কিয়ারার সঙ্গে ঘনিষ্ঠ দৃশ্য ও বিতর্ক নিয়ে মুখ খুললেন অভিনেতা যশ

‘টক্সিক’ ছবির ঝলক প্রকাশের পর থেকেই কিয়ারা আডবাণী ও যশের রসায়ন নিয়ে নেটপাড়ায় শুরু হয়েছে তুমুল আলোচনা। বিশেষ করে কিয়ারার ঘনিষ্ঠ দৃশ্যগুলো নিয়ে সমালোচনার ঝড় উঠেছে। এই প্রসঙ্গে মুখ খুলেছেন দক্ষিণী তারকা যশ। তিনি স্পষ্ট জানিয়েছেন, ছবিতে যৌন দৃশ্য থাকলেও সেখানে কোনো অশালীনতা নেই। অভিনেতার মতে, অশালীনতা কখনোই সমর্থনযোগ্য নয়। তিনি দাবি করেন, দৃশ্যগুলো ধারণের সময় সবকিছুর একটি নির্দিষ্ট সীমা বজায় রাখা হয়েছে এবং তিনি কোনো চুম্বন দৃশ্যেও অভিনয় করেননি। যৌনতার দৃশ্যগুলো কীভাবে ক্যামেরাবন্দি করা হবে, তা নিয়ে তিনি সচেতন ছিলেন বলেও জানান।

যশ আরও বলেন, বিষয়গুলো নান্দনিকভাবে ফুটিয়ে তোলা হয়েছে এবং ছবিটি মূলত নতুন প্রজন্মের দর্শকদের কথা মাথায় রেখে তৈরি। দর্শকদের উদার মন নিয়ে ছবিটি দেখার আহ্বান জানিয়ে তিনি জানান, প্রেক্ষাগৃহে গেলেই এর আসল স্বাদ পাওয়া সম্ভব। ‘তবাহী’ গানে কিয়ারার সঙ্গে ঘনিষ্ঠ দৃশ্যের কারণে অভিনেত্রীকে নিয়ে যে বিতর্ক তৈরি হয়েছে, তারও জবাব দিয়েছেন যশ। অনেকে প্রশ্ন তুলেছেন, সন্তানের মা হয়ে কীভাবে এমন দৃশ্যে অভিনয় করলেন কিয়ারা। এই বিষয়ে নায়িকার পাশে দাঁড়িয়ে যশ জানান, ঝলকে দর্শক কিয়ারার চরিত্রের খুব সামান্য অংশই দেখেছেন। ছবিতে অভিনেত্রীর কাজ আরও অনেক বেশি নজর কাড়বে এবং তিনি কিয়ারার নিষ্ঠা ও পরিশ্রমের প্রশংসা করেন। সবশেষে যশ বলেন, একজন অভিনেতা হিসেবে নানা সমালোচনার মুখে পড়লেও নিজের বিশ্বাস অনুযায়ী কাজ করে যেতে হবে। হয়তো তারা সময়ের থেকে একটু এগিয়ে আছেন, যা মানুষ শেষ পর্যন্ত প্রশংসাই করবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *