সিরিয়ার আবু আল-জুহুর সামরিক ঘাঁটিতে বিমান হামলা, সন্দেহের তালিকায় ইসরায়েল

উত্তর সিরিয়ার ইদলিব প্রদেশের কৌশলগত আবু আল-জুহুর সামরিক বিমানবন্দরে সম্প্রতি বিমান হামলার ঘটনা ঘটেছে। ২০২৪ সালের ডিসেম্বরে বাশার আল-আসাদের পতনের পর এই বিমানঘাঁটিতে এটিই প্রথম বড় ধরনের কোনো হামলা। হামলায় রানওয়ে ক্ষতিগ্রস্ত হলেও এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। সামরিক বিশ্লেষকদের মতে, হামলার ধরন ও সক্ষমতা বিশ্লেষণ করলে এটি ইসরায়েলের কাজ হওয়ার সম্ভাবনাই সবচেয়ে বেশি। আল জাজিরা অনলাইনের প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে।

ইদলিবের রাজনৈতিক বিশ্লেষক কামাল আবদো জানিয়েছেন, সিরিয়ার আকাশসীমায় এমন বড় পরিসরে সামরিক বিমান ব্যবহার করে হামলা চালানোর সক্ষমতা ইরান বা তাদের মিত্রদের নেই। তিনি আরও বলেন, সিরিয়ার নিজস্ব কোনো কার্যকর বিমানবাহিনী কিংবা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা না থাকায় দেশটি নিজেদের আকাশসীমা সুরক্ষায় ব্যর্থ হচ্ছে এবং কোনো পাল্টা জবাবও দিতে পারছে না। যদিও দামেস্ক অস্ত্র সংগ্রহের জন্য রাশিয়া ও তুরস্কের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে, তবে তীব্র আর্থিক সংকট বড় বাধা হয়ে দাঁড়িয়েছে।

বিশ্লেষকদের মতে, এই হামলার সময়টি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। মার্কিন ও তুর্কি প্রেসিডেন্টের ফোনালাপ এবং সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে মার্কিন দূতের বৈঠকের মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই এই হামলা চালানো হয়েছে। এর মাধ্যমে ইসরায়েল মূলত তুরস্ক ও সংশ্লিষ্ট পক্ষগুলোকে একটি কঠোর বার্তা দিতে চাইছে যে, পুরো অঞ্চলের প্রতিটি গতিবিধির ওপর তারা সতর্ক নজর রাখছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *