দুরেফিশান সেলিমের ইংরেজি সংলাপ নিয়ে বিতর্ক, অভিনেত্রীর পাশে সানাম সাইদ

পাকিস্তানি অভিনেত্রী দুরেফিশান সেলিমের নতুন নাটক ‘দার-ই-নিজাত’-এ ইংরেজি সংলাপ বলার ধরন নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা ও সমালোচনা চলছে। বিষয়টি ঘিরে তৈরি হওয়া বিতর্ক একপর্যায়ে অভিনেত্রীকে ব্যক্তিগতভাবে আক্রমণের দিকে গড়ালে তার পাশে দাঁড়িয়েছেন জ্যেষ্ঠ অভিনেত্রী সানাম সাইদ।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক প্রতিক্রিয়ায় সানাম সাইদ বলেন, কোনো শিল্পীর উচ্চারণ বা অভিনয়ের ধরন নিয়ে এভাবে সমালোচনার ঝড় তোলা অস্বস্তিকর। বিশেষ করে বিভিন্ন প্ল্যাটফর্মে একজন শিল্পীকে ধারাবাহিকভাবে লক্ষ্যবস্তু বানানোর বিষয়টিকে তিনি অসংবেদনশীল আচরণ হিসেবে দেখছেন।

‘দার-ই-নিজাত’ নাটকে দুরেফিশান সেলিম ‘জারিয়াব’ চরিত্রে অভিনয় করছেন। গল্প অনুযায়ী, চরিত্রটি একটি সম্ভ্রান্ত পরিবারের তরুণী, যে যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষার প্রস্তুতি নিচ্ছে। চরিত্রের প্রেক্ষাপটের কারণে নাটকটিতে তাকে উর্দুর পাশাপাশি ইংরেজিতেও কথা বলতে দেখা যায়।

তবে দুরেফিশানের সংলাপ উপস্থাপনা নিয়ে দর্শকদের মধ্যে ভিন্নমত দেখা গেছে। কেউ কেউ মনে করছেন, চরিত্রের সংলাপ ও চিত্রনাট্যের দুর্বলতা থাকলে তার প্রভাব অভিনয়েও পড়তে পারে। অন্যদিকে, অনেকে বলছেন, অভিনয় বা চিত্রনাট্যের ভুলত্রুটি নিয়ে গঠনমূলক সমালোচনা করা স্বাভাবিক এবং সেটিকে ব্যক্তিগত আক্রমণে পরিণত করা উচিত নয়।

অভিনয়শিল্পীর কাজ নিয়ে দর্শকদের আলোচনা ও সমালোচনা থাকবেই। কিন্তু সেই সমালোচনা কখন ব্যক্তিগত আক্রমণের পর্যায়ে চলে যাচ্ছে—সানাম সাইদের মন্তব্যের পর পাকিস্তানের বিনোদন অঙ্গনে এখন সেই প্রশ্নই নতুন করে সামনে এসেছে।

এর আগে ‘ইশক মুর্শেদ’ নাটকে বিলাল আব্বাসের বিপরীতে অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন দুরেফিশান সেলিম। পরে ‘কাফিল’ ধারাবাহিকেও ‘জেব’ চরিত্রে অভিনয় করতে দেখা যায় তাকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *