ব্যাটারিচালিত অটোরিকশাগুলোকে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের নিবন্ধনের আওতায় নিয়ে আসার উদ্যোগ নিয়েছে সরকার। এখন থেকে এসব রিকশার ব্যাটারি চার্জ করার ক্ষেত্রে সৌরবিদ্যুৎ ব্যবহার বাধ্যতামূলক করা হচ্ছে। সৌরবিদ্যুতের বাইরে অন্য কোনো উপায়ে ব্যাটারি চার্জ করলে সংশ্লিষ্ট রিকশার নিবন্ধন দেওয়া হবে না এবং পরবর্তীতে নিবন্ধন নবায়নও করা হবে না বলে জানানো হয়েছে।
সোমবার গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এ তথ্য জানান। তিনি বলেন, ব্যাটারিচালিত ই-রিকশাগুলোকে সিটি করপোরেশন ও পৌরসভার নিবন্ধনের আওতায় আনার প্রক্রিয়া চলছে। এই নিবন্ধনের ক্ষেত্রে বেশ কিছু শর্ত জুড়ে দেওয়া হবে, যার মধ্যে সৌরবিদ্যুতের ব্যবহার অন্যতম প্রধান শর্ত হিসেবে থাকবে।
প্রতিমন্ত্রী আরও জানান, ব্যাটারিচালিত রিকশার বিষয়ে ইতিমধ্যে আইন পাস হয়েছে এবং বর্তমানে বিধিমালা তৈরির কাজ চলছে। এ লক্ষ্যে একটি সভাও অনুষ্ঠিত হয়েছে। নতুন এই বিধিমালায় নিবন্ধনের ফি, নবায়ন ফি এবং জরিমানার বিধানও যুক্ত করা হবে। অবৈধভাবে বিদ্যুৎ ব্যবহারের মাধ্যমে পরিস্থিতি জটিল করা রোধ করতেই সরকার এমন কঠোর পদক্ষেপ গ্রহণ করছে বলে তিনি উল্লেখ করেন।