ঢাকার জনপ্রিয় নাট্যদল ‘ঢাকা পদাতিক’-এর ৩৮তম প্রযোজনা ‘ট্রায়াল অব সূর্যসেন’। আজ রবিবার (১৬ আগস্ট) সন্ধ্যা ৭টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে নাটকটির ৪৫তম মঞ্চায়ন অনুষ্ঠিত হবে।
ব্রিটিশবিরোধী আন্দোলনের মহানায়ক মাস্টারদা সূর্যসেনের প্রহসনমূলক বিচার ও আত্মত্যাগের ঘটনাকে কেন্দ্র করে নাটকটি নির্মিত হয়েছে। একুশে পদকপ্রাপ্ত নাট্যজন মাসুম আজিজের রচনা ও নির্দেশনায় ২০১৮ সালের ১৮ জানুয়ারি নাটকটির উদ্বোধনী প্রদর্শনী হয়েছিল।
মাসুম আজিজের প্রয়াণের পর বর্তমানে নাটকটির নবনির্দেশনার দায়িত্ব পালন করছেন প্রথিতযশা অভিনেতা নাদের চৌধুরী।
নাটকটির নবনির্দেশনার অভিজ্ঞতা নিয়ে নাদের চৌধুরী জানান, এটি ইতিহাসভিত্তিক একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রযোজনা। তিনি বলেন, “মাসুম আজিজ ভাইয়ের প্রয়াণের পর নাটকের কিছু অংশে অলংকরণ ও মঞ্চ-পরিকল্পনায় নতুন মাত্রা যোগ করে নবনির্দেশনার কাজটি করেছি। বর্তমানে আমি মাস্টারদা সূর্যসেন চরিত্রে অভিনয় করছি।
ইতিহাস নির্ভর এই নাটকটি বর্তমান প্রজন্মের জন্য দেখা অত্যন্ত জরুরি।” নাটকটি মঞ্চায়নের শুরু থেকেই দর্শক ও সমালোচকদের কাছ থেকে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। এমনকি ভারতের দিল্লিতেও নাটকটির দুটি আন্তর্জাতিক প্রদর্শনী সফলভাবে সম্পন্ন হয়েছে, যা এর গ্রহণযোগ্যতাকে আরও বাড়িয়ে দিয়েছে।
প্রায় ৪০টি চরিত্র নিয়ে সাজানো এই নাটকের বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন নাদের চৌধুরী, মাহবুবা হক কুমকুম, মনজুরুল ইসলাম নান্টু, সাবিহা জামান, হাসনাহেনা শিল্পী, মামুন উর রশিদ, শ্যামল হাসান, আক্তার হোসেন, তারেক আলী মিলন, রবিউল মিলটন, আতিকুর রহমান, কাজি সম্রাট, আল আমিন স্বপন, সুমন ঘোষ, নূর ও জাহিদসহ আরও অনেকে।
এতে সূর্যসেন ছাড়াও কল্পনা দত্ত, তারকেশ্বর দস্তিদার, প্রীতিলতা ওয়াদ্দেদার, অম্বিকা চক্রবর্তী, নির্মল সেন, ব্রিটিশ উকিল, নেত্র সেন ও বাঙালি উকিলের মতো চরিত্রগুলো ফুটিয়ে তোলা হয়েছে।
নাটকটির নেপথ্য কারিগরদের মধ্যে আলোক পরিকল্পনায় রয়েছেন জাকারিয়া কিরণ এবং সংগীত পরিচালনায় আবুল বাশার সোহেল। মঞ্চ ব্যবস্থাপনার দায়িত্বে আছেন শ্যামল হাসান। এদিকে, নাটকটির জনপ্রিয়তা বিবেচনায় আগামী বছর মাস্টারদা সূর্যসেনের মৃত্যুবার্ষিকী উপলক্ষে চট্টগ্রামে একটি বিশেষ প্রদর্শনীর পরিকল্পনা করা হয়েছে। সবকিছু ঠিক থাকলে ২০২৭ সালের ১২ জানুয়ারি চট্টগ্রাম শিল্পকলা একাডেমিতে নাটকটির বিশেষ এই প্রদর্শনী অনুষ্ঠিত হতে পারে বলে জানা গেছে।