পবিত্র কোরআন মুখস্থ, তিলাওয়াত ও তাফসিরের ৪৬তম বাদশাহ আবদুল আজিজ আন্তর্জাতিক প্রতিযোগিতায় এবার রেকর্ড পরিমাণ পুরস্কার ঘোষণা করা হয়েছে। মক্কায় আয়োজিত এই আসরে মোট ১ কোটি ২৬ লাখ সৌদি রিয়াল বা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩৩ কোটি ৫০ লাখ টাকার পুরস্কার দেওয়া হচ্ছে, যা আগের তুলনায় উল্লেখযোগ্যভাবে বেশি। সৌদি ইসলামবিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, কোরআনের প্রতি নিষ্ঠা ও হাফেজদের উৎসাহিত করতেই এই আর্থিক প্রণোদনা দেওয়া হয়েছে।
ছয় দিনব্যাপী এই প্রতিযোগিতায় বিশ্বের ১৩৩টি দেশের ৩৩৪ জন প্রতিযোগী অংশ নিয়েছেন। এবারের আসরের অন্যতম বিশেষত্ব হলো প্রতিযোগিতার ইতিহাসে প্রথমবারের মতো নারীদের অংশগ্রহণ। পুরুষ প্রতিযোগীদের চূড়ান্ত পর্ব পবিত্র মসজিদুল হারামে অনুষ্ঠিত হলেও নারী প্রতিযোগীদের চূড়ান্ত পর্ব নির্ধারিত ভেন্যুতে সম্পন্ন হয়েছে। পাঁচটি বিভাগে মোট ৫০ জন বিজয়ীকে আনুষ্ঠানিকভাবে সম্মাননা দেওয়া হবে। আগামী বুধবার মসজিদুল হারামে প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
প্রতিযোগীদের কোরআন মুখস্থের দক্ষতা, আয়ত্ত, তিলাওয়াতের মান ও পরিবেশনার ওপর ভিত্তি করে মূল্যায়ন করা হয়েছে। বিচারপ্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত করতে এবার উন্নত ইলেকট্রনিক জাজিং সিস্টেম ব্যবহার করা হয়েছে। শুধু বিজয়ীদের জন্যই নয়, অংশগ্রহণকারী প্রত্যেক প্রতিযোগীকে ৫ হাজার সৌদি রিয়াল করে দেওয়া হয়েছে। ৩৩৪ জন প্রতিযোগীর জন্য এই খাতে মোট ১৬ লাখ ৭০ হাজার সৌদি রিয়াল বা প্রায় ৪ কোটি ৪৫ লাখ টাকা ব্যয় করা হয়েছে।
সৌদি আরবের কোরআন ও হাফেজদের প্রতি পৃষ্ঠপোষকতার ধারাবাহিকতার অংশ হিসেবেই এবারের আসরে পুরস্কারের পরিমাণ বাড়ানো হয়েছে। পাঁচটি বিভাগে বিজয়ী ৫০ জন নারী ও পুরুষকে চূড়ান্তভাবে পুরস্কৃত করার মাধ্যমে এই আন্তর্জাতিক প্রতিযোগিতার সমাপ্তি ঘটবে।