ক্রীড়া ফেডারেশনকে স্বাবলম্বী করতে ১,২৪৪ কোটি টাকার সিড মানি

দেশের ক্রীড়া ফেডারেশন ও অ্যাসোসিয়েশনগুলোকে আর্থিকভাবে স্বাবলম্বী করে গড়ে তুলতে ১ হাজার ২৪৪ কোটি টাকার প্রাথমিক তহবিল বা সিড মানি বরাদ্দের উদ্যোগ নিয়েছে সরকার। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক জানিয়েছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান এই তহবিল বরাদ্দের বিষয়ে নীতিগতভাবে সম্মতি দিয়েছেন।

রোববার জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) মিলনায়তনে ১৪টি জাতীয় ক্রীড়া ফেডারেশন ও অ্যাসোসিয়েশনের নবগঠিত অ্যাডহক কমিটির শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ ঘোষণা দেন।

তহবিল ব্যবস্থাপনার বিষয়ে প্রতিমন্ত্রী জানান, সিড মানি থেকে অর্জিত লভ্যাংশের ৭৫ শতাংশ সংশ্লিষ্ট ফেডারেশন ও অ্যাসোসিয়েশনগুলোর নিয়মিত ক্রীড়া কার্যক্রম পরিচালনা ও অফিস রক্ষণাবেক্ষণে ব্যয় করা হবে। বাকি ২৫ শতাংশ অর্থ পুনরায় মূল তহবিলে যুক্ত করা হবে। এর মাধ্যমে দীর্ঘমেয়াদে ক্রীড়া সংস্থাগুলোকে আর্থিকভাবে স্বাবলম্বী করে গড়ে তোলার লক্ষ্য রয়েছে।

ক্রীড়াঙ্গনে শৃঙ্খলা ফেরাতে কঠোর অবস্থানের কথাও পুনর্ব্যক্ত করেন আমিনুল হক। তিনি বলেন, অনিয়ম ও দুর্নীতির সঙ্গে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না। প্রমাণসহ কেউ দোষী সাব্যস্ত হলে সাংগঠনিক ব্যবস্থার পাশাপাশি দেশের প্রচলিত আইন অনুযায়ী আইনি পদক্ষেপ নেওয়া হবে।

নারী ক্রীড়াবিদদের জন্য নিরাপদ ও সুশৃঙ্খল পরিবেশ নিশ্চিত করার ওপরও গুরুত্বারোপ করেন তিনি।

অ্যাডহক কমিটিগুলোর দায়িত্ব ও নির্বাচন প্রসঙ্গে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জানান, প্রতিটি কমিটিকে তিন মাসের মধ্যে নিজ নিজ সংস্থার নির্বাচন সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে। তবে জেলা ক্রীড়া সংস্থার নির্বাচন প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত এসব অ্যাডহক কমিটি কার্যক্রম চালিয়ে যাবে।

এদিকে ধারাবাহিক মতবিনিময়ের অংশ হিসেবে আগামীকাল সোমবার আরও ১৩টি ক্রীড়া সংস্থার শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *