গাজীপুরের শ্রীপুরে হানিট্র্যাপ চক্রের চার সদস্য আটক, এলাকাবাসীর হাতে ধরা

গাজীপুরের শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নের টেপিরবাড়ি এলাকায় একটি সংঘবদ্ধ হানিট্র্যাপ চক্রের চার সদস্যকে আটক করেছে স্থানীয় বাসিন্দারা। মঙ্গলবার (১৮ আগস্ট) আকন্দর টেক্সটাইল মিলস সংলগ্ন খোকন মিয়ার বাড়িতে এই ঘটনা ঘটে। আটককৃতদের মধ্যে বাড়িওয়ালা খোকন মিয়ার স্ত্রী, দুই তরুণী এবং তাদের এক সহযোগী রয়েছেন। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে ওই বাড়িতে ভাড়া নিয়ে চক্রটি নানা অনৈতিক ও অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে আসছিল।

অভিযোগ অনুযায়ী, চক্রটির দুই তরুণী বিভিন্ন এলাকার পুরুষদের প্রেমের ফাঁদে ফেলে কৌশলে ওই বাড়িতে ডেকে আনতেন। এরপর সেখানে ভুক্তভোগীদের আটকে রেখে আপত্তিকর ছবি ও ভিডিও ধারণ করা হতো। পরবর্তীতে সেই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে মোটা অঙ্কের অর্থ আদায় করা হতো। বাড়িওয়ালা খোকন মিয়া ও তার স্ত্রী এই অপরাধমূলক কর্মকাণ্ডে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সহায়তা করতেন বলে স্থানীয়রা জানিয়েছেন।

ভুক্তভোগীদের ভাষ্যমতে, কয়েক দিন আগে মাওনা চৌরাস্তার এক মোবাইল ব্যবসায়ীকে একই কৌশলে ওই বাড়িতে ডেকে নেওয়া হয়। সেখানে তাকে আটকে রেখে মারধর করা হয় এবং জোরপূর্বক ভিডিও ধারণের পর দেড় লাখ টাকা মুক্তিপণ আদায় করা হয়। এই ঘটনার খবর এলাকায় ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। এরপর ভুক্তভোগী ও এলাকাবাসী মিলে খোকন মিয়ার বাড়িটি ঘেরাও করে চক্রের চার সদস্যকে আটক করেন।

আটকের পর স্থানীয়দের কেউ কেউ তাদের মারধর করেন এবং পরে তাদের একটি ঘরে আটকে রেখে পুলিশকে খবর দেওয়া হয়। সংবাদ পেয়ে শ্রীপুর থানার উপপরিদর্শক (এসআই) মাজহারুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশ আটক চারজনকে হেফাজতে নিয়ে থানায় নিয়ে আসে। তবে তাৎক্ষণিকভাবে তাদের সবার পূর্ণাঙ্গ নাম-পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

শ্রীপুর থানার এসআই মাজহারুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে চারজনকে উদ্ধার করে থানায় নিয়ে এসেছে। ভুক্তভোগীদের অভিযোগ এবং প্রাথমিক তদন্তের ভিত্তিতে অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। পুলিশ আরও জানিয়েছে, অভিযোগগুলোর সত্যতা যাচাই করা হচ্ছে এবং ঘটনার সঙ্গে জড়িত অন্যান্যদের খুঁজে বের করতে তদন্ত অব্যাহত রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *