ভারতীয় অভিনেত্রী অনন্যা রাজ আর নেই। মাত্র ৩৫ বছর বয়সে না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন এই শিল্পী। তিনি ‘থাগ্গেদে লে’, ‘৭ আওয়ার্স টু গো’, ‘ঘোস্ট’ এবং ‘দ্য ফাইনাল এক্সিট’-এর মতো বেশ কিছু সিনেমায় অভিনয় করে পরিচিতি পেয়েছিলেন। খবর বলিউড হাঙ্গামার।
অনন্যার পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, গত ১৫ জুলাই ভোরে ঘুমের মধ্যেই তাঁর মৃত্যু হয়। মৃত্যুর প্রায় এক মাস পর গত রোববার তাঁর পরিবারের সদস্যরা অনন্যার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একটি আনুষ্ঠানিক বিবৃতি প্রকাশ করে বিষয়টি নিশ্চিত করেন। বিবৃতিতে পরিবারের সদস্যরা লিখেছেন, ‘অত্যন্ত কষ্টের সঙ্গে জানাচ্ছি, ১৫ জুলাই ভোরে অনন্যা মারা গেছে। ঘুমের মধ্যেই শান্তিপূর্ণভাবে তার মৃত্যু হয়। এক বছরেরও বেশি সময় ধরে সে শারীরিক ও মানসিক অস্বস্তির মধ্য দিয়ে যাচ্ছিল। সেসব কাটিয়ে ওঠার জন্য একজন যোদ্ধার মতো লড়াই করেছে সে।’
অভিনয় জীবনে অনন্যা রাজ শুধু সিনেমাতেই সীমাবদ্ধ ছিলেন না। বিভিন্ন সংগীত প্রযোজনা প্রতিষ্ঠানের মিউজিক ভিডিওতেও তাঁকে নিয়মিত দেখা গেছে। টি-সিরিজ, জি মিউজিক ও টাইমস মিউজিকের মতো বড় প্রতিষ্ঠানের বেশ কিছু মিউজিক ভিডিওতে কাজ করেছেন তিনি। তাঁর অকাল প্রয়াণে বিনোদন অঙ্গনের সহকর্মী ও অনুরাগীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
পরিবারের বিবৃতিতে আরও বলা হয়েছে, ‘তোমার অনুপস্থিতি আমরা গভীরভাবে অনুভব করব। সবাইকে অনুরোধ করছি, তাঁর আত্মার শান্তির জন্য প্রার্থনা করুন। এই কঠিন সময়ে আমরা গোপনীয়তা ও নীরবতা বজায় রাখতে চাই।’ মৃত্যুর কারণ সম্পর্কে পরিবার বিস্তারিত কিছু জানায়নি। শুধু জানিয়েছে, মৃত্যুর আগে এক বছরের বেশি সময় ধরে তিনি শারীরিক ও মানসিক অস্বস্তির সঙ্গে লড়াই করছিলেন। পরিবারের পক্ষ থেকে এই শোকের সময়ে গোপনীয়তা বজায় রাখার অনুরোধ জানানো হয়েছে।