সোমবার সকালে তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত লিথুয়ানিয়ার অনাবাসিক রাষ্ট্রদূত ডায়ানা মিকেভিসিয়েন। বৈঠকে দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়ন, বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধি, শিক্ষা ও তথ্যপ্রযুক্তি খাতে পারস্পরিক সহযোগিতা এবং দক্ষ মানবসম্পদ বিনিময়ের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে।
আলোচনাকালে পররাষ্ট্র উপদেষ্টা বাংলাদেশ ও লিথুয়ানিয়ার মধ্যে চলমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ও সহযোগিতার প্রশংসা করেন। তিনি বাংলাদেশের দক্ষ ও প্রশিক্ষিত জনশক্তির বিশাল সম্ভাবনার কথা তুলে ধরে লিথুয়ানিয়াকে এ দেশ থেকে আরও বেশি কর্মী নিয়োগের আহ্বান জানান। এছাড়া বাংলাদেশি নাগরিকদের ভিসা প্রাপ্তি সহজ করার লক্ষ্যে ঢাকায় লিথুয়ানিয়ার একটি ভিসা সেন্টার স্থাপনের অনুরোধ জানান তিনি। অন্যদিকে, লিথুয়ানিয়ার রাষ্ট্রদূত শিক্ষা খাতে দ্বিপাক্ষিক সহযোগিতা আরও বাড়ানোর বিষয়ে বিশেষ আগ্রহ প্রকাশ করেছেন। উভয় পক্ষই ভবিষ্যতে পারস্পরিক সম্পর্ক আরও সুদৃঢ় করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন।