ভবিষ্যতে পাকিস্তান, বাংলাদেশ এবং আফগানিস্তান পুনরায় ভারতের অংশ হবে বলে মন্তব্য করেছেন বিতর্কিত যোগগুরু রামদেব। রায়পুরের স্বামী বিবেকানন্দ বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এই দাবি করেন। রামদেবের মতে, এই লক্ষ্য অর্জনের জন্য ভারতীয়দের ধৈর্য ধারণ করা প্রয়োজন।
তিনি অভিযোগ করেন যে, পাকিস্তান ও বাংলাদেশে হিন্দুরা চরম নির্যাতন ও অবিচারের শিকার হচ্ছেন। তার ভাষায়, এই নিপীড়ন মানবসভ্যতার ইতিহাসের অন্যতম নিষ্ঠুর ঘটনা। তিনি আরও বলেন, দেশে ধর্মীয় পরিবর্তনের প্রেক্ষাপটে ভবিষ্যতে যেন কাউকে এমন নির্যাতনের মুখোমুখি হতে না হয়, তা নিশ্চিত করা জরুরি।
রামদেব স্পষ্ট করেন যে, ভারতে হিন্দু, ইসলাম বা খ্রিষ্টান কোনো ধর্মই হুমকির মুখে নেই, বরং ভারতের সম্মান ও মর্যাদাই বর্তমানে হুমকির সম্মুখীন। তিনি বিশ্বমঞ্চে যুক্তরাষ্ট্র, চীন ও রাশিয়ার মতো ভারতের সমান মর্যাদা ও সম্মান পাওয়ার আকাঙ্ক্ষা ব্যক্ত করেন। এছাড়া তিনি যোগ করেন, গণতন্ত্রে মতপ্রকাশের স্বাধীনতা থাকলেও তা সংবিধান ও নৈতিকতার সীমার ভেতরে থাকা উচিত।