আগামী পাঁচ বছর কুষ্টিয়া সদরের প্রধানমন্ত্রী আমি: মুফতি আমির হামজা

কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য মুফতি মো. আমির হামজা নিজেকে আগামী পাঁচ বছরের জন্য কুষ্টিয়া সদর আসনের প্রধানমন্ত্রী হিসেবে ঘোষণা করেছেন। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে নিজের নির্বাচনী এলাকার উন্নয়ন কর্মকাণ্ড নিয়ে আলোচনা করতে গিয়ে তিনি এই মন্তব্য করেন। ভিডিওতে তাকে বলতে শোনা যায়, আগামী পাঁচ বছর কুষ্টিয়া সদর আসনের জন্য আমিই প্রধানমন্ত্রী। সরকার বাজেট বরাদ্দ করবে এবং সেই অর্থ আমির হামজার হাতেই আসবে। তিনি প্রশ্ন রাখেন, এই বাজেট কি কোনো ফেরেশতার হাতে তুলে দেওয়া হবে?

বক্তৃতার এক পর্যায়ে তিনি জনসাধারণের উদ্দেশে বলেন, মানুষ উন্নয়নের কথা শুনে কেন আনন্দিত হয়? উন্নয়ন কাজ তো সরকারি অর্থেই হয়, কেউ নিজের বাবার টাকা এনে তা করে না। এই ধরনের বিভ্রান্তিকর প্রচারণায় বিশ্বাস না করার আহ্বান জানান তিনি। তার এই বক্তব্য নিয়ে স্থানীয় পর্যায়ে বেশ আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।

উল্লেখ্য যে, কুষ্টিয়া-৩ আসনের উন্নয়ন কর্মকাণ্ডের নিয়ন্ত্রণ ও অংশীদারিত্ব নিয়ে স্থানীয় রাজনীতিতে বেশ কিছুদিন ধরে উত্তেজনা চলছে। বিশেষ করে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় কমিটির স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক ও কুষ্টিয়া জেলা পরিষদের প্রশাসক অধ্যক্ষ সোহরাব উদ্দিনের সঙ্গে সংসদ সদস্য আমির হামজার মধ্যে চলমান টানাপোড়েন ও মতবিরোধের প্রেক্ষিতেই তিনি এমন মন্তব্য করেছেন বলে ধারণা করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *