হাঙ্গেরির পূর্বাঞ্চলে মেজোকেরেস্তেস শহরের কাছে একটি ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অন্তত ১২ জন তীর্থযাত্রী নিহত হয়েছেন। রোববার স্থানীয় সময় রাত আনুমানিক ১টার দিকে বসনিয়ার একটি ধর্মীয় স্থান থেকে পোল্যান্ডে ফেরার পথে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশের খাদে পড়ে যায়। বাসটিতে মোট ৫৭ জন যাত্রী ও দুজন চালক ছিলেন। উদ্ধারকারী দল ও পুলিশ জানিয়েছে, সোজা রাস্তা থেকে ছিটকে গিয়ে বাসটি খাদে পড়ে দুমড়েমুচড়ে যায়। প্রাথমিক তদন্তে চালক ঘুমিয়ে পড়ার কারণে এই দুর্ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। ইতোমধ্যে বাসচালককে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
দুর্ঘটনায় আহত অন্তত ১০ জনকে পার্শ্ববর্তী চারটি শহরের হাসপাতালে ভর্তি করা হয়েছে। বেঁচে যাওয়া যাত্রী ও প্রত্যক্ষদর্শীদের বর্ণনা অনুযায়ী, দুর্ঘটনার পরপরই বাসের আসনগুলো উপড়ে যায় এবং যাত্রীরা ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আর্তনাদ করতে থাকেন। পোল্যান্ডের প্রেসিডেন্ট ক্যারল নাওরোকি এই মর্মান্তিক ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। উল্লেখ্য, এর আগে ২০০২ সালেও হাঙ্গেরিতে পোলিশ তীর্থযাত্রীদের বহনকারী একটি বাস উল্টে ২০ জন প্রাণ হারিয়েছিলেন।