সোমবার ভারতের বিহারের লাখিসরাই জেলার অশোক ধাম মন্দিরে পদদলিত হয়ে সাতজন নিহত হয়েছেন। এদিন শিবমন্দিরে প্রার্থনা জানাতে বিপুলসংখ্যক ভক্ত সমবেত হয়েছিলেন। সকাল ৬টা ৪৫ মিনিটের দিকে একটি বৈদ্যুতিক তার ছিঁড়ে পড়লে ভক্তদের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে। এর ফলে সৃষ্ট হুড়োহুড়ির মধ্যে পড়ে বেশ কয়েকজন আহত হন। সব মিলিয়ে এই ঘটনায় এক ডজনেরও বেশি মানুষ আহত হয়েছেন, যাদের দ্রুত লাখিসরাই হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।
এ বিষয়ে লাখিসরাইয়ের জেলা ম্যাজিস্ট্রেট শৈলেন্দ্র কুমার বলেন, বিপুলসংখ্যক মানুষের সমাগমের আশঙ্কায় আগেই প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হয়েছিল। তবে ভিড় অত্যধিক হওয়ায় পরিস্থিতি সামাল দেয়া কঠিন হয়ে পড়ে। প্রাথমিক তদন্তে জানা গেছে, মানুষের প্রচণ্ড চাপে মন্দিরের ব্যারিকেডের একটি অংশ ভেঙে পড়ে। এর ফলে একের পর এক মানুষ নিচে পড়ে গেলে এই মর্মান্তিক প্রাণহানির ঘটনা ঘটে। বর্তমানে পরিস্থিতি প্রশাসনের নিয়ন্ত্রণে রয়েছে এবং আহতদের চিকিৎসা চলছে।