বিদেশে কর্মসংস্থান বাড়াতে ভাষা প্রশিক্ষণ কেন্দ্র খোলার নির্দেশ প্রধানমন্ত্রীর

বিদেশে কর্মসংস্থানের সুযোগ বাড়াতে এবং দক্ষ জনশক্তি গড়ে তোলার লক্ষ্যে দেশে ভাষা প্রশিক্ষণ কেন্দ্র খোলার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (৫ মার্চ ২০২৬) সচিবালয়ে বৈদেশিক কর্মসংস্থান বৃদ্ধি ও প্রবাসী কল্যাণ বিষয়ক কমিটির এক বৈঠকে তিনি এই নির্দেশনা দেন। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বিষয়টি নিশ্চিত করেছেন।

বৈঠকে প্রধানমন্ত্রী বেকার যুবক-যুবতীদের বিদেশে কর্মসংস্থানের উপযোগী করে গড়ে তুলতে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে নির্দেশ দেন। তিনি দেশি ও বিদেশি শিক্ষকদের সমন্বয়ে ভাষা শিক্ষা কেন্দ্রগুলো পরিচালনার পরামর্শ দেন, যাতে বিদেশগামীরা সংশ্লিষ্ট দেশের ভাষা শিখে চাকরির বাজারে এগিয়ে থাকতে পারে। সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত এই বৈঠকে কর্মসংস্থান সৃষ্টির বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

বৈঠকে শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ মন্ত্রী আরিফুল হক চৌধুরী, প্রতিমন্ত্রী নুরুল হক নূর, প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমীন, মুখ্য সচিব এবিএম আবদুস সাত্তারসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিব ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সভায় বিদেশে যাওয়ার ক্ষেত্রে আর্থিক সংকট দূর করতে স্বল্প সুদে ব্যাংক ঋণ প্রদান এবং ঋণ পাওয়ার প্রক্রিয়া সহজীকরণের ওপর গুরুত্বারোপ করেন প্রধানমন্ত্রী। তিনি স্পষ্ট করেন যে, কর্মসংস্থানের জন্য কাউকে যেন সহায়-সম্পত্তি বিক্রি করতে না হয়, সে বিষয়ে মন্ত্রণালয়কে ব্যবস্থা নিতে হবে।

এ ছাড়া, উন্নত বিশ্বের বিমানবন্দরগুলোর আদলে দেশের প্রধান তিনটি আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্রি ওয়াইফাই সুবিধা চালুর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। এর আওতায় ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর এবং সিলেটের এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনালে এই সুবিধা নিশ্চিত করতে বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রীকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *