২০২৪ সালের ‘স্ত্রী ২’ সিনেমার অভাবনীয় সাফল্যের পর দীর্ঘ দুই বছরের বিরতি ভেঙে আবারও বড় পর্দায় ফিরছেন জনপ্রিয় বলিউড অভিনেত্রী শ্রদ্ধা কাপুর। এবার তাকে দেখা যাবে ‘ঈঠা’ নামক একটি জীবনীভিত্তিক সিনেমায়। লক্ষ্মণ উটেকর পরিচালিত এই সিনেমাটি প্রাথমিকভাবে আগামী ২৮ আগস্ট মুক্তির কথা ছিল। তবে নতুন ঘোষণা অনুযায়ী, সিনেমাটির মুক্তি তিন মাস পিছিয়ে দেওয়া হয়েছে। বলিউড হাঙ্গামার প্রতিবেদন অনুযায়ী, আগামী ৪ ডিসেম্বর বড় পর্দায় ‘ঈঠা বাই’ রূপে দর্শকদের সামনে হাজির হবেন শ্রদ্ধা কাপুর।
মুক্তির নতুন তারিখ ঘোষণা করে সিনেমাটির নির্মাতারা একটি বিবৃতিতে জানিয়েছেন, টিজার সব রেকর্ড ভেঙে দেওয়ার পর সিনেমাপ্রেমীদের জন্য দারুণ খবর নিয়ে ফিরছে ‘ঈঠা’র দল। আগামী ডিসেম্বরে প্রাণবন্ত এক নতুন গল্প নিয়ে সিনেমাটি বড় পর্দায় আসছে। উল্লেখ্য, মাস খানেক আগে ‘ঈঠা’ সিনেমাটির টিজার প্রকাশ করা হয়, যা ইতিমধ্যেই ইউটিউবে বিপুল জনপ্রিয়তা অর্জন করেছে। টিজারটি চার কোটি ৭০ লাখেরও বেশিবার দেখা হয়েছে।
সিনেমাটির গল্প আবর্তিত হয়েছে মহারাষ্ট্রের বিখ্যাত লোকনাট্য তামাশা ও লাবণী শিল্পী ভিঠাবাই নারায়ণগাঁওকরের জীবনকে ঘিরে। অতি সাধারণ এক পারিবারিক পটভূমি থেকে উঠে এসে তিনি নিজ পরিশ্রমে মহারাষ্ট্রের অন্যতম খ্যাতিমান লোকনাট্যশিল্পী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছিলেন। ভক্ত ও অনুরাগীরা তাকে আদর করে ‘ঈঠা’ নামে ডাকতেন। পর্দায় এই কিংবদন্তি শিল্পীর চরিত্রেই অভিনয় করছেন শ্রদ্ধা কাপুর।
প্রকাশিত টিজারের একটি বিশেষ দৃশ্য দর্শকদের দারুণভাবে চমকে দিয়েছে, যেখানে দেখা যায় সন্তান জন্ম দেওয়ার পরপরই মঞ্চে উঠে নৃত্য পরিবেশন করছেন ঈঠা। এই অভাবনীয় দৃশ্যে শ্রদ্ধা কাপুরের অভিনয়শৈলী ব্যাপকভাবে প্রশংসিত হয়েছে এবং দর্শকদের মাঝে পুরো সিনেমাটি দেখার আগ্রহ বহুগুণ বাড়িয়ে দিয়েছে। সিনেমাটিতে শ্রদ্ধা কাপুর ছাড়াও আরও অভিনয় করেছেন রণদীপ হুদা, জিশান আইয়ুব, নানা পাটেকর, অনন্ত যোশীর মতো দক্ষ অভিনয়শিল্পীরা।