বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩
বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩

রাজউক জোন-৪ পরিচালক সালেহ আহমেদ জাকারিয়াকে ঘিরে অনিয়ম-দুর্নীতি

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ১০ আগস্ট, ২০২৬
রাজউক জোন-৪ পরিচালক সালেহ আহমেদ জাকারিয়াকে ঘিরে অনিয়ম-দুর্নীতি

রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) ঢাকা মহানগরের পরিকল্পিত নগরায়ণ ও উন্নয়নের দায়িত্বে থাকা রাষ্ট্রীয় প্রতিষ্ঠান। তবে সাম্প্রতিক সময়ে প্রতিষ্ঠানটির কিছু কর্মকর্তার বিরুদ্ধে ওঠা অনিয়ম, দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ নিয়ে নানা আলোচনা-সমালোচনা তৈরি হয়েছে। এর মধ্যে রাজউকের জোন-৪-এর পরিচালক সালেহ আহমেদ জাকারিয়ার বিরুদ্ধে একাধিক গুরুতর অভিযোগ সামনে এসেছে

গণমাধ্যমের প্রতিবেদন ও সংশ্লিষ্ট বিভিন্ন সূত্রের দাবি, জাকারিয়ার অধীনে রাজউকের কয়েকটি জোনাল অফিসে অনিয়ম ও দুর্নীতির একটি শক্তিশালী চক্র গড়ে উঠেছে। তার বিরুদ্ধে একটি প্রভাবশালী সিন্ডিকেট পরিচালনা এবং অবৈধভাবে বিপুল সম্পদ অর্জনের অভিযোগও রয়েছে

সংশ্লিষ্ট সূত্র জানায়, সালেহ আহমেদ জাকারিয়া বর্তমানে রাজউকের মহাখালী জোনাল অফিসে জোন-৪-এর পরিচালকের দায়িত্বে রয়েছেন। বিভিন্ন সময়ে তাকে জোন-৩-এর অতিরিক্ত দায়িত্ব পালন করতেও দেখা গেছে বলে দাবি সূত্রের। মিরপুর, গুলশান, বনানী ও উত্তরার মতো গুরুত্বপূর্ণ ও অভিজাত এলাকাগুলো তার প্রশাসনিক আওতাধীন হওয়ায় এসব এলাকায় ভবনের নকশা অনুমোদনসহ বিভিন্ন কার্যক্রমে অনিয়মের সুযোগ তৈরি হয়েছে বলে অভিযোগ রয়েছে

অভিযোগকারীদের দাবি, ভবন নির্মাণের নকশা অনুমোদন থেকে শুরু করে বিভিন্ন প্রশাসনিক কার্যক্রমে মোটা অঙ্কের অর্থ লেনদেন হয়। বড় কোনো ফাইল পরিচালকের অনুমোদন ছাড়া অগ্রসর হয় না এবং অনেক ক্ষেত্রে ‘ম্যানেজমেন্ট ফি’ নামে অর্থ আদায়ের অভিযোগ রয়েছে।

 

  • ইমারত পরিদর্শকদের নিয়ে সিন্ডিকেটের অভিযোগ

জাকারিয়ার বিরুদ্ধে ওঠা অভিযোগের অন্যতম বিষয় হলো রাজউকের ইমারত পরিদর্শকদের একটি অংশকে নিয়ে কথিত সিন্ডিকেট পরিচালনা। সংশ্লিষ্ট সূত্রের দাবি, নতুন ভবন নির্মাণের কাজ শুরু হলে এসব পরিদর্শক বিভিন্ন ত্রুটি চিহ্নিত করে ভবন মালিকদের জোনাল অফিসে পরিচালকের সঙ্গে ‘যোগাযোগ’ করার পরামর্শ দেন

অভিযোগ রয়েছে, যারা কথিত অর্থ দিতে রাজি হন না, তাদের ভবন নির্মাণকাজ বন্ধ করে দেওয়া অথবা নকশাবহির্ভূত অংশ ভেঙে দেওয়ার হুমকি দেওয়া হয়। সূত্রের দাবি, পরিদর্শকদের মাধ্যমে সংগৃহীত অর্থের একটি অংশ পরিচালকের কাছে পৌঁছানোর অভিযোগ রয়েছে। কেউ কেউ এ ব্যবস্থাকে ‘প্রাতিষ্ঠানিক চাঁদাবাজি’ বলেও অভিহিত করছেন।

 

  • সংবাদকর্মীর ওপর হামলার ঘটনায় প্রশ্ন

জাকারিয়ার প্রশাসনিক ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছে। ২০২৫ সালের ৩০ জানুয়ারি রাজউকের এক ইমারত পরিদর্শক মো. সোলাইমান হোসেনের বিরুদ্ধে নিজ কক্ষে এক সংবাদকর্মীর ওপর হাতুড়ি দিয়ে হামলার অভিযোগ ওঠে। সংশ্লিষ্টদের দাবি, ওই কর্মকর্তা পরিচালকের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত ছিলেন

অভিযোগ রয়েছে, হামলার সিসিটিভি ফুটেজ ও প্রত্যক্ষদর্শী থাকা সত্ত্বেও ঘটনাটিকে গুরুত্বহীন হিসেবে দেখানোর চেষ্টা করা হয়। হামলার ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা না নেওয়া এবং তাদের পক্ষ নেওয়ার অভিযোগে রাজউকের ভেতরে ও বাইরে সমালোচনা সৃষ্টি হয়।

 

  • অযোগ্য ব্যক্তিকে গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়ার অভিযোগ

প্রশাসনিক পদায়ন নিয়েও জাকারিয়ার বিরুদ্ধে অভিযোগ রয়েছে। সংশ্লিষ্ট সূত্রের দাবি, আর্থিক সুবিধার বিনিময়ে এসএসসি পাস করা আব্দুর রহিমকে জোন-৩-এর প্রধান ইমারত পরিদর্শকের দায়িত্ব দেওয়া হয়েছে

অভিযোগকারীদের মতে, গুরুত্বপূর্ণ এ ধরনের দায়িত্ব পালনে প্রয়োজনীয় কারিগরি জ্ঞান ও যোগ্যতার বিষয়টি উপেক্ষা করে কাউকে দায়িত্ব দেওয়া হলে তা রাজউকের সার্ভিস রুলস এবং ভবন নিরাপত্তা ব্যবস্থার জন্য ঝুঁকি তৈরি করতে পারে। একই সঙ্গে যোগ্য কর্মকর্তাদের বাদ দিয়ে অনুগত ব্যক্তিদের গুরুত্বপূর্ণ দায়িত্বে পদায়নের অভিযোগও রয়েছে।

 

  • ভবন মালিকদের হয়রানির অভিযোগ

সালেহ আহমেদ জাকারিয়ার বিরুদ্ধে বৈধ ভবন মালিকদের বিভিন্ন অজুহাতে নোটিশ দিয়ে হয়রানি করার অভিযোগও রয়েছে। অভিযোগকারীদের দাবি, কোনো ভবনে সামান্য বিচ্যুতি থাকলে তা সংশোধনের সুযোগ দেওয়ার পরিবর্তে অনেক ক্ষেত্রে উচ্ছেদ বা কঠোর ব্যবস্থার ভয় দেখানো হয়। পরে দালাল বা অসাধু কর্মকর্তাদের মাধ্যমে অর্থের বিনিময়ে বিষয়টি নিষ্পত্তির অভিযোগও রয়েছে

বেইলি রোড ও বনানীর অগ্নিকাণ্ডের পর বিভিন্ন রেস্টুরেন্ট ও ঝুঁকিপূর্ণ ভবনে পরিদর্শন জোরদার করা হলেও সেই সুযোগে অর্থ আদায়ের অভিযোগ উঠেছে। তবে এসব অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

 

  • সম্পদ নিয়ে প্রশ্ন

সালেহ আহমেদ জাকারিয়ার সম্পদের পরিমাণ নিয়েও বিভিন্ন অভিযোগ রয়েছে। সংশ্লিষ্ট সূত্রের দাবি, পূর্বাচলে তার প্রায় ২০ কাঠা জমি, মালিবাগে দুটি বিলাসবহুল ফ্ল্যাট এবং টাঙ্গাইলে নিজ গ্রামে বিপুল পরিমাণ জমি রয়েছে। এসব সম্পদের বৈধ উৎস ও অর্জনের প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলেছেন অভিযোগকারীরা

তবে এসব সম্পদের মালিকানা, পরিমাণ এবং অর্থের উৎস সম্পর্কে স্বাধীনভাবে যাচাই করা তথ্য বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। ফলে অভিযোগগুলোর বিষয়ে নিরপেক্ষ তদন্তের দাবি উঠেছে।

 

  • সাংবাদিকদের সঙ্গে অসহযোগিতার অভিযোগ

জাকারিয়ার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ নিয়ে বক্তব্য জানতে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি সাংবাদিকদের এড়িয়ে যান বলে অভিযোগ রয়েছে। ফোনকল গ্রহণ না করা, কল কেটে দেওয়া কিংবা অসৌজন্যমূলক আচরণের অভিযোগও করেছেন সংশ্লিষ্ট সাংবাদিকরা

এদিকে তার বিরুদ্ধে রাজউকের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ও দুর্নীতি দমন কমিশনে (দুদক) একাধিক অভিযোগ জমা পড়েছে বলে দাবি করা হচ্ছে। অভিযোগকারীদের আরও দাবি, ঊর্ধ্বতন কর্মকর্তাদের ‘ম্যানেজ’ করার জন্য একটি বিশেষ অর্থের ব্যবস্থা রাখা হয়েছে। তবে এ দাবির পক্ষে স্বাধীনভাবে যাচাই করা কোনো তথ্য পাওয়া যায়নি।

  • নিরপেক্ষ তদন্তের দাবি

অভিযোগকারীরা বলছেন, পরিকল্পিত নগরায়ণ নিশ্চিত করার দায়িত্বে থাকা রাজউকের মতো প্রতিষ্ঠানে এ ধরনের অভিযোগের নিরপেক্ষ তদন্ত জরুরি। তাদের দাবি, জোন-৩ ও জোন-৪-এ জাকারিয়ার দায়িত্ব পালনকালে কতগুলো ভবনের নকশা অনুমোদন হয়েছে, কতগুলো অভিযোগ নিষ্পত্তি হয়েছে এবং এসব প্রক্রিয়ায় কোনো অনিয়ম হয়েছে কি না—তা উচ্চপর্যায়ের অডিটের মাধ্যমে যাচাই করা প্রয়োজন।

একই সঙ্গে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা, অযোগ্য ব্যক্তিদের গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব দেওয়ার বিষয়টি তদন্ত এবং রাজউকের অনুমোদন ও তদারকি কার্যক্রম আরও ডিজিটাল করার দাবি উঠেছে। এতে প্রশাসনিক কাজে অপ্রয়োজনীয় মানবিক হস্তক্ষেপ কমিয়ে দুর্নীতির সুযোগ সীমিত করা সম্ভব বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

সালেহ আহমেদ জাকারিয়ার বিরুদ্ধে ওঠা অভিযোগগুলোর বিষয়ে তার বক্তব্য পাওয়া গেলে তা যথাযথভাবে প্রকাশ করা হবে। অভিযোগগুলোর সত্যতা নির্ধারণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিরপেক্ষ তদন্তই সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

দুর্গাপূজায় স্বপন মল্লিকের শুভেচ্ছা ও মণ্ডপ পরিদর্শন

বিশেষ প্রতিবেদক, সিলেট থেকে প্রকাশিত: রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬, ৩:১২ এম
দুর্গাপূজায় স্বপন মল্লিকের শুভেচ্ছা ও মণ্ডপ পরিদর্শন

শারদীয় দুর্গাপূজা ২০২৬ উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীসহ দেশ-বিদেশে অবস্থানরত সর্বস্তরের মানুষের প্রতি আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন ফুলতলা ইউনিয়নের ইউপি সদস্য ও সমাজসেবক স্বপন মল্লিক। মহাসপ্তমীর দিন তিনি ফুলতলা ইউনিয়নের বিভিন্ন পূজামণ্ডপ সরেজমিনে পরিদর্শন করেন।

পরিদর্শনকালে তিনি পূজার সার্বিক পরিবেশ পর্যবেক্ষণ করেন এবং নিরাপত্তার দায়িত্বে থাকা বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), আনসার ও গ্রাম পুলিশের সদস্যদের সঙ্গে কথা বলেন।

এ সময় পূজামণ্ডপে উপস্থিত পূজারি ও ভক্তদের সঙ্গে শারদীয় শুভেচ্ছা বিনিময় করেন।

পূজামণ্ডপের নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণ

মণ্ডপ পরিদর্শনের সময় স্বপন মল্লিক নিরাপত্তার দায়িত্বে থাকা সদস্যদের সঙ্গে কথা বলে সার্বিক পরিস্থিতির খোঁজ নেন।

দুর্গোৎসব নির্বিঘ্নে উদযাপনে নিরাপত্তা ও শান্তিপূর্ণ পরিবেশের গুরুত্ব তুলে ধরেন তিনি।

পূজারি ও ভক্তদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়

পরিদর্শনকালে তিনি পূজামণ্ডপে উপস্থিত পূজারি, ভক্ত ও স্থানীয় মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন।

এ সময় উৎসবের আনন্দ সবার মধ্যে ছড়িয়ে পড়ুক—এমন প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।

দুর্গাপূজা সম্প্রীতির প্রতীক: স্বপন মল্লিক

স্বপন মল্লিক বলেন, “দুর্গাপূজা আমাদের আনন্দ ও সম্প্রীতির প্রতীক।

সনাতন ধর্মাবলম্বী ভাই-বোনেরা যাতে অত্যন্ত সুন্দর ও শান্তিপূর্ণ পরিবেশে পূজা উদযাপন করতে পারেন, সে জন্য আমরা সব সময় পাশে আছি।”

তিনি শারদীয় দুর্গোৎসব উপলক্ষে সবার সুখ, শান্তি ও মঙ্গল কামনা করেন।

স্থানীয় ব্যক্তিবর্গের উপস্থিতি

পূজামণ্ডপ পরিদর্শনের সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, পূজা উদযাপন ফ্রন্টের নেতৃবৃন্দ এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

স্বপন মল্লিক ফুলতলা ইউনিয়ন পরিষদের ১ নম্বর ওয়ার্ডের সদস্য। তিনি ফুলতলা ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এবং বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের ৭ নম্বর ফুলতলা ইউনিয়ন শাখার সভাপতি হিসেবেও দায়িত্বহিসেবেও দায়িত্ব পালন করছেন।

অবৈধ অভিবাসনে কঠোর সরকার, ৪৯ এজেন্সির লাইসেন্স বাতিল

বাংলাভিউ প্রতিবেদক প্রকাশিত: বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬, ৩:০২ এম
অবৈধ অভিবাসনে কঠোর সরকার, ৪৯ এজেন্সির লাইসেন্স বাতিল

বৈধ পথে কর্মী পাঠাতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ এবং অবৈধ অভিবাসনের বিষয়ে কঠোর অবস্থানে রয়েছে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী। তিনি বলেন, অবৈধ অভিবাসনসহ বিভিন্ন অপরাধ ও অনিয়মে জড়িত ৪৯টি রিক্রুটিং এজেন্সির লাইসেন্স ইতোমধ্যে বাতিল করা হয়েছে।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত ও হেড অব ডেলিগেশন মাইকেল মিলারের সঙ্গে সৌজন্য সাক্ষাতে এসব কথা বলেন মন্ত্রী। কয়েকটি এজেন্সির অফিস সিলগালা করা হয়েছে এবং আইনভঙ্গকারীদের বিরুদ্ধে নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনার নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান তিনি।

৪৯ এজেন্সির লাইসেন্স বাতিল

মন্ত্রী জানান, বৈধ অভিবাসন বিষয়ে জনসচেতনতা বাড়াতে অভিবাসনসংশ্লিষ্ট ব্যক্তি, সংস্থা ও সাংবাদিকদের নিয়ে শিগগিরই গোলটেবিল বৈঠকের আয়োজন করা হবে। মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. সাইফুল হক চৌধুরী বলেন, রিক্রুটিং এজেন্সি বাছাই ও নিয়ন্ত্রণে সুনির্দিষ্ট মানদণ্ড রয়েছে। এজেন্সিগুলোর কার্যক্রম সরেজমিনে পরিদর্শনের জন্য একাধিক কমিটিও গঠন করা হয়েছে।

বৈঠকে ইইউ রাষ্ট্রদূত বাংলাদেশের জনশক্তি রপ্তানি ও রেমিট্যান্সে ইউরোপীয় ইউনিয়নের ভূমিকার কথা তুলে ধরেন। আগামী পাঁচ বছরে এক কোটি কর্মী বিদেশে পাঠানোর সরকারের লক্ষ্য নিয়েও তিনি আলোচনা করেন। একই সঙ্গে বেশি কর্মী পাঠানো এজেন্সিগুলোর লাইসেন্স প্রদান ও নিয়ন্ত্রণ প্রক্রিয়া সম্পর্কে জানতে চান।

বৈধ অভিবাসনে ইইউর সহযোগিতা

মাইকেল মিলার নৈতিক অভিবাসন উৎসাহিত করা এবং উচ্চ ব্যয়ে বিদেশ যাওয়ার প্রবণতা কমাতে বাংলাদেশের সঙ্গে যৌথভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করেন। বাংলাদেশি কর্মীরা যাতে বৈধ উপায়ে ইউরোপে প্রবেশ করতে পারেন, সে লক্ষ্যে ‘ট্যালেন্ট পার্টনারশিপ’সহ বিভিন্ন উদ্যোগে কাজ করার কথা জানান তিনি।

ইইউ বাংলাদেশে ইউরোপিয়ান ট্রেনিং ফাউন্ডেশনের কার্যক্রম এবং বিদেশফেরত কর্মীদের সামাজিক ও অর্থনৈতিক পুনর্বাসনে সহযোগিতা অব্যাহত রাখার কথাও জানিয়েছে। ইতালির সঙ্গে চলমান বৈধ অভিবাসন কার্যক্রমে সচেতনতা বাড়াতে ইইউকে প্রকল্প নেওয়ার আহ্বান জানানো হয়।

শ্রম আইন নিয়েও আলোচনা

বৈঠকে শ্রম আইন সংস্কারের বিভিন্ন বিষয় উঠে আসে। ট্রেড ইউনিয়ন বা সংগঠন গঠনের স্বাধীনতা, ইপিজেড আইনের সঙ্গে সাধারণ শ্রম আইনের সামঞ্জস্য, শিশুশ্রম নির্মূল এবং নিয়মিত কারখানা পরিদর্শনের ওপর গুরুত্ব দেন ইইউ রাষ্ট্রদূত।

বিদেশফেরত কর্মীদের পুনর্বাসনে বিশ্বব্যাংকের অর্থায়নে পরিচালিত রেইজ প্রকল্পের কার্যক্রমও সচল রয়েছে বলে মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে।

আরও পড়ুন

বাংলাদেশ থেকে ১০ হাজার কৃষক ও মৎস্যজীবী নেবে ওমান

সর্বশেষ প্রবাস ও জাতীয় খবর পেতে দৈনিক বাংলাভিউয়ের X পেজে যুক্ত থাকুন।

দুই দফা বরখাস্ত হয়েছিলেন মালা খান, এবার অডিটে নতুন আপত্তি

বাংলাভিউ প্রতিবেদক প্রকাশিত: বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬, ২:৫৭ এম
দুই দফা বরখাস্ত হয়েছিলেন মালা খান, এবার অডিটে নতুন আপত্তি

বাংলাদেশ রেফারেন্স ইনস্টিটিউট ফর কেমিক্যাল মেজারমেন্টসের (বিআরআইসিএম) প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা মালা খানের নিয়োগ নিয়ে দীর্ঘদিনের আইনি বিরোধের মধ্যেই নতুন করে অডিট আপত্তি উঠেছে। অডিট প্রতিবেদনে বলা হয়েছে, প্রয়োজনীয় যোগ্যতা ও অভিজ্ঞতা ছাড়া নিয়োগের কারণে সরকারের বেতন-ভাতা বাবদ ১ কোটি ৫ লাখ টাকার বেশি আর্থিক ক্ষতি হয়েছে। প্রতিষ্ঠানটির আরও কয়েকটি খাতে অনিয়মসহ মোট ৪ কোটি ৬১ লাখ টাকার আপত্তি তোলা হয়েছে।

ডাক, টেলিযোগাযোগ, বিজ্ঞান, তথ্য ও প্রযুক্তি অডিট অধিদপ্তরের ২০২৪-২৫ অর্থবছরের কমপ্লায়েন্স অডিটে এসব আপত্তি উঠে আসে। ২৮ মার্চ থেকে ২ এপ্রিল পর্যন্ত বিআরআইসিএমের কার্যক্রম পর্যালোচনায় মোট ১৩টি আপত্তি দেওয়া হয়। এর মধ্যে ছয়টি গুরুতর আর্থিক অনিয়ম এবং সাতটি সাধারণ আর্থিক অনিয়ম হিসেবে উল্লেখ করা হয়েছে।

মালা খানের নিয়োগ নিয়ে যে প্রশ্ন

অডিট প্রতিবেদনের তথ্য অনুযায়ী, প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা পদে বিজ্ঞানে ডক্টরেটের পাশাপাশি ডিগ্রি অর্জনের পর ১৪ বছরের গবেষণা অভিজ্ঞতা ও বিশেষ অবদানের শর্ত ছিল। ২০১৫ সালের বাছাই কমিটি প্রয়োজনীয় গবেষণা অভিজ্ঞতার প্রমাণ না পাওয়ায় মালা খানের আবেদন বাতিলের সুপারিশ করেছিল।

পরে তাঁর পিএইচডি ডিগ্রি প্রদানকারী প্রতিষ্ঠানটির অনুমোদন নিয়েও প্রশ্ন ওঠে। ২০১৬ সালে বিসিএসআইআরের ডিপিসি-১ তাঁকে নিয়োগের সুপারিশ করলেও বোর্ড তা নাকচ করে। এরপর ২০১৭ সালে তিনি হাইকোর্টে রিট করেন। হাইকোর্ট তাঁর পক্ষে রায় দিলেও পরে আপিল বিভাগ ওই রায়ের কার্যকারিতা স্থগিত করেন। মামলাটি এখনো চূড়ান্ত নিষ্পত্তি হয়নি বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

দুই দফা বরখাস্তের তথ্য

নিয়োগসংক্রান্ত তদন্তে অনিয়মের অভিযোগের পর ২০২৫ সালের ২৫ মে মালা খানকে সাময়িক বরখাস্ত করা হয়েছিল বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। পরে আদালতের স্থগিতাদেশের কারণে সেই সিদ্ধান্ত কার্যকর থাকা নিয়ে জটিলতা তৈরি হয়।

এর আগে ২০২২ সালে একটি প্রকল্পের অর্থ ব্যবস্থাপনা নিয়ে তদন্তের পরও তাঁকে বরখাস্ত করা হয়েছিল বলে বিআরআইসিএম সূত্রের বরাতে প্রতিবেদনে বলা হয়েছে। ওই আদেশের বিরুদ্ধেও রিট করে স্থগিতাদেশ নেওয়ার তথ্য রয়েছে।

অডিট আপত্তির বিষয়ে বিআরআইসিএমের মহাপরিচালক মো. ইফতেখার আহমেদ চৌধুরী বলেছেন,

আপত্তিগুলোর জবাব তথ্যপ্রমাণ সংগ্রহ করে দিতে হবে এবং পরে অডিট অধিদপ্তর তা যাচাই করবে। মালা খানও তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ সত্য নয় বলে জানিয়েছেন।

অডিট আপত্তির জবাব চাওয়া হয়েছে

অডিট অধিদপ্তর বিআরআইসিএমের কাছে আপত্তিগুলোর জবাব চেয়েছে। ফলে নিয়োগের যোগ্যতা, বেতন-ভাতা প্রদান এবং অন্যান্য আর্থিক অনিয়মের বিষয়ে প্রতিষ্ঠানের নথিপত্র ও ব্যাখ্যা পর্যালোচনার পর পরবর্তী সিদ্ধান্ত আসতে পারে।

আরও পড়ুন

সর্বশেষ অনুসন্ধানী ও জাতীয় খবর পেতে দৈনিক বাংলাভিউয়ের X পেজে যুক্ত থাকুন।