দুই-এক দিনের মধ্যেই বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা হতে পারে। এরই মধ্যে দায়িত্ব ছাড়ার ইঙ্গিত দিয়ে বিদায়ী বার্তা দিয়েছেন সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) নিজের ফেসবুক দেয়ালে দেওয়া এক পোস্টে রাকিব ছাত্রদলের বর্তমান কমিটির দায়িত্ব পালনের সময় যারা সহযোগিতা করেছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। একই সঙ্গে দীর্ঘ রাজনৈতিক দায়িত্বের অধ্যায় শেষ করে নতুন জীবন শুরু করার প্রত্যাশার কথাও জানান তিনি।
নিজের বার্তায় রাকিবুল ইসলাম রাকিব মহান আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, সম্মান ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশের মধ্য দিয়ে তার জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ একটি অধ্যায়ের সমাপ্তি ঘটতে যাচ্ছে।
ছাত্রদলের কেন্দ্রীয় সংসদ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ে দীর্ঘ সময় দায়িত্ব পালনের সুযোগ দেওয়ায় বিএনপির চেয়ারম্যান তারেক রহমান এবং প্রয়াত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার প্রতি কৃতজ্ঞতা জানান তিনি।
এ ছাড়া বিএনপির বিদায়ী মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, দলের ছাত্রবিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুলসহ বিএনপির শীর্ষ নেতাদের পাশাপাশি ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় নেতাদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন রাকিব।
নিজের নেতৃত্বাধীন বিভিন্ন ইউনিটের নেতাকর্মীদেরও ধন্যবাদ জানান ছাত্রদলের এই বিদায়ী সভাপতি। তিনি বলেন, কেন্দ্রীয় সংসদসহ দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজের নেতাদের নিয়ে তিনি গর্বিত।
রাকিবের ভাষ্য অনুযায়ী, তার দায়িত্ব পালনকালে এসব ইউনিটের নেতাদের বিরুদ্ধে অনাকাঙ্ক্ষিত কর্মকাণ্ড নিয়ে কোনো ধরনের খবর প্রকাশিত হয়নি। আর্থিক সংকটের মধ্যেও তারা সততা ও নিষ্ঠার সঙ্গে নিজ নিজ ইউনিটের দায়িত্ব পালন করেছেন বলে উল্লেখ করেন তিনি।
তিনি আরও বলেন, শুধু নিজেদের সততা ও পরিশ্রমের মধ্যে সীমাবদ্ধ না থেকে এসব নেতারা তাদের অধীনস্থ নেতাকর্মীদেরও নীতি, আদর্শ ও সততার সঙ্গে রাজনীতি করার জন্য উৎসাহিত করেছেন।
এদিকে ছাত্রদলের নতুন কমিটি নিয়ে সংগঠনটির নেতাকর্মীদের মধ্যে ইতোমধ্যে আলোচনা শুরু হয়েছে। আগামী দুই-এক দিনের মধ্যেই নতুন কমিটি ঘোষণা হতে পারে বলে দলীয় সূত্রে জানা গেছে।