বসুন্ধরা কিংসের ওপর ফিফার দেওয়া খেলোয়াড় নিবন্ধনসংক্রান্ত নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রক্রিয়া শুরু হয়েছে। শুক্রবার সকালে ক্লাবটির ওপর থাকা ১৪টি নিষেধাজ্ঞার মধ্যে একটি উঠে গেছে। এখন বাকি রয়েছে আরও ১৩টি নিষেধাজ্ঞা।
ক্লাব সূত্রে জানা গেছে, বাকি নিষেধাজ্ঞাগুলো প্রত্যাহারের জন্য প্রয়োজনীয় সব প্রক্রিয়া সম্পন্ন করেছে বসুন্ধরা কিংস। ফলে খুব শিগগিরই অন্য নিষেধাজ্ঞাগুলোও উঠে যাবে বলে আশাবাদী ক্লাব কর্তৃপক্ষ।
নিষেধাজ্ঞা প্রত্যাহার হলে আসন্ন ২০২৬-২৭ মৌসুমের ঘরোয়া ফুটবলে অংশ নিতে পারবে ছয়বারের লিগ চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস। পাশাপাশি দলবদলে খেলোয়াড় নিবন্ধনের সুযোগও পাবে ক্লাবটি।
এদিকে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) ক্লাব লাইসেন্সিং ও খেলোয়াড় নিবন্ধনের সময়সীমা বাড়িয়েছে। আগে ১১ আগস্ট ক্লাব লাইসেন্সিং এবং ১৩ আগস্ট খেলোয়াড় নিবন্ধনের শেষ সময় নির্ধারিত ছিল। নতুন সিদ্ধান্ত অনুযায়ী ক্লাব লাইসেন্সিংয়ের সময় ১৭ আগস্ট এবং খেলোয়াড় নিবন্ধনের সময় ১৯ আগস্ট পর্যন্ত বাড়ানো হয়েছে।
এই সময়ের মধ্যে ফিফার নিষেধাজ্ঞাগুলো প্রত্যাহার হলে নতুন মৌসুমে মাঠে ফেরার সুযোগ পাবে বসুন্ধরা কিংস। ফেডারেশন কাপের পাঁচবারের চ্যাম্পিয়ন দলটি তখন দলবদলেও অংশ নিতে পারবে।
বসুন্ধরা কিংসের পাশাপাশি আবাহনী লিমিটেডের ওপরও ফিফার নিষেধাজ্ঞা থাকায় বাংলাদেশ ফুটবল লিগের (বিএফএল) দলসংখ্যা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছিল। এ পরিস্থিতিতে গত সপ্তাহে আরামবাগ ক্রীড়া সংঘ, ফকিরেরপুল ইয়াং মেনস ক্লাব ও ঢাকা ওয়ান্ডারার্স ক্লাবকে লিগে অংশ নেওয়ার জন্য আমন্ত্রণ জানায় বাফুফে।
তবে ফকিরেরপুল ইয়াং মেনস ক্লাবের ওপরও ফিফার দুটি নিষেধাজ্ঞা রয়েছে। নিষেধাজ্ঞা প্রত্যাহারের চেষ্টা করলেও এখনো তারা সফল হয়নি। অন্যদিকে ঢাকা ওয়ান্ডারার্স ও আরামবাগ ক্রীড়া সংঘ বাংলাদেশ ফুটবল লিগে অংশ নেওয়ার প্রস্তুতি হিসেবে দল গঠনের কাজ চালিয়ে যাচ্ছে।