বিশ্বের অন্যতম জনপ্রিয় ইউটিউবার জিমি ডোনাল্ডসন, যিনি অনলাইনে মিস্টার বিস্ট নামে পরিচিত, দীর্ঘদিনের সঙ্গী ও লেখিকা থিয়া বয়সেনের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন। গত ২১ জুলাই নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে বিয়ের বেশ কিছু ছবি পোস্ট করে তিনি ভক্তদের এই আনন্দের খবরটি জানান। ক্যাপশনে তিনি আবেগঘন কণ্ঠে লেখেন, ‘আমি মিসেস বিস্টকে খুঁজে পেয়েছি, এটিই আমার জীবনের সেরা দিন।’
বিশাল বাজেটের জাঁকজমকপূর্ণ ভিডিও নির্মাণের জন্য বিশ্বজুড়ে খ্যাতি থাকলেও, নিজের বিয়ের আয়োজনটি মিস্টার বিস্ট অত্যন্ত ব্যক্তিগত ও ঘরোয়াভাবে সম্পন্ন করেছেন। দুই পরিবারের সদস্য এবং ঘনিষ্ঠ স্বজনদের উপস্থিতিতে নিরিবিলি পরিবেশে বিয়ের আনুষ্ঠানিকতা শেষ হয়। অনুষ্ঠানে কনে থিয়া বয়সেন আইভরি ও নুড রঙের ওপর লেস ও ফুলের নকশা করা একটি গাউন পরেছিলেন। অন্যদিকে, মিস্টার বিস্টকে দেখা গেছে সাদা টাক্সেডো জ্যাকেট, সাদা শার্ট, কালো ট্রাউজার এবং কালো বো-টাই পরিহিত অবস্থায়। এর আগে ২০২৪ সালের ডিসেম্বরে এই যুগল বাগদান সম্পন্ন করেছিলেন।
তাদের প্রেমের গল্পের শুরুটা হয়েছিল দক্ষিণ আফ্রিকায় এক অভিন্ন বন্ধুর মাধ্যমে পরিচয়ের মধ্য দিয়ে। পরবর্তীতে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) থিয়ার লেখা ‘দ্য মার্কড চিলড্রেন’ বই নিয়ে আলোচনার সূত্র ধরে তাদের সম্পর্ক গভীর হয়। সম্পর্কের এক বছর পূর্ণ হওয়ার পর জিমি তাকে বিয়ের প্রস্তাব দেন। তবে থিয়া এডিনবরা বিশ্ববিদ্যালয় থেকে হিউম্যান কগনিটিভ নিউরোসাইকোলজি বিষয়ে স্নাতকোত্তর সম্পন্ন না করা পর্যন্ত তারা বিয়ের তারিখ পিছিয়ে দিয়েছিলেন।
বিয়ের আগে এক সাক্ষাৎকারে থিয়া বয়সেন জানিয়েছিলেন, মানসিকভাবে তারা অনেক আগেই একে অপরের পরিপূরক হয়ে উঠেছিলেন। তিনি বলেছিলেন, ‘আমাদের ভবিষ্যৎ, সন্তান এবং ৭০ বছর বয়সেও একসঙ্গে থাকার স্বপ্ন নিয়ে আমরা নিয়মিত কথা বলি। এই বিয়ে আমাদের সম্পর্কের আরেকটি সুন্দর ধাপ।’ মিস্টার বিস্টও জানিয়েছিলেন, তিনি চেয়েছিলেন বিয়ের প্রস্তাব দেওয়ার মুহূর্তটি যেন একান্ত ব্যক্তিগত ও ঘনিষ্ঠ থাকে।
মঙ্গলবার (২১ জুলাই) সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে বিয়ের একাধিক ছবি প্রকাশ করে ভক্তদের সঙ্গে সুখবরটি ভাগ করে নেন তিনি।