জুলাই গণঅভ্যুত্থানের সময় রাজশাহীতে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় অভিযোগ আমলে নিয়ে রাজশাহী সিটি করপোরেশনের সাবেক মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটনসহ মোট ৩৪ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
এর আগে গত ৩০ জুলাই এই মামলায় আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হয়েছিল, যেখানে লিটনসহ মোট ৩৮ জনকে আসামি করা হয়। শুনানি শেষে ট্রাইব্যুনাল ৩৪ জনের বিরুদ্ধে এই পরোয়ানা জারির আদেশ দেন।
গ্রেপ্তারি পরোয়ানা পাওয়া অন্য আসামিরা
মামলার অন্যান্য উল্লেখযোগ্য আসামিদের মধ্যে রয়েছেন রাজশাহী-৩ আসনের সাবেক সংসদ সদস্য আসাদুজ্জামান আসাদ, রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার, রাজশাহী মহানগর পুলিশের সাবেক কমিশনার বিপ্লব বিজয় তালুকদার এবং বোয়ালিয়া থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা হুমায়ুন কবীর।
তাদের বিরুদ্ধে জুলাই গণ-অভ্যুত্থান চলাকালে আন্দোলনকারীদের ওপর পরিকল্পিত হামলা, হত্যা ও গুরুতর জখমের সুনির্দিষ্ট অভিযোগ আনা হয়েছে।
অভিযোগে যা বলা হয়েছে
আনুষ্ঠানিক অভিযোগে উল্লেখ করা হয়েছে যে, আসামিরা রাজশাহীতে আন্দোলনরত সাধারণ মানুষের ওপর সহিংসতা চালিয়ে মানবতাবিরোধী অপরাধ সংঘটিত করেছেন।
এই ঘটনায় রায়হান আলী ও আনজুম সাকিব নামে দুই আন্দোলনকারীকে হত্যার পাশাপাশি আরও অনেককে গুরুতর আহত করার অভিযোগ রয়েছে। ট্রাইব্যুনাল অভিযোগগুলো আমলে নিয়ে আইনানুগ পরবর্তী পদক্ষেপ হিসেবে এই গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন।