লিবিয়া থেকে দেশে ফিরলেন প্রতারণার শিকার ৩০৯ বাংলাদেশি নাগরিক

মানবপাচার ও প্রতারণার শিকার ৩০৯ জন বাংলাদেশি নাগরিক লিবিয়া থেকে দেশে ফিরেছেন। শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে ফ্লাই ওয়া ইন্টারন্যাশনালের একটি বিশেষ চার্টার্ড ফ্লাইটে তারা ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। বাংলাদেশ সরকার ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম)-এর সমন্বিত উদ্যোগে এই প্রত্যাবাসন প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। বিমানবন্দরে পৌঁছালে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয় এবং আইওএম-এর প্রতিনিধিরা তাদের অভ্যর্থনা জানান।

বিমানবন্দরের প্রবাসী কল্যাণ ডেস্কের (বিএমইটি) সহকারী পরিচালক মোহাম্মদ শাহেদ হোসেন জানান, দেশে ফেরা প্রত্যেককে আইওএমের পক্ষ থেকে খাবারের পাশাপাশি ছয় হাজার টাকা করে নগদ সহায়তা প্রদান করা হয়েছে। এছাড়া প্রবাসী কল্যাণ ডেস্কের পক্ষ থেকেও তাদের প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা দেওয়া হয়েছে।

সরকারি তথ্য অনুযায়ী, লিবিয়ায় অবস্থানরত এসব বাংলাদেশি মূলত মানবপাচারকারী চক্রের প্রতারণার শিকার হয়েছিলেন। ইউরোপে পাঠানোর প্রলোভন দেখিয়ে দালালরা তাদের কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নেয়। এদের মধ্যে অনেকে সমুদ্রপথে অবৈধভাবে ইউরোপ যাওয়ার সময় আটক হন, আবার অনেকে লিবিয়ায় গিয়ে অপহরণ ও শারীরিক নির্যাতনের শিকার হয়েছিলেন।

সরকারের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এই প্রত্যাবাসন কার্যক্রম সফল করতে লিবিয়ায় অবস্থিত বাংলাদেশ দূতাবাস, পররাষ্ট্র মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়, লিবিয়া সরকার এবং আইওএম নিবিড়ভাবে কাজ করেছে। বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, অবৈধ উপায়ে বিদেশযাত্রা নিরুৎসাহিত করতে এবং বিদেশে বিপদে পড়া নাগরিকদের নিরাপদে দেশে ফিরিয়ে আনতে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *