ভারত, জাপানসহ বিভিন্ন দেশে সফরের বিষয়ে সরকার ইতিবাচক অবস্থানে রয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। তবে এসব সফরের তারিখ এখনো চূড়ান্ত হয়নি। প্রধানমন্ত্রীর সময়সূচি এবং সংশ্লিষ্ট দেশগুলোর সঙ্গে আলোচনার অগ্রগতির ওপর সফরের বিষয়টি নির্ভর করবে বলে জানান তিনি।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।
- ভারত-জাপান সফর নিয়ে যা বললেন প্রতিমন্ত্রী
ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রী তারেক রহমান অংশ নেবেন কি না, এমন প্রশ্নের জবাবে শামা ওবায়েদ বলেন, সম্মেলন এখনো কিছুটা সময় দূরে। এর মধ্যে দেশের অভ্যন্তরীণ বিভিন্ন কর্মসূচি ও সাংবিধানিক কার্যক্রম রয়েছে।
তিনি জানান, রাষ্ট্রপতি নির্বাচন ও পার্লামেন্টের অধিবেশনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজ সামনে থাকায় সরকার ব্যস্ত সময় পার করছে। এর মধ্যেই সময় ও পরিস্থিতি অনুকূলে থাকলে ভারত, জাপানসহ বিভিন্ন দেশে সফর হতে পারে।
তবে এখন পর্যন্ত কোনো সফর চূড়ান্ত হয়নি বলে স্পষ্ট করেন তিনি। সংশ্লিষ্ট দেশগুলোর সঙ্গে আলোচনা করেই সফরের সময়সূচি নির্ধারণ করা হবে বলে জানান প্রতিমন্ত্রী।
- বাংলাদেশ-ভারত সম্পর্ক নিয়েও আলোচনা
বাংলাদেশ-ভারত সম্পর্ক প্রসঙ্গে শামা ওবায়েদ বলেন, দুই দেশের শীর্ষ পর্যায়ে আলোচনা হলে অনেক দ্বিপক্ষীয় সমস্যার সমাধানের সুযোগ তৈরি হয়। তাই দুই দেশের নেতৃত্বের মধ্যে আলোচনার সুযোগকে কাজে লাগানোর ওপর গুরুত্ব দেন তিনি।
ভারতের মাটিতে বাংলাদেশের একজন সাজাপ্রাপ্ত আসামির বক্তব্য নিয়েও বাংলাদেশের মানুষের প্রতিক্রিয়ার কথা উল্লেখ করেন প্রতিমন্ত্রী। একই সঙ্গে দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতির সংবেদনশীলতার বিষয়টিও তুলে ধরেন তিনি।
তার মতে, দুই দেশের প্রধানমন্ত্রী বৈঠকে বসলে বিভিন্ন সমস্যা সমাধানের পথ তৈরি হতে পারে। ভারতও বিষয়টি বিবেচনায় রাখবে বলে আশা প্রকাশ করেন তিনি।
- চট্টগ্রাম বন্দরে বে-টার্মিনালে সিঙ্গাপুরের প্রস্তাব
এদিকে চট্টগ্রাম বন্দরে একটি বে-টার্মিনাল নির্মাণে সিঙ্গাপুর সরকারের প্রস্তাবের কথাও জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। সিঙ্গাপুর সফর শেষে ঢাকায় ফিরে তিনি জানান, এ বিষয়ে প্রাথমিক পর্যায়ে আলোচনা হয়েছে।
শামা ওবায়েদ বলেন, সিঙ্গাপুরে দক্ষ বাংলাদেশি জনশক্তি রপ্তানি বাড়ানো, বাণিজ্য ঘাটতি কমানো এবং বড় প্রকল্পে বিনিয়োগের বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে।
তিনি জানান, বে-টার্মিনালসহ বিভিন্ন অর্থনৈতিক সহযোগিতার বিষয়গুলো নিয়ে দুই দেশের মধ্যে আলোচনা এগিয়ে নেওয়ার সুযোগ রয়েছে।