছরের গবেষণা অভিজ্ঞতা ও বিশেষ অবদানের শর্ত ছিল। ২০১৫ সালের বাছাই কমিটি প্রয়োজনীয় গবেষণা অভিজ্ঞতার প্রমাণ না পাওয়ায় মালা খানের আবেদন বাতিলের সুপারিশ করেছিল।

পরে তাঁর পিএইচডি ডিগ্রি প্রদানকারী প্রতিষ্ঠানটির অনুমোদন নিয়েও প্রশ্ন ওঠে। ২০১৬ সালে বিসিএসআইআরের ডিপিসি-১ তাঁকে নিয়োগের সুপারিশ করলেও বোর্ড তা নাকচ করে। এরপর ২০১৭ সালে তিনি হাইকোর্টে রিট করেন। হাইকোর্ট তাঁর পক্ষে রায় দিলেও পরে আপিল বিভাগ ওই রায়ের কার্যকারিতা স্থগিত করেন। মামলাটি এখনো চূড়ান্ত নিষ্পত্তি হয়নি বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

দুই দফা বরখাস্তের তথ্য

নিয়োগসংক্রান্ত তদন্তে অনিয়মের অভিযোগের পর ২০২৫ সালের ২৫ মে মালা খানকে সাময়িক বরখাস্ত করা হয়েছিল বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। পরে আদালতের স্থগিতাদেশের কারণে সেই সিদ্ধান্ত কার্যকর থাকা নিয়ে জটিলতা তৈরি হয়।

এর আগে ২০২২ সালে একটি প্রকল্পের অর্থ ব্যবস্থাপনা নিয়ে তদন্তের পরও তাঁকে বরখাস্ত করা হয়েছিল বলে বিআরআইসিএম সূত্রের বরাতে প্রতিবেদনে বলা হয়েছে। ওই আদেশের বিরুদ্ধেও রিট করে স্থগিতাদেশ নেওয়ার তথ্য রয়েছে।

অডিট আপত্তির বিষয়ে বিআরআইসিএমের মহাপরিচালক মো. ইফতেখার আহমেদ চৌধুরী বলেছেন,

আপত্তিগুলোর জবাব তথ্যপ্রমাণ সংগ্রহ করে দিতে হবে এবং পরে অডিট অধিদপ্তর তা যাচাই করবে। মালা খানও তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ সত্য নয় বলে জানিয়েছেন।

অডিট আপত্তির জবাব চাওয়া হয়েছে

অডিট অধিদপ্তর বিআরআইসিএমের কাছে আপত্তিগুলোর জবাব চেয়েছে। ফলে নিয়োগের যোগ্যতা, বেতন-ভাতা প্রদান এবং অন্যান্য আর্থিক অনিয়মের বিষয়ে প্রতিষ্ঠানের নথিপত্র ও ব্যাখ্যা পর্যালোচনার পর পরবর্তী সিদ্ধান্ত আসতে পারে।

আরও পড়ুন

সর্বশেষ অনুসন্ধানী ও জাতীয় খবর পেতে দৈনিক বাংলাভিউয়ের X পেজে যুক্ত থাকুন।