চলন্ত মোটরসাইকেলে ভিডিও করতে গিয়ে তরুণের মৃত্যু

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় সড়ক দুর্ঘটনায় শাওন মিয়া (৩১) নামের এক তরুণের মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার (১৭ আগস্ট) দুপুরে উপজেলার রাজা বিরাট সড়কের ইসলামপুর কারেন্টের মোড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত শাওন বগুড়ার মোকামতলা উপজেলার দাড়িদহ সরদার পাড়া গ্রামের বাসিন্দা ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শাওন দীর্ঘদিন ধরে ফেসবুকের জন্য ভিডিও কনটেন্ট তৈরি করতেন। তিনি প্রায়ই চলন্ত মোটরসাইকেলের হ্যান্ডেল ছেড়ে দিয়ে ভিডিও ধারণ করতেন এবং তার সহযোগীরা তা রেকর্ড করতেন। সোমবার সকালেও তিনি একইভাবে ভিডিও তৈরির চেষ্টা করছিলেন। এ সময় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে একটি গাছের সঙ্গে সজোরে ধাক্কা লাগে। এতে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায় এবং শাওন গুরুতর আহত হন।

স্থানীয়রা তাকে উদ্ধার করে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তার মৃত্যু হয়। স্থানীয় বাসিন্দা ওমর ফারুক রনি জানান, শাওন নিয়মিত এ ধরনের ঝুঁকিপূর্ণ ভিডিও বানাতেন। সম্প্রতি বিদেশ থেকে ফিরে তিনি কনটেন্ট তৈরির কাজে মনোনিবেশ করেছিলেন এবং পাঁচ মাস আগে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন।

গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোজাম্মেল হক জানান, পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে এসেছে। নিহতের স্বজনদের খবর দেওয়া হয়েছে এবং তাদের উপস্থিতিতে পরবর্তী আইনি প্রক্রিয়া সম্পন্ন করা হবে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *