ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার বাসিন্দাদের নিয়ে চরম বিতর্কিত মন্তব্য করেছেন ইসরাইলের উগ্রপন্থি জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন-গভির। তার দাবি, গাজায় প্রতি রাতে ৩০ থেকে ৪০ জনকে লক্ষ্য করে গুপ্তহত্যা চালানো উচিত। হামাসের কাছ থেকে মুক্তি পাওয়া এক সাবেক জিম্মির সম্মানে আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। সেখানে তিনি স্পষ্ট করেন যে, এটি কোনো গোপন বিষয় নয় এবং এ নিয়ে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে তার মতপার্থক্য রয়েছে।
বেন-গভির বলেন, তার মতে গাজায় প্রতি রাতে ৩০ থেকে ৪০ জনকে হত্যা করা প্রয়োজন। তিনি দাবি করেন, গাজায় এমন কিছু মানুষ আছেন যাদের বেঁচে থাকার কোনো অধিকার নেই এবং তাদের মানুষ হিসেবেও গণ্য করা উচিত নয়। শুধু যারা ইসরাইলের জন্য সরাসরি হুমকি, তাদেরই নয়, বরং আরও অনেককে লক্ষ্য করার কথা বলেন তিনি।
চরম এই মন্তব্যের পাশাপাশি পুরো গাজা উপত্যকা ইসরাইলের নিয়ন্ত্রণে নেওয়ার পক্ষে অবস্থান জানিয়েছেন বেন-গভির। তিনি বলেন, তিনি পুরো গাজাকে ইসরাইলের অংশ হিসেবে দেখতে চান। গাজার বাসিন্দাদের যতটা সম্ভব অন্যত্র স্থানান্তর করার প্রয়োজনীয়তার কথাও উল্লেখ করেন তিনি।
তার ভাষায়, ফিলিস্তিনিদের নিজ দেশে ফেরত পাঠাতে হবে। আর যারা সন্ত্রাসী, তাদের কোথাও যেতে না দিয়ে একজন একজন করে হত্যা করতে হবে। গাজা থেকে ফিলিস্তিনিদের ব্যাপকভাবে সরিয়ে দেওয়ার পরিকল্পনা পুনর্ব্যক্ত করে তিনি এই উগ্র অবস্থান তুলে ধরেন।