সৌদি আরবে ওমরাহ পালনে নতুন নিয়ম: প্রতিবার সফরের আগে যা করা বাধ্যতামূলক

সৌদি আরবে গত জুলাই মাসে প্রবর্তিত মাল্টিপল-এন্ট্রি ওমরাহ ভিসার মেয়াদ ইস্যুর তারিখ থেকে ৩৬৫ দিন পর্যন্ত কার্যকর থাকে। এই দীর্ঘ মেয়াদী ভিসার আওতায় একজন ওমরাহযাত্রী চাইলে একাধিকবার সৌদি আরবে প্রবেশ করতে পারেন। তবে এই সুবিধা ব্যবহারের ক্ষেত্রে হজ ও ওমরাহ মন্ত্রণালয় কিছু সুনির্দিষ্ট শর্ত আরোপ করেছে। গালফ নিউজের সাম্প্রতিক প্রতিবেদন অনুযায়ী, কেবল বৈধ ভিসা থাকলেই যেকোনো সময় সৌদি আরবে প্রবেশ করা সম্ভব নয়। বরং প্রতিটি সফরের আগে যাত্রীদের নুসুক প্ল্যাটফর্মে নিবন্ধিত কোনো অনুমোদিত সেবা প্রদানকারীর মাধ্যমে নতুন করে সার্ভিস প্যাকেজ বুক করা বাধ্যতামূলক।

সার্ভিস প্যাকেজ বুকিংয়ের পাশাপাশি প্রতিটি ভ্রমণের জন্য আলাদাভাবে ওমরাহ পারমিট সংগ্রহ করতে হবে। নুসুক অ্যাপের মাধ্যমে সংগৃহীত এই পারমিটের তারিখ অবশ্যই বুক করা সার্ভিস প্যাকেজের সফরের তারিখের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হতে হবে। এছাড়া ভিসার অবশিষ্ট মেয়াদের বিষয়টিও মাথায় রাখতে হবে, কারণ সার্ভিস প্যাকেজটি ভিসার মেয়াদের বাইরে হতে পারবে না। মূলত ওমরাহযাত্রীদের আবাসন, পরিবহনসহ প্রয়োজনীয় সব সেবা আগে থেকেই নিশ্চিত করার লক্ষ্যে মন্ত্রণালয় এই প্রক্রিয়াটি বাধ্যতামূলক করেছে।

ভিসা আবেদনের প্রক্রিয়াটি শুরু হয় নুসুকের মাধ্যমে সার্ভিস প্যাকেজ কেনার মধ্য দিয়ে। এরপর ওমরাহ ভিসার জন্য আবেদন করতে হয় এবং প্রয়োজনীয় যাচাই-বাছাই শেষে ভিসা ইস্যু করা হয়। তবে মনে রাখতে হবে, ৩৬৫ দিনের ভিসার মেয়াদ মানেই এই নয় যে পুরো সময়টা সৌদি আরবে অবস্থান করা যাবে। নিয়ম অনুযায়ী, একাধিকবার ভ্রমণ করলেও দেশটিতে মোট অবস্থানের সময় ৯০ দিনের বেশি হতে পারবে না। মন্ত্রণালয়ের এই ব্যাখ্যার মূল উদ্দেশ্য হলো ওমরাহযাত্রীদের জন্য পুরো ভ্রমণ প্রক্রিয়াটি আরও স্বচ্ছ ও সুশৃঙ্খল করা। যারা বছরে একাধিকবার ওমরাহ পালনের পরিকল্পনা করছেন, তাদের প্রতিটি সফরের আগেই নতুন করে সার্ভিস প্যাকেজ বুকিং এবং ওমরাহ পারমিট নেয়ার প্রক্রিয়াটি যথাযথভাবে সম্পন্ন করতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *