তারেক রহমানের ভারত সফর বাংলাদেশ-ভারত সম্পর্কের নতুন অধ্যায় তৈরি করতে পারে বলে আশাবাদ ব্যক্ত করেছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। তিনি জানিয়েছেন, সফরে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে সর্বোচ্চ মর্যাদা ও স্মরণীয় অভ্যর্থনা জানানো হবে।
তারেক রহমানের ভারত সফর নিয়ে যা বললেন দীনেশ ত্রিবেদী
বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান ভারত সফরে গেলে তাকে সর্বোচ্চ মর্যাদা ও স্মরণীয় অভ্যর্থনা জানানো হবে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। মঙ্গলবার রাতে রাজধানীর ওয়েস্টিন হোটেলে বাংলাদেশ ও ভারতের ব্যবসায়ী নেতাদের সম্মানে আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। ভারতীয় হাইকমিশন আয়োজিত এই অনুষ্ঠানে কনফেডারেশন অব ইন্ডিয়ান ইন্ডাস্ট্রির (সিআইআই) উচ্চপর্যায়ের প্রতিনিধিদল, সিআইআইয়ের মহাপরিচালক চন্দ্রজিৎ ব্যানার্জি এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম উপস্থিত ছিলেন।
বাংলাদেশ-ভারত সম্পর্কে নতুন সম্ভাবনার কথা
হাইকমিশনার ত্রিবেদী জানান, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তাকে নিশ্চিত করেছেন যে, তারেক রহমানের সফরটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখা হবে এবং তাকে যথাযথ সম্মান প্রদান করা হবে। ত্রিবেদীর মতে, দুই দেশের প্রধানমন্ত্রী বৈঠকে বসলে বিদ্যমান সমস্যাগুলো সমাধান করা সম্ভব। তিনি পারস্পরিক ও নিঃশর্ত আস্থার ওপর ভিত্তি করে সম্পর্ক এগিয়ে নেওয়ার আহ্বান জানান। তার ভাষ্যমতে, এই সফর দুই দেশের সম্পর্কের ইতিহাসে একটি ‘সোনালি অধ্যায়’ হিসেবে চিহ্নিত হবে, যার সুফল সাধারণ মানুষ ভোগ করবে।
আরোও পড়ুনঃ
ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে ঘুরে দাঁড়ানোর এখনই সময়: প্রধানমন্ত্রী
অপ্রয়োজনীয় খাতে ব্যয় কমানোর চেষ্টা করছে সরকার
বগুড়ায় নারীদের জন্য বিশেষ বিআরটিসি বাস সার্ভিসের যাত্রা
অতীতের মতপার্থক্য ভুলে সামনে এগিয়ে যাওয়ার ওপর গুরুত্বারোপ করে ভারতীয় হাইকমিশনার বলেন, অতীতকে সঙ্গে রেখেই নতুন করে পথচলা শুরু করতে হবে। ভারত ও বাংলাদেশের সম্পর্কের ক্ষেত্রে বর্তমানে নতুন এক সম্ভাবনার দুয়ার খুলেছে বলে তিনি মনে করেন। এদিকে, দিল্লির পক্ষ থেকেও ইতিবাচক বার্তা পাওয়া গেছে। মঙ্গলবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল নিয়মিত ব্রিফিংয়ে জানিয়েছেন, ভারত পারস্পরিক স্বার্থের ভিত্তিতে বাংলাদেশের সঙ্গে একটি গঠনমূলক ও ভবিষ্যতমুখী সম্পর্ক বজায় রাখতে প্রতিশ্রুতিবদ্ধ।